রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

সোমবার শুরু হচ্ছে সংসদের চতুর্থ অধিবেশন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
সোমবার শুরু হচ্ছে সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সোমবার (৯ নভেম্বর) শুরু হচ্ছে। এ অধিবেশন আগামী ১৮ নভেম্বর শেষ হবে। সরকারি ছুটির দিন (শুক্র ও শনিবার) ছাড়া প্রতিদিন বিকাল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক বসবে। অধিবেশনের প্রথম দিন তিনটি অধ্যাদেশ উপস্থাপন করা হবে। এছাড়া ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ সংসদে উত্থাপনের জন্য অনুমতি চাইবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

রবিবার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে অধিবেশনের সময়সূচি ও কার্যক্রম নিয়ে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির সদস্যরা বৈঠকে অংশ নেন।

সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে প্রকাশিত সোমবারের কার্যসূচি অনুযায়ী, বিকাল সাড়ে ৩টায় সংসদের বৈঠক শুরু হবে। বৈঠকের শুরুতে সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোকপ্রস্তাব গ্রহণ করা হবে। এরপর স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, নির্বাচন কমিশন সচিবালয় এবং রাষ্ট্রপতির কার্যালয়-সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেওয়া হবে। এছাড়া বিধি-৭১-এর আওতায় জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ নিষ্পত্তি করা হবে।

বৈঠকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী তিনটি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করবেন। এগুলো হলো— পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬।

এদিকে বগুড়া ও এর সন্নিহিত এলাকায় পরিকল্পিত আধুনিক নগর প্রতিষ্ঠার লক্ষ্যে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ সংসদে উত্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিলের উদ্দেশ্য ও কারণ হিসেবে সংশ্লিষ্ট এলাকার ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা, অপরিকল্পিত নগরায়ণ রোধ, দুর্যোগসহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা, তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করার কথা বলা হয়েছে।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বিলটি উত্থাপনের অনুমতি চাইবেন। অনুমতি পেলে তিনি সংসদে বিলটি উত্থাপন করবেন এবং পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করবেন।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্নসহ মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন পাওয়া গেছে। এছাড়া বিধি-৭১-এ মনোযোগ আকর্ষণের ৯২টি এবং বিধি-১৩১-এ সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ পাওয়া গেছে।

অধিবেশনের প্রস্তুতি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব করেন। কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গ্রহণ করেন।

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেমের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রী জানতে চাইলে সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া জানান, সোমবার বিকাল সাড়ে ৩টায় গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধানে সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে।

সংসদ ভবনে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের অগ্রগতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সৌরবিদ্যুতের মাধ্যমে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। অধিবেশন চলাকালে সংসদ ভবনে প্রায় ৬ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। অন্য সময়ে চাহিদা আরও কম থাকে। ফলে প্রয়োজন মেটানোর পর অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। এ সময় প্রধানমন্ত্রী বিদ্যুৎ সংরক্ষণাগারের সুবিধা রেখেই সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা দেন।

বৈঠকে ডেপুটি স্পিকার জাতীয় সংসদে ই-পার্লামেন্ট চালু এবং শূন্য পদে জনবল নিয়োগের সর্বশেষ অগ্রগতি কমিটিকে অবহিত করেন।

বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।

Ads small one

তালায় প্রেসক্লাব সভাপতির পাল্টা সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
তালায় প্রেসক্লাব সভাপতির পাল্টা সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার ডাঙ্গানলতা গ্রামে বিচালির গাদায় অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে পিতা-পুত্রের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের একাংশের প্রতিবাদ জানিয়েছেন তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলাম। তাঁর দাবি, তাঁকে জড়িয়ে সংবাদ সম্মেলনে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে জনমনে বিভ্রান্তি দূর করতে তিনি পাল্টা সংবাদ সম্মেলন করেছেন।

রোববার (৮ নভেম্বর) রাত ৮টায় তালা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এস এম নজরুল ইসলাম বলেন, বিচালির গাদায় অগ্নিসংযোগের ঘটনার পর নুর ইসলাম সরদারের ছেলে আজিজুর রহমান ভিডিও বক্তব্য দেন। সেখানে তিনি উল্লেখ করেন, তাঁর বাবার হাত-পা ভেঙে দেওয়া এবং মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার হুমকির পর শুক্রবার ভোরে তাঁদের বিচালির গাদায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁরা অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে তালা থানায় সাধারণ ডায়েরি করেছেন বলেও সংবাদে উল্লেখ করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তালা সদর ইউনিয়নে তাঁর রাজনৈতিক অবস্থান ক্ষতিগ্রস্ত করতে একটি মহল অপতৎপরতা চালাচ্ছে। এ ক্ষেত্রে একটি বেসরকারি সংস্থার অর্থায়নে প্রশাসনকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। এ ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান সাংবাদিক এসএম নজরুল ইসলাম।

ঝাউডাঙ্গায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
ঝাউডাঙ্গায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের সহসভাপতি অধ্যক্ষ খলিলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ।

বিশেষ অতিথি ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সহসভাপতি আলতাফ হোসেন, ইউনিয়ন বিএনপির ১ নম্বর সদস্য আমির হোসেন ও যুবদল নেতা ইউসুফ আলী।
এ ছাড়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের চেতনা ধারণ করে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানান।

তালায় রিইবের উপজেলা সিএসও কমিটির ত্রৈমাসিক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
তালায় রিইবের উপজেলা সিএসও কমিটির ত্রৈমাসিক সভা

বি. এম. জুলফিকার রায়হান, তালা: তথ্য অধিকার আইন বাস্তবায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা রোধ এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার প্রতিষ্ঠায় তালা উপজেলা মানবাধিকার সুরক্ষা (সিএসও) কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রিইবের আয়োজনে, নেটস বাংলাদেশের সহযোগিতায় এবং হোপ প্রকল্পের অধীনে রোববার (৮ নভেম্বর) সকালে তালা রিপোর্টার্স ক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা সিএসও কমিটির সভাপতি জুলফিকার রায়হানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন হোপ প্রকল্পের সমন্বয়কারী খালিদ হাসান। প্রোগ্রাম অফিসার কাজল রেখার সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র সদস্য অধ্যাপক রেজাউল করিম, শফিকুল ইসলাম, গাজী জাহিদুর রহমান, মানবাধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক চন্দ্র শেখর দাস, সদস্য তারেক সরকার, দিলীপ কুমার দাস, রাজিবুল ইসলাম, হারুনর রশীদ, শাহানাজ পারভীন, মিজানুর রহমান, ছায়া বিশ্বাস, রীতা বিশ্বাস, কবরী সরকার ও কাকলি দাস প্রমুখ। সভায় নারী ও শিশু নির্যাতন, জলাবদ্ধতা, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরা হয়। এসব সমস্যা সমাধানে করণীয় নিয়েও আলোচনা করেন উপস্থিত সদস্যরা।