রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাকশিল্পের অগ্রগতি ও শ্রমিকের মজুরি বৈষম্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
পোশাকশিল্পের অগ্রগতি ও শ্রমিকের মজুরি বৈষম্য

গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প। দেশের রপ্তানি আয়, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে এ শিল্পের অবদান অপরিসীম। অথচ যে শ্রমিকের নিরলস পরিশ্রমে অর্থনীতির চাকা সচল থাকে, তাঁর নিজের জীবনই আজ নানা অর্থনৈতিক সংকটে জর্জরিত। বিদেশের বাজারের জন্য পোশাক তৈরি করেও একজন শ্রমিক যদি নিজের পরিবারের খাবার, বাসস্থান, চিকিৎসা ও সন্তানের শিক্ষার ব্যয় মেটাতে হিমশিম খান, তাহলে সেই উন্নয়ন কতটা অর্থবহ?

২০২৩ সালের নভেম্বরে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি নির্ধারণ করা হয় ১২ হাজার ৫০০ টাকা, যা ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। এরপর খাদ্যপণ্য, বাড়িভাড়া, পরিবহন, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বেড়েছে। ফলে মজুরির অঙ্ক অপরিবর্তিত থাকলেও শ্রমিকের প্রকৃত ক্রয়ক্ষমতা কমেছে। ঢাকা, গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জের মতো শিল্পাঞ্চলে এই আয় দিয়ে অনেক শ্রমিককে পুরো পরিবারের ব্যয় বহন করতে হয়। বাড়িভাড়া ও খাবারের খরচ মেটানোর পর সন্তানের পড়াশোনা, চিকিৎসা কিংবা ভবিষ্যতের জন্য সঞ্চয়ের সুযোগ তাঁদের খুবই সীমিত।

শ্রমিকের ন্যায্য মজুরি কোনো দয়া নয়, এটি তাঁর অধিকার। শ্রমিকের শ্রম ও দক্ষতায় উৎপাদন বাড়ে, ব্যবসা সম্প্রসারিত হয় এবং দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে। অথচ সেই শ্রমিকের জীবনযাত্রার ন্যূনতম নিশ্চয়তা থাকবে না, তা গ্রহণযোগ্য হতে পারে না। একজন শ্রমিকের আয় এমন হওয়া প্রয়োজন, যাতে তিনি পুষ্টিকর খাবার, নিরাপদ বাসস্থান, চিকিৎসা, সন্তানের শিক্ষা ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণ করতে পারেন। শ্রমিককে শুধু উৎপাদনের উপকরণ হিসেবে দেখার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। তাঁরও পরিবার, স্বপ্ন ও সম্মানজনক জীবনযাপনের অধিকার রয়েছে।

অনেকে মনে করেন, মজুরি বাড়লে উৎপাদন ব্যয় বাড়বে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা কমবে। কিন্তু শ্রমিকের ন্যায্য মজুরি ও শিল্পের উন্নয়নকে পরস্পরের প্রতিপক্ষ হিসেবে দেখার সুযোগ নেই। পর্যাপ্ত খাবার, বিশ্রাম ও মানসিক স্বস্তি শ্রমিকের কর্মক্ষমতা ও উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করে। বিপরীতে, দীর্ঘদিন মজুরি ও জীবনযাত্রার ব্যয়ের মধ্যে অসামঞ্জস্য থাকলে শ্রমিকের অসন্তোষ বাড়ে, যা শিল্পের স্থিতিশীলতার জন্যও ঝুঁকিপূর্ণ। তাই কম মজুরির ওপর নির্ভর না করে উৎপাদন প্রযুক্তির আধুনিকায়ন, শ্রমিকের দক্ষতা বৃদ্ধি, অপচয় কমানো এবং আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে ন্যায্য মূল্য আদায়ের সক্ষমতা বাড়াতে হবে।

বর্তমানে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড ও ক্রেতারা পণ্যের মানের পাশাপাশি শ্রমিকের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও নৈতিক উৎপাদনকেও গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের শ্রমিকদের শ্রমে তৈরি পণ্য থেকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ব্যবসায়িক সুবিধা পাবে, অথচ সেই শ্রমিকের জীবনধারণের উপযুক্ত মজুরি নিশ্চিত হবে না—এ বৈষম্য দীর্ঘমেয়াদে গ্রহণযোগ্য নয়। শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে কারখানাগুলোকে উপযুক্ত ক্রয়মূল্য দেওয়ার দায়িত্ব আন্তর্জাতিক ক্রেতাদেরও রয়েছে।

