শ্যামনগর প্রতিনিধি: নানা আয়োজনে সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সোলায়মান কবির, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহমান, বিএনপি নেতা শেখ লিয়াকত আলী বাবু, অধ্যাপক আবু সাইয়িদ, শ্যামনগর থানার ওসি (তদন্ত) পিয়ার উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, জামায়াত নেতা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম ও জিয়াদ আলী, প্রেসক্লাব সভাপতি সামিউল মনির এবং শিক্ষক আবদুল্লাহ।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শ্যামনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডার্ন স্কুল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরে বিভিন্ন শ্রেণি-পেশার নবীন ও প্রবীণদের অংশগ্রহণে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।