সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার করে অবমুক্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার করে অবমুক্ত

পত্রদূত ডেস্ক: সুন্দরবনে শিকারিদের পেতে রাখা ফাঁদে আটকে পড়া একটি আহত চিত্রা হরিণ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে হরিণটিকে সুন্দরবনের সূর্যমুখী এলাকায় অবমুক্ত করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের পশুর নদীর সুন্দরতলা খালসংলগ্ন এলাকায় এ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় হরিণ শিকারের জন্য ফাঁদ পেতে রাখার খবর পেয়ে কোস্ট গার্ডের একটি দল অভিযান চালায়। এ সময় ফাঁদে আটকে থাকা জীবিত একটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়। পরে হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বেলা ৩টার দিকে নন্দবালা ফরেস্ট অফিসের বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে সূর্যমুখী এলাকায় অবমুক্ত করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং অবৈধ শিকার প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

Ads small one

বাসার সামনে দাঁড়িয়ে স্কুলছাত্রী, পেছন থেকে একের পর এক ছুরিকাঘাত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ
বাসার সামনে দাঁড়িয়ে স্কুলছাত্রী, পেছন থেকে একের পর এক ছুরিকাঘাত

কুষ্টিয়ায় দিনদুপুরে বাসার সামনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে এক কিশোর। আহত ওই ছাত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বেলা ১টা ১১ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত কিশোর ছুরি ফেলে দৌড়ে পালিয়ে যায়। তাকে ধরতে একাধিক দল কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, আহত স্কুলছাত্রীর হাতসহ শরীরের অন্তত ছয় স্থানে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা গুরুতর। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে এখনও বেঁচে আছে।

গুরুতর আহত স্কুলছাত্রী (১৫) ফরিদপুর জেলার বাসিন্দা। তার বাবা একটি ওষুধ কোম্পানির কুষ্টিয়া আঞ্চলিক বিপণন প্রতিনিধি। তিনি দীর্ঘদিন ধরে কুষ্টিয়া শহরে থানাপাড়াতে একটি ভবনের তিনতলাতে পরিবার নিয়ে থাকছেন। ওই ছাত্রী কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ে। তার আগামী এসএসসি পরীক্ষার নির্বাচনী পরীক্ষা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ছাত্রী স্কুলে নির্বাচনী পরীক্ষা শেষে দুপুরে বাসায় ফেরেন। বেলা ১টা ১১ মিনিটের দিকে বাসার নিচে দাঁড়িয়ে কলবেল বাজিয়ে দাঁড়িয়ে থাকে। এর কয়েক সেকেন্ডের মধ্যে এক কিশোর কাছে গিয়ে তাকে পেছন থেকে উপর্যুপরি আঘাত করতে করতে থাকে। ওই ছাত্রী হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করে। এ সময় চিৎকার করতে থাকে মেয়েটি। একটু পরই মেয়েটি সড়কে বাসার সামনে লুটিয়ে পড়ে।

ওই বাসার সামনের একটি বাসায় থাকেন শাহাদাত হোসাইন। তিনি জানান, ঘটনার সময় তার বোন বারান্দায় ছিলেন। ওই ছাত্রীকে ছুরিকাঘাত করা দেখে চিৎকার দেন তার বোন। তিনি তখন দৌড়ে বাইরে গিয়ে দেখতে পান এক ছেলে মেয়েটিকে কয়েকটি ছুরিকাঘাত করছে। কখনও চুল ধরে আঘাত করছে। মেয়েটি স্কুলড্রেস পরা অবস্থায় ছিল। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে আঘাত করে ছুরি ফেলে ছেলেটি দৌড়ে পালিয়ে যায়। এরপর মেয়েটির মা দৌড়ে নিচে নেমে আসে। তিনিও মেয়ের রক্তাক্ত অবস্থা দেখে অচেতন মতো হয়ে পড়েন। এরপর একটি রিকশা ডেকে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনার পর পুলিশ শহরে কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু করেছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্ত কিশোরকে ধরতেও অভিযান চলছে।

