কর্মী থেকে উদ্যোক্তা: আবু জাফর মোহাম্মদ সালেহের সাফল্যের গল্প
জি এম আমিনুল হক
সফলতার পেছনে থাকে দীর্ঘদিনের পরিশ্রম, ধৈর্য, সততা ও দৃঢ় প্রত্যয়। একজন সাধারণ কর্মী থেকে উদ্যোক্তা হয়ে ওঠার মধ্য দিয়ে সেই বাস্তবতারই উদাহরণ সৃষ্টি করেছেন সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের নুনগোলা গ্রামের আবু জাফর মোহাম্মদ সালেহ। বর্তমানে তিনি পিওর ক্রপস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং পিসিএল এগ্রো ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক। কর্মজীবনের শুরু থেকে উদ্যোক্তা হয়ে ওঠার এই যাত্রা তাঁর ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি তরুণদের জন্যও অনুপ্রেরণার।
আবু জাফর মোহাম্মদ সালেহের কর্মজীবন শুরু হয় এসিআই কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে। মাঠপর্যায়ে কাজ করার সুবাদে কৃষক, কৃষির সমস্যা, বাজারের চাহিদা এবং কৃষি উপকরণের প্রয়োজনীয়তা সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন করেন তিনি। মানুষের সঙ্গে যোগাযোগ, তাদের প্রয়োজন বোঝা এবং আস্থা অর্জনের এই অভিজ্ঞতা পরবর্তী সময়ে তাঁর উদ্যোক্তা হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কর্মজীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রায় ১০ বছর আগে তিনি পিওর ক্রপস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে উদ্যোক্তা জীবনে প্রবেশ করেন। পাশাপাশি পিসিএল এগ্রো ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করে এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। কৃষি ও কৃষকের কল্যাণকে প্রাধান্য দিয়ে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনা করছেন তিনি। পিসিএল এগ্রো ইন্ডাস্ট্রিজের স্লোগান—‘কৃষি ও কৃষকের আস্থা, কৃষকের সমৃদ্ধি’—প্রতিষ্ঠানটির লক্ষ্য ও দর্শনকে তুলে ধরে।
কৃষিপ্রধান বাংলাদেশের খাদ্যনিরাপত্তা ও অর্থনীতিতে কৃষকের অবদান গুরুত্বপূর্ণ। এই বাস্তবতা বিবেচনায় কৃষকদের কাছে মানসম্মত কৃষি উপকরণ পৌঁছে দেওয়া, তাঁদের প্রয়োজন ও সমস্যার কথা জানা এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করাকে নিজের কাজের অংশ হিসেবে নিয়েছেন আবু জাফর মোহাম্মদ সালেহ। এ লক্ষ্য নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। তাঁর বিশ্বাস, কৃষকের উন্নতি ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও সামাজিক প্রতিষ্ঠানে তিনি নিয়মিত আর্থিক সহায়তা দিয়ে থাকেন। নিজের আয়ের একটি অংশ জনকল্যাণমূলক কাজে ব্যয় করেন বলেও জানা গেছে। স্থানীয়দের কাছে তাঁর পরিচিতি একজন হাস্যোজ্জ্বল ও বিনয়ী মানুষ হিসেবে। ব্যবসায়িক অবস্থান তৈরি করলেও এলাকার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ ও সামাজিক সম্পর্ক বজায় রেখেছেন।
সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি সাতক্ষীরার বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। কৃষি ও কৃষকদের নিয়ে প্রকাশিত জাতীয় পত্রিকা ‘কৃষক কণ্ঠ’-এর নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ দায়িত্বের মাধ্যমে কৃষকের সমস্যা, সম্ভাবনা, সাফল্য ও সংগ্রামের বিষয়গুলো তুলে ধরার সুযোগ পাচ্ছেন তিনি। কৃষি ও কৃষকের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকার বিষয়টিও গুরুত্ব দেন তিনি।
পিসিএল এগ্রো ইন্ডাস্ট্রিজের মাধ্যমে কৃষকদের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন তিনি। প্রতিষ্ঠানটির বিশেষ উপহার কর্মসূচিও কৃষকদের উৎসাহিত করার একটি উদ্যোগ। তাঁর ব্যবসায়িক দর্শনে মুনাফার পাশাপাশি কৃষকের আস্থা ও সন্তুষ্টিকে গুরুত্ব দেওয়া হয়। তাঁর মতে, মানুষের বিশ্বাস অর্জন করতে পারলেই একটি প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে এগিয়ে যেতে পারে।
রাজনীতির সঙ্গেও সম্পৃক্ততা রয়েছে আবু জাফর মোহাম্মদ সালেহের। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তবে তাঁর বক্তব্য, রাজনীতি হওয়া উচিত মানুষের সেবা ও দেশের কল্যাণের জন্য। ব্যক্তিস্বার্থ ও অসুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার পরিবর্তে জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে তিনি গুরুত্ব দিতে চান।
একজন বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মজীবন শুরু করে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার এই পথচলায় মাঠপর্যায়ের অভিজ্ঞতা, পরিশ্রম ও মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ভূমিকা রয়েছে। ব্যবসা, সামাজিক কর্মকাণ্ড ও কৃষকের কল্যাণে তাঁর সম্পৃক্ততা আগামী দিনেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা তাঁর শুভাকাঙ্ক্ষীদের।






