সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, মন্ত্রিসভায় অনুমোদন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, মন্ত্রিসভায় অনুমোদন

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটিসহ (শুক্র ও শনিবার) সরকারি ছুটি থাকবে ২২ দিন। একই বৈঠকে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন ও সরকারি ক্রয়সংক্রান্ত আইনের সংশোধনী খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৬তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে সিদ্ধান্তগুলো তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০২৭ সালের সরকারি ছুটির অনুমোদিত তালিকায় জাতীয় দিবস ও বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটি রাখা হয়েছে। এর মধ্যে চার দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে। অর্থাৎ দুটি শুক্রবার ও দুটি শনিবার সাধারণ ছুটির মধ্যে পড়েছে।

এ ছাড়া বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে নির্বাহী আদেশে আরও ১৪ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটি রয়েছে। অর্থাৎ একটি শুক্রবার ও দুটি শনিবার নির্বাহী আদেশের ছুটির সঙ্গে মিলে গেছে।

সব মিলিয়ে আগামী বছর ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকলেও সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়া সাত দিন বাদ দিলে কার্যকর সরকারি ছুটি দাঁড়াবে ২২ দিনে।

অনুমোদিত তালিকা অনুযায়ী, বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে প্রজাতন্ত্রের কর্মচারীরা বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও দেশের অন্যান্য এলাকায় কর্মরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি কর্মচারীরা প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ উৎসব উদযাপনের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি পাবেন।

সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া অনুমোদন

একই বৈঠকে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে এর আগে ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছিল।

সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী, জারি করা অধ্যাদেশ জাতীয় সংসদের মাধ্যমে আইনে পরিণত করার বাধ্যবাধকতা রয়েছে। সেই লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের উদ্যোগে প্রণীত খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়াটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

সরকারি ক্রয় আইনের সংশোধনীও অনুমোদন

বৈঠকে ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। সরকারি ক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি, সম-আচরণ ও অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করতে এ সংশোধন আনা হচ্ছে। সংশোধনীতে দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণ, নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তা, নারী এবং সুযোগবঞ্চিত দরপত্রদাতাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া উন্মুক্ত দরপত্র পদ্ধতির আধুনিকায়ন, সীমিত দরপত্র পদ্ধতির অধিকতর প্রয়োগ, পেশাগত অসদাচরণসংক্রান্ত বিধান স্পষ্ট করা এবং রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয় ব্যবস্থার সংস্থান রাখার বিষয়ও রয়েছে।

ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকারি ক্রয়সংক্রান্ত মূল আইনটি এর আগে ছয় দফায় সংশোধন করা হয়েছে। সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়। সেই অধ্যাদেশকে আইনে রূপান্তরের লক্ষ্যে নতুন খসড়া তৈরি করা হয়েছে।

জনমত যাচাইয়ের জন্য খসড়াটি বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) ও বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে মন্ত্রিসভা খসড়াটির চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

 

Ads small one

পাটকেলঘাটায় বাস-ইজিবাইক সংঘর্ষে ১০ জন আহত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
পাটকেলঘাটায় বাস-ইজিবাইক সংঘর্ষে ১০ জন আহত

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে মজুমদার পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সাতক্ষীরাগামী ইজিবাইকের সংঘর্ষ হলে ইজিবাইকের যাত্রীসহ ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে প্রায় এক ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।

 

সাতক্ষীরায় প্রবাসীর বাড়ি থেকে ভুয়া এসআই পরিচয়ধারী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
সাতক্ষীরায় প্রবাসীর বাড়ি থেকে ভুয়া এসআই পরিচয়ধারী আটক

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর বাড়ি থেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দেওয়া কবির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাতে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। সোমবার (২৩ নভেম্বর) তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

আটক কবির হোসেন তালা উপজেলার মদনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজারবাগান এলাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী এক ব্যক্তির বাড়িতে অবস্থান করছিলেন কবির। এ সময় তার পরিচয় নিয়ে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তবে তিনি কী উদ্দেশ্যে পুলিশের এসআই পরিচয় ব্যবহার করছিলেন, তা জানা যায়নি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সরকারি কলেজের পাশ থেকে কবির হোসেন নামে একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মিথ্যা পরিচয় ব্যবহার ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

খোলপেটুয়া নদীতে ডুবে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
খোলপেটুয়া নদীতে ডুবে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় খোলপেটুয়া নদীতে ডুবে সাগর হোসেন (১১) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নাপিতখালী এলাকায় নদী থেকে স্থানীয় জেলে ও বাসিন্দারা তার মরদেহ উদ্ধার করেন।

সাগর গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের কবিরুল হাওলাদারের বড় ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে সাগর তিন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের খোলপেটুয়া নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে বন্ধুদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পানিতে তলিয়ে যায় সে। তার বন্ধুরা চিৎকার করলে স্থানীয় জেলে ও বাসিন্দারা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে জাল ফেলে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, সাগরের আগে থেকেই খিঁচুনিজনিত শারীরিক সমস্যা ছিল। পানির সংস্পর্শে এলে তার এ সমস্যা দেখা দিত বলে পরিবারের দাবি।

ঘটনার সময় সাগরের বাবা-মা তাদের আরেক অসুস্থ সন্তানকে নিয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন। এক সন্তানের অসুস্থতার মধ্যে আরেক সন্তানের মৃত্যুতে পরিবারটি শোকাহত হয়ে পড়েছে।

স্থানীয় ইউপি সদস্য মশিউর রহমান ইয়াসিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়ে পুলিশ খোঁজ নিয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।