আহত স্কুলছাত্রীর বাবা বলেন, তিনি পেশাগত কাজে বাইরে ছিলেন। হঠাৎ মেয়ের মায়ের ফোন পান। এরপর দ্রুত হাসপাতালে যান। এ ঘটনা কেন, কী কারণে ঘটেছে, তা কিছুই বুঝতে পারছেন না। তার মেয়েও আগে কখনও কিছু বলেনি। তাকে কেউ কখনও উত্ত্যক্ত করতো কি না, সে ব্যাপারে কিছুই জানা নেই তার।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ‌‘ঘটনাস্থলে ভবনের সিসিটিভি ক্যামেরার একাধিক ফুটেজে ছুরিকাঘাত করা কিশোরকে শনাক্ত করা গেছে। তাকে ধরতে অভিযান চলছে। আঘাতে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে। অভিযুক্ত কিশোর শহরের একটি স্কুলের দশম শ্রেণিতে পড়ে।’

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ ইকবাল বলেন, ‘ধারালো ছুরি দিয়ে মেয়েটির হাতে দুটিসহ তিনটি গভীর আঘাত ছিল। এ ছাড়া আরও আঘাতের চিহ্ন দেখা গেছে। সব কটি আঘাতের জায়গাতে সেলাই দেওয়া হয়েছে। আপাতত শঙ্কামুক্ত। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

 

শেখ হাসিনার দেশে ফেরার আগ্রহ: রাষ্ট্র, আইন ও রাজনীতির পরীক্ষা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ
শেখ হাসিনার দেশে ফেরার আগ্রহ: রাষ্ট্র, আইন ও রাজনীতির পরীক্ষা

গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ আবারও আলোচনায় এসেছে। দীর্ঘদিন দেশের বাইরে অবস্থানের পর আগামী ডিসেম্বর মাসে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে তাঁর আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। ফলে বিষয়টি এখন কেবল রাজনৈতিক প্রত্যাবর্তনের আলোচনায় সীমাবদ্ধ নেই; এর সঙ্গে যুক্ত হয়েছে নাগরিক অধিকার, বিচারিক প্রক্রিয়া, কূটনৈতিক সম্পর্ক এবং রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্বের প্রশ্ন।

বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার আইনজীবীরা তাঁর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। তাঁদের বক্তব্য, বাংলাদেশের নাগরিক হিসেবে তাঁর পরিচয়পত্র পাওয়ার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। অন্যদিকে, ৯ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আবেদনসংক্রান্ত খবরের সত্যতা ও আইনগত ভিত্তি যাচাই করছে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়। অর্থাৎ বিষয়টি নিয়ে সরকারি পর্যায়ে এখনো আইনি পর্যালোচনা চলছে।

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছাড়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। ওই বছরের ছাত্র-জনতার আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। দীর্ঘদিনের ক্ষমতাসীন সরকারের পতনের পর রাষ্ট্র পরিচালনা, রাজনৈতিক জবাবদিহি, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। আন্দোলন দমনে প্রাণহানির অভিযোগও দেশের রাজনীতি ও বিচারব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে রয়েছে।

২০২৪ সালের আন্দোলন দমনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। তবে শেখ হাসিনা অভিযোগ অস্বীকার করেছেন এবং বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়েও আপত্তি জানিয়েছেন। এ বাস্তবতায় তাঁর দেশে ফেরার বিষয়টি নিছক রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রশ্ন নয়; এটি বিদ্যমান বিচারিক প্রক্রিয়ার সঙ্গেও সরাসরি সম্পর্কিত।

এখানে মৌলিক প্রশ্ন হলো, একজন সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের নাগরিক হিসেবে তাঁর দেশে ফেরার বিষয়টি কীভাবে বিবেচিত হবে? নাগরিকের নিজ দেশে প্রবেশের অধিকার, জাতীয় পরিচয়, পাসপোর্টের বিধান এবং ফৌজদারি বিচারপ্রক্রিয়া—প্রতিটি বিষয়ই আইনের আলোকে পর্যালোচনা করা প্রয়োজন। কোনো নাগরিকের অধিকার উপেক্ষা করা যায় না, তেমনি গুরুতর অপরাধের অভিযোগ বা আদালতের রায়ও রাজনৈতিক বিবেচনায় পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই।

