বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য বিজ্ঞান দিবস: মানবকল্যাণে বিজ্ঞান
সাকিবুর রহমান বাবলা
বিজ্ঞান মানবসভ্যতার অগ্রযাত্রার অন্যতম প্রধান চালিকাশক্তি। মানুষের জীবনকে সহজ, নিরাপদ ও উন্নত করার পাশাপাশি রোগব্যাধি প্রতিরোধ, খাদ্য উৎপাদন, দারিদ্র্য বিমোচন, পরিবেশ সংরক্ষণ এবং বৈশ্বিক সংকট মোকাবিলায় বিজ্ঞানের অবদান অপরিসীম। তবে বিজ্ঞানের প্রকৃত সার্থকতা শুধু নতুন আবিষ্কার কিংবা প্রযুক্তিগত উৎকর্ষে নয়, বরং সেই আবিষ্কার কতটা মানুষের কল্যাণে ব্যবহৃত হচ্ছে, তার ওপর নির্ভরশীল। বিশ্বজুড়ে বিজ্ঞানকে শান্তি, মানবিকতা ও টেকসই উন্নয়নের হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিবছর ১০ নভেম্বর পালিত হয় বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য বিজ্ঞান দিবস। এ দিবসের মূল উদ্দেশ্য সমাজে বিজ্ঞানের গুরুত্ব তুলে ধরা এবং বৈজ্ঞানিক অগ্রগতির সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়ানো।
দিবসটির ধারণার সূত্রপাত ১৯৯৯ সালে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত বিশ্ব বিজ্ঞান সম্মেলন থেকে। ইউনেস্কো ও আন্তর্জাতিক বিজ্ঞান কাউন্সিলের পূর্বসূরি সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত ওই সম্মেলনে বিজ্ঞান ও সমাজের সম্পর্ক জোরদার এবং বৈজ্ঞানিক জ্ঞানের মানবকল্যাণমূলক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সম্মেলনের সিদ্ধান্তের ধারাবাহিকতায় ২০০১ সালে ইউনেস্কো আনুষ্ঠানিকভাবে দিবসটি ঘোষণা করে। ২০০২ সালের ১০ নভেম্বর প্রথমবারের মতো বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয়। এরপর থেকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিজ্ঞানীদের অংশগ্রহণে দিবসটি পালিত হয়ে আসছে।
২০২৬ সালের প্রতিপাদ্য ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’। এর তাৎপর্য হলো, রাজনৈতিক ও ভৌগোলিক সীমারেখার ঊর্ধ্বে উঠে জলবায়ু পরিবর্তন, মহামারি, পরিবেশ বিপর্যয়সহ বৈশ্বিক সংকট মোকাবিলায় দেশগুলোর মধ্যে বৈজ্ঞানিক সহযোগিতা, জ্ঞান বিনিময় ও পারস্পরিক আস্থা গড়ে তোলা। কারণ, পৃথিবীর অনেক সমস্যার সমাধান কোনো একটি দেশের একক প্রচেষ্টায় সম্ভব নয়। বিজ্ঞান তাই আন্তর্জাতিক সংলাপ ও সহযোগিতার কার্যকর সেতুবন্ধন হতে পারে।
বিজ্ঞানের অগ্রগতি মানবজীবনে অসংখ্য ইতিবাচক পরিবর্তন এনেছে। টিকা, অ্যান্টিবায়োটিক, ইনসুলিন, আধুনিক অস্ত্রোপচার ও রোগ নির্ণয় প্রযুক্তি মানুষের জীবন রক্ষায় যুগান্তকারী ভূমিকা রেখেছে। পানি বিশুদ্ধকরণ, বর্জ্যপানি পরিশোধন, সৌর ও বায়ুবিদ্যুৎ, উন্নত কৃষিবীজ, আধুনিক সেচব্যবস্থা এবং খাদ্য সংরক্ষণ প্রযুক্তি মানুষের মৌলিক চাহিদা পূরণে সহায়তা করছে। আবহাওয়া উপগ্রহ, ঘূর্ণিঝড় ও বন্যার আগাম সতর্কবার্তা, ভূমিকম্প পর্যবেক্ষণ এবং যোগাযোগপ্রযুক্তি দুর্যোগ মোকাবিলা ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একইভাবে মহাকাশবিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, পারমাণবিক বিজ্ঞানের শান্তিপূর্ণ ব্যবহার এবং জীববৈচিত্র্য সংরক্ষণ প্রযুক্তি উন্নয়নের নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে।
বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বিজ্ঞান ও প্রযুক্তির নতুন যুগের সূচনা করছে। রোবটিকস, ভাষা অনুধাবন, তথ্য বিশ্লেষণ ও জলবায়ুর পূর্বাভাসে এ প্রযুক্তি গবেষণার সক্ষমতা বাড়াচ্ছে। তবে এর অপব্যবহার, তথ্যের নিরাপত্তাহীনতা ও প্রযুক্তিগত বৈষম্য নতুন চ্যালেঞ্জও তৈরি করছে। অন্যদিকে, ইউনেস্কোর বিজ্ঞান প্রতিবেদন প্রতি পাঁচ বছর অন্তর বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনবিষয়ক নীতি এবং সুশাসনের প্রবণতা বিশ্লেষণ করে। ২০২১ সালের জুনে প্রকাশিত প্রতিবেদনে দ্রুত সামাজিক রূপান্তরের সম্ভাবনার পাশাপাশি যথাযথ সুরক্ষার অভাবে বৈষম্য বৃদ্ধির ঝুঁকির কথাও তুলে ধরা হয়। এদিকে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়নের জন্য আন্তর্জাতিক বিজ্ঞান দশক (২০২৪–২০৩৩) ইউনেস্কোর নেতৃত্বে বিজ্ঞানকে সর্বজনীন কল্যাণ, উদ্ভাবন, অন্তর্ভুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তি হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে।
এত অগ্রগতির পরও পৃথিবীতে ক্ষুধা, দারিদ্র্য, রোগব্যাধি, বিশুদ্ধ পানির সংকট, যুদ্ধ ও পরিবেশ বিপর্যয় রয়ে গেছে। তাই ভবিষ্যতে ক্যানসারসহ জটিল রোগের কার্যকর চিকিৎসা, সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা, লবণাক্ত ও দূষিত পানি বিশুদ্ধকরণ, খরাসহিষ্ণু ও লবণাক্ততাসহিষ্ণু ফসল, পরিচ্ছন্ন জ্বালানি, উন্নত ব্যাটারি, নির্ভুল দুর্যোগ পূর্বাভাস এবং পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তির উন্নয়ন জরুরি। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার, সবার জন্য মানসম্মত শিক্ষা, নিরাপদ নগরায়ণ এবং বৈশ্বিক সংঘাত প্রতিরোধে তথ্যনির্ভর গবেষণার প্রসার ঘটাতে হবে।
বাংলাদেশের প্রেক্ষাপটেও এসব গবেষণার গুরুত্ব বিশেষভাবে প্রাসঙ্গিক। উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবন, লবণাক্ততা ও জলাবদ্ধতাসহিষ্ণু ফসলের জাত উন্নয়ন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আগাম পূর্বাভাস, নদীদূষণ নিয়ন্ত্রণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং সুন্দরবনের জীববৈচিত্র্য পর্যবেক্ষণে নতুন উদ্ভাবন সময়ের দাবি। বিশেষ করে সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তায় এসব প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিজ্ঞানকে শান্তি ও উন্নয়নের শক্তিতে রূপান্তর করতে হলে গবেষণার পাশাপাশি জনসচেতনতা, আন্তর্জাতিক সংহতি এবং সবার জন্য বিজ্ঞানচর্চার সুযোগ নিশ্চিত করতে হবে। নারী, শিশু, তরুণ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিজ্ঞান শিক্ষায় সম্পৃক্ত করতে হবে। বিজ্ঞান যেন যুদ্ধ, বৈষম্য ও ধ্বংসের উপকরণ না হয়ে মানবিকতা, ন্যায়বিচার ও সহযোগিতার মাধ্যম হয়, সে অঙ্গীকারও জরুরি। শেষ পর্যন্ত বিজ্ঞানের সাফল্যের প্রকৃত মাপকাঠি কোনো আবিষ্কারের জটিলতা নয়; বরং কত মানুষের জীবন রক্ষা পেল, কত মানুষের দুঃখ-কষ্ট কমল এবং পৃথিবী কতটা শান্তিপূর্ণ ও বাসযোগ্য হলো, তার ওপরই বিজ্ঞানের সার্থকতা নির্ভর করে। টেকসই ভবিষ্যতের পথে যাত্রা শুরু হয় বিজ্ঞানের হাত ধরে—এই উপলব্ধিই হোক বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য বিজ্ঞান দিবসের অঙ্গীকার।











