ভুটান-শ্রীলঙ্কার ড্রয়ে সেমিফাইনালে বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠার জন্য বাংলাদেশের অপেক্ষা ছিল ভুটান-শ্রীলঙ্কা ম্যাচের ফলের দিকে। আজ রবিবার দুই দলের লড়াইয়ে শেষ পর্যন্ত কেউ জিততে পারেনি। ২-২ গোলে ম্যাচটি ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই সেরা চারে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ।
জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েছিল ভুটান। পরে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শ্রীলঙ্কা। তবে শেষ দিকে চেনচো গেইয়েলতশেনের গোলে সমতায় ফেরে ভুটান। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
এই ড্রয়ে ভুটান ও শ্রীলঙ্কার পয়েন্ট হয়েছে ১ করে। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট পাওয়া বাংলাদেশ নিশ্চিত করেছে সেমিফাইনাল। ফলে গ্রুপের শেষ ম্যাচের আগেই টমাস ডুলির দলের শেষ চার নিশ্চিত হলো।
ম্যাচের ৩৪ মিনিটে দাওয়া তিসেরাংয়ের গোলে এগিয়ে যায় ভুটান। তবে বেশিক্ষণ সেই ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। দ্রুতই সমতায় ফেরে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া প্রবাসী উইঙ্গার ওলিভার জেমসের দূরপাল্লার শট ঠেকাতে পারেননি ভুটানের গোলকিপার।
প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে এগিয়ে যায় শ্রীলঙ্কা। ওলিভার জেমসের ক্রস থেকে ডাইভিং হেডে লক্ষ্যভেদ করেন ওয়াসিম রাজেক। বিরতির আগেই ২-১ গোলে এগিয়ে যায় তারা।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ভুটান। ৬৬ মিনিটে পেনাল্টি পায় তারা। তবে চেনচো গাইয়েলতশেনের শট ঠেকিয়ে দেন শ্রীলঙ্কার গোলকিপার সুজান পেরেইরা। ফিরতি শটও গোললাইন থেকে ফিরিয়ে দেন ডিলন সেনান ডি সিলভা।
তবে ৭৭ মিনিটে আর রক্ষা হয়নি শ্রীলঙ্কার। চেনচোর ফ্রি কিক গোলকিপার সুজান পেরেইরা ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি। ফিরতি বল থেকে তানদিন তিসেরাংয়ের পাস পেয়ে দারুণ শটে জাল খুঁজে নেন চেনচো। তাতে ২-২ সমতায় ফেরে ভুটান।
শেষ দিকে দুই দলই জয়সূচক গোলের চেষ্টা করেছে। শ্রীলঙ্কার একটি প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে আসে। যোগ করা সময়ে গোলকিপারকে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি রাহুল সুরেশ। শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।
আগামী বুধবার গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচের ফল নির্ধারণ করবে গ্রুপের চূড়ান্ত অবস্থান। অন্যদিকে, সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ফলের দিকে তাকিয়ে থাকতে হবে ভুটানকে।