রাষ্ট্রের দায়িত্ব হলো, আইনের প্রয়োগে কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয়কে বিশেষ সুবিধা কিংবা অসুবিধার কারণ হতে না দেওয়া। শেখ হাসিনার ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হওয়া উচিত। তিনি সাবেক প্রধানমন্ত্রী বলে আইনের ঊর্ধ্বে নন; আবার রাজনৈতিকভাবে বিতর্কিত বলেও তাঁর আইনগত অধিকার অস্বীকার করা যায় না। রাষ্ট্রের শক্তি প্রকাশ পায় তখনই, যখন ক্ষমতাধর ও ক্ষমতাহীন, শাসক ও বিরোধী—সবার ক্ষেত্রে একই আইনি নীতি কার্যকর থাকে।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ক্ষমতার পরিবর্তনের পর প্রতিপক্ষকে কোণঠাসা করার প্রবণতা নতুন নয়। কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রের ভবিষ্যৎ প্রতিশোধের সংস্কৃতির ওপর নির্ভর করতে পারে না। অতীতের যেকোনো সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, গ্রহণযোগ্য বিচারপ্রক্রিয়া এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের সুযোগ ও ন্যায়বিচারের মৌলিক নীতিগুলোও অক্ষুণ্ণ রাখতে হবে।

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তৈরি করবে। একটি রাজনৈতিক দলের অতীত কর্মকাণ্ডের দায় এবং ওই দলের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত দায় এক নয়। কোনো নেতাকর্মীর বিরুদ্ধে নির্দিষ্ট অপরাধের অভিযোগ থাকলে তাঁর বিচার হতে পারে। কিন্তু কেবল রাজনৈতিক পরিচয়ের কারণে সাধারণ সমর্থক কিংবা নিরপরাধ নাগরিকের অধিকার ক্ষুণ্ন করা উচিত নয়। রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ ভূমিকা নির্ধারণেও আইন, গণতান্ত্রিক অধিকার ও জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে।

এ ক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কও গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশ তাঁর প্রত্যর্পণের বিষয়ে কূটনৈতিক যোগাযোগ এবং দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির প্রসঙ্গ সামনে এনেছে। ফলে তাঁর দেশে ফেরার প্রশ্নটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সঙ্গেও জড়িত। তবে এ বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশের সার্বভৌমত্ব, প্রচলিত আইন ও আন্তর্জাতিক অঙ্গীকারকে গুরুত্ব দিতে হবে।

বিশ্বের বিভিন্ন দেশেও ক্ষমতাচ্যুত বা নির্বাসনে থাকা রাজনৈতিক নেতাদের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। পাকিস্তানে নওয়াজ শরিফ ও বেনজির ভুট্টোর প্রত্যাবর্তন কিংবা থাইল্যান্ডে থাকসিন সিনাওয়াত্রার দেশে ফেরার ঘটনা দেখিয়েছে, সাবেক সরকারপ্রধানের প্রত্যাবর্তন ব্যক্তিগত সিদ্ধান্তের বাইরেও দেশের রাজনৈতিক সমীকরণ, বিচারব্যবস্থা ও জাতীয় স্থিতিশীলতার সঙ্গে সম্পর্কিত। তবে প্রতিটি দেশের বাস্তবতা আলাদা। বাংলাদেশের ক্ষেত্রেও নিজস্ব আইন ও সাংবিধানিক কাঠামোর মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে।

আমার বিবেচনায়, শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নে রাষ্ট্রের সামনে তিনটি দায়িত্ব গুরুত্বপূর্ণ। প্রথমত, তাঁর নাগরিকত্ব, পরিচয়পত্র ও দেশে প্রবেশের অধিকারসংক্রান্ত বিষয়গুলো আইন অনুযায়ী নিষ্পত্তি করা। দ্বিতীয়ত, তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোতে বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা, জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করা। তৃতীয়ত, সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতা, প্রতিশোধ কিংবা নাগরিক অধিকার হরণের পরিবেশ তৈরি হতে না দেওয়া।

বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে রাজনৈতিক সংঘাত, ক্ষমতার দ্বন্দ্ব ও অস্থিতিশীলতার অভিজ্ঞতার মধ্য দিয়ে এসেছে। নতুন প্রজন্ম এমন একটি রাষ্ট্র দেখতে চায়, যেখানে রাজনৈতিক পরিচয়ের চেয়ে আইনের মর্যাদা বড় হবে, ক্ষমতার চেয়ে নাগরিকের অধিকার গুরুত্বপূর্ণ হবে এবং রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি নিশ্চিত থাকবে।

শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, কবে ফিরবেন কিংবা তাঁর প্রত্যাবর্তনের পর রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে—তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে তাঁর দেশে ফেরার আগ্রহ এবং পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন বাংলাদেশের সামনে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রশ্ন তুলে ধরেছে।

শেষ পর্যন্ত বিষয়টি শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যতের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কতটা নিরপেক্ষ, বিচারব্যবস্থা কতটা স্বাধীন, সরকার কতটা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং নাগরিকের অধিকার কতটা সুরক্ষিত—তারও পরীক্ষা।
একটি রাষ্ট্রের প্রকৃত পরিপক্বতা প্রকাশ পায় তখনই, যখন রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন হলেও ন্যায়বিচারের নীতি পরিবর্তিত হয় না। ব্যক্তি ও দলের ঊর্ধ্বে রাষ্ট্র; আর রাষ্ট্রের শক্তির মূল ভিত্তি সংবিধান, আইনের শাসন ও জনগণের অধিকার। লেখক: গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, সমাজকর্মী ও উদ্যোক্তা

(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। পত্রদূত অনলাইন এবং পত্রদূত- এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

পুরো শিল্পীসমাজের জন্য ক্ষতিকর পরীমণির আচরণ: রিনা খান

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
পুরো শিল্পীসমাজের জন্য ক্ষতিকর পরীমণির আচরণ: রিনা খান

আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমণির বাগ্‌বিতণ্ডা ও উত্তপ্ত আচরণের ঘটনায় মন্তব্য করেছেন ঢালিউডের জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা খান। তার মতে, এ ধরনের আচরণ একজন শিল্পীর জন্য যেমন অনুচিত, তেমনি পুরো শিল্পীসমাজের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর।
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধরের মামলায় গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে হাজিরা দিতে যান পরীমণি। সেখানে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তোলেন তিনি। এ সময় ওই সাংবাদিকের সঙ্গে তার কথা-কাটাকাটি হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে রিনা খান বলেন, রাগের বশে অনেকে গালাগালি করে ফেলেন। তবে এ ধরনের আচরণ করা উচিত নয়। গণমাধ্যমের মাধ্যমেই শিল্পীরা পরিচিতি পান। তাদের সুনাম যেমন গণমাধ্যমে প্রকাশিত হয়, তেমনি দুর্নামও ছড়ায় গণমাধ্যমের মাধ্যমে। তাই এমন কোনো কথা বা আচরণ করা উচিত নয়, যার দায় পুরো শিল্পীসমাজের ওপর পড়ে।

এ বিষয়ে রিনা খান বলেন, রাগের বশে অনেকে গালাগালি করে ফেলেন। তবে এ ধরনের আচরণ করা উচিত নয়। গণমাধ্যমের মাধ্যমেই শিল্পীরা পরিচিতি পান। তাদের সুনাম যেমন গণমাধ্যমে প্রকাশিত হয়, তেমনি দুর্নামও ছড়ায় গণমাধ্যমের মাধ্যমে। তাই এমন কোনো কথা বা আচরণ করা উচিত নয়, যার দায় পুরো শিল্পীসমাজের ওপর পড়ে।