সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

বাসার সামনে দাঁড়িয়ে স্কুলছাত্রী, পেছন থেকে একের পর এক ছুরিকাঘাত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ
বাসার সামনে দাঁড়িয়ে স্কুলছাত্রী, পেছন থেকে একের পর এক ছুরিকাঘাত

কুষ্টিয়ায় দিনদুপুরে বাসার সামনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে এক কিশোর। আহত ওই ছাত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বেলা ১টা ১১ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত কিশোর ছুরি ফেলে দৌড়ে পালিয়ে যায়। তাকে ধরতে একাধিক দল কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, আহত স্কুলছাত্রীর হাতসহ শরীরের অন্তত ছয় স্থানে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা গুরুতর। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে এখনও বেঁচে আছে।

গুরুতর আহত স্কুলছাত্রী (১৫) ফরিদপুর জেলার বাসিন্দা। তার বাবা একটি ওষুধ কোম্পানির কুষ