শ্রমিকের মজুরি বৃদ্ধি শুধু একটি শ্রেণির আয় বাড়ানোর বিষয় নয়; এটি দেশের অভ্যন্তরীণ অর্থনীতির সঙ্গেও সম্পর্কিত। শ্রমিকের হাতে অর্থ বাড়লে খাদ্য, পোশাক, চিকিৎসা, বাসস্থানসহ প্রয়োজনীয় খাতে ব্যয় বাড়বে। এতে স্থানীয় বাজারে চাহিদা তৈরি হবে এবং ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির মানুষ উপকৃত হবেন। অর্থাৎ শ্রমিকের ক্রয়ক্ষমতা বাড়ানো সামগ্রিক অর্থনীতিকে গতিশীল করতেও ভূমিকা রাখতে পারে।

এ প্রেক্ষাপটে ২০২৬ সালের ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠনের বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করছে। শ্রমিকদের প্রত্যাশা, বোর্ড বাস্তব জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে একটি ন্যায়সংগত মজুরি কাঠামো প্রস্তাব করবে। মজুরি নির্ধারণে শুধু উৎপাদন ব্যয় বা শিল্পের মুনাফা নয়, খাদ্য, বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা, পরিবহন, মূল্যস্ফীতি ও পরিবারের মৌলিক চাহিদাকেও গুরুত্ব দিতে হবে। শ্রমিকদের প্রকৃত প্রতিনিধিদের মতামত গ্রহণ এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করাও জরুরি।

শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে ৩০ হাজার টাকা বা তার বেশি ন্যূনতম মজুরির দাবিও উঠেছে। বাস্তব জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক সক্ষমতার আলোকে এ দাবি গুরুত্বসহকারে বিবেচনা করা প্রয়োজন। মজুরি এমন পর্যায়ে নির্ধারণ করতে হবে, যাতে শ্রমিকেরা সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারেন। পাশাপাশি মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত মজুরি পুনর্বিবেচনার ব্যবস্থাও থাকা দরকার।

সরকারের উচিত নতুন মজুরি কাঠামো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং শ্রমিকদের বেতন ও অন্যান্য পাওনা যথাসময়ে পরিশোধ নিশ্চিত করা। শিল্পাঞ্চলে সাশ্রয়ী বাসস্থান, স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য, সহজলভ্য চিকিৎসা এবং সন্তানদের শিক্ষার সুযোগ বাড়াতেও উদ্যোগ প্রয়োজন। মালিকপক্ষকে শ্রমিকের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শ্রমিক সংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে শ্রমিকের অধিকার ও শিল্পের স্থিতিশীলতা পাশাপাশি বজায় থাকে।

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের সাফল্য শুধু রপ্তানি আয় কিংবা বৈদেশিক মুদ্রার পরিমাণ দিয়ে বিচার করলে চলবে না। এই সাফল্যের প্রকৃত মূল্যায়ন করতে হবে শ্রমিকের জীবনমান, পরিবারের নিরাপত্তা, সন্তানের শিক্ষা ও চিকিৎসার সুযোগ নিশ্চিত হয়েছে কি না, তা দিয়ে। যে শ্রমিকের শ্রমে দেশের অর্থনীতি এগিয়ে যায়, তাঁর নিজের জীবন যদি অনিশ্চয়তায় আটকে থাকে, তাহলে সেই উন্নয়ন কখনোই পূর্ণাঙ্গ হতে পারে না।

লেখক: গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, সমাজকর্মী ও উদ্যোক্তা।

Ads small one

বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যশোরে ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ
বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যশোরে ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ

যশোর সংবাদদাতা: বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যশোরে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। রোববার দুপুরে সংগঠনের জেলা কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।

সংগঠনের যশোর জেলা কমিটির সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক কৃষ্ণালাল সরকার, সহসাধারণ সম্পাদক কামরুজ্জামান রাজেশ, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল পারভেজ বুলু ও যুগ্ম সম্পাদক আইয়ুব হোসেন।

বক্তারা বলেন, ইউরোপ, আমেরিকা, এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিকেরা মজুরি বৃদ্ধি, চাকরির নিশ্চয়তা, আবাসন সংকট নিরসন, শিক্ষা ব্যয় কমানো ও জীবনযাত্রার ব্যয় হ্রাসের দাবিতে আন্দোলন করছেন। যুদ্ধ প্রস্তুতি ও সামরিক ব্যয় বৃদ্ধির বিরুদ্ধেও বিভিন্ন দেশে প্রতিবাদ চলছে।

বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে তাঁরা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে দেশ-বিদেশের শ্রমিক আন্দোলনের মধ্যে ঐক্য ও সংহতি গড়ে তুলতে হবে। একই সঙ্গে শ্রমিক-কৃষকের অধিকার প্রতিষ্ঠায় সংগঠিত আন্দোলন জোরদারের আহ্বান জানান তাঁরা।

সম্পাদকীয়/দুবলার চরে রাস উৎসব: ভক্তি ও নিরাপত্তার মেলবন্ধন জরুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
সম্পাদকীয়/দুবলার চরে রাস উৎসব: ভক্তি ও নিরাপত্তার মেলবন্ধন জরুরি

বৈরী আবহাওয়া অব্যাহত থাকলেও ঐতিহ্যবাহী রাস উৎসব ও পূর্ণিমার পুণ্যস্নানকে ঘিরে সুন্দরবনের দুবলার চরে যাত্রা শুরু করেছেন সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা। শতাব্দীপ্রাচীন এই উৎসব কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং এটি উপকূলীয় সংস্কৃতি ও মানুষের অদম্য ভক্তির এক অনন্য নিদর্শন। তবে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কার মধ্যে এই বিশাল জনসমাগম নির্বিঘœ করতে সর্বোচ্চ সতর্কতা ও শৃঙ্খলার কোনো বিকল্প নেই।

প্রতিবছরের মতো এবারও ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই উৎসব ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী দুবলার চরের আলোরকোলে সমবেত হচ্ছেন। পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগ বেশ কিছু সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। পাঁচটি নির্দিষ্ট নৌপথ নির্ধারণ, রাতে নৌযান চলাচল নিষিদ্ধ করা, প্রতিটি নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট বা বয়া বাধ্যতামূলক করা এবং বন বিভাগ, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের সমন্বয়ে যৌথ টহল ব্যবস্থা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

তবে কেবল প্রশাসনিক প্রস্তুতিই যথেষ্ট নয়, বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে পুণ্যার্থী এবং নৌযান চালকদেরও সমানভাবে দায়িত্বশীল হতে হবে। অতিরিক্ত যাত্রী বোঝাই না করা, আবহাওয়ার পূর্বাভাস মেনে চলা এবং কেবল দিনের ভাটায় নির্ধারিত নৌপথ ব্যবহার করার নির্দেশনাগুলো কঠোরভাবে পালন করতে হবে। সামান্য অসাবধানতা বা অতি-উৎসাহ যেন কোনো বড় দুর্ঘটনার কারণ না হয়, সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন।

পাশাপাশি, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের নাজুক প্রতিবেশব্যবস্থা রক্ষার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২১ সাল থেকে দুবলার চরে বাণিজ্যিক মেলা বন্ধ রাখা এবং সাধারণ পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত সুন্দরবনের বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখছে। এবারও বনের ভেতর একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, মাইক, আতশবাজি ও শিকারের সরঞ্জাম নিষিদ্ধ করা হয়েছে। পুণ্যার্থীদের উচিত ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে এই পরিবেশবান্ধব নীতিমালাগুলো অক্ষরে অক্ষরে মেনে চলা, যাতে উৎসবের আনন্দে প্রকৃতির কোনো ক্ষতি না হয়।

আমরা আশা করি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং পুণ্যার্থীদের সচেতনতা ও সহযোগিতায় বৈরী আবহাওয়ার প্রতিকূলতা কাটিয়ে এবারের রাস উৎসব ও পুণ্যস্নান নিরাপদ, শান্তিপূর্ণ ও পরিবেশবান্ধবভাবে সম্পন্ন হবে।

ডুমুরিয়ায় ইজিবাইক চালককে অজ্ঞান করে গাড়ি ছিনতাই

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
ডুমুরিয়ায় ইজিবাইক চালককে অজ্ঞান করে গাড়ি ছিনতাই

পাটকেলঘাটা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় ইজিবাইক চালক তৌহিদুল ইসলামকে অজ্ঞান করে তাঁর ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ডুমুরিয়া বাজারে এ ঘটনা ঘটে।

তৌহিদুল ইসলাম সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের বাসিন্দা। ভাড়ায় যাত্রী নিয়ে ডুমুরিয়া বাজারে পৌঁছানোর পর ছিনতাইকারীরা তাঁকে অজ্ঞান করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।

এনজিও থেকে ঋণ নিয়ে ইজিবাইকটি কিনেছিলেন তৌহিদুল। এখনো ছয় মাসের কিস্তি বকেয়া রয়েছে। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন।