দুধে ধোয়া মুখ
মোঃ রহমত আলী
তারা কেন আয়না দেখবে?
তারা তো আয়না দেখবে না!
তারা শুধু অন্যকেই আয়না দেখাবে।
তাদের কাজ তো অনেক! তবে অন্যতম
হলো এক আঙুল অপরকে দেখিয়ে চলা!
অথচ তিন আঙুল কিন্তু নিজের দিকেই।
তারা কেন আয়নার মুখোমুখি দাঁড়াবে!
তাদের তো আর জবাবদিহির চিন্তা নেই,
কোনো পরিকল্পনাও নেই।
তাই তারা কেন আয়না দেখবে?
তারা তো শুধু আয়নাই দেখাবে;
নিজের দুধে ধোয়া মুখ গঙ্গা জলে দেখবে।
ক থেকে কবি
মোঃ রহমত আলী
ঠিকঠাক শব্দার্থই জানি না,
জানবোই বা কী করে!
এখনো যে শব্দের সঠিক উচ্চারণই শিখিনি।
বাক্যগঠন তো দূরের কথা,
ক থেকে কবিতা, ক থেকে কবি হয়ে যাই।
ব থেকে বোকা, ব থেকে বকবক করে যাই।
ত থেকে তালহীন তার ছেঁড়া তানপুরা বাজাই।
আর কাব্য, সে তো অনেক সুদূরের কথা,
বাগধারাটাও যা আমার আয়ত্তে মোটেও নেই।
বর্ণমালাগুলো তো ঠিকই ছিল,
কিন্তু ব্যাকরণ অতটা সহজ ছিল না;
সারাংশ আমার বুঝে আসেনি,
আর ভাবসম্প্রসারণ এমনিতেই গুলিয়ে ফেলি।
কখনো রামায়ণ পড়িনি, তবে শুনেছি,
শোনা কথা কী আর খুলে বলা যায়!
যদিও রাজমহলে কোনোদিন যাইনি,
তবে রাজার রাজ্যে আছি, প্রজা আমিও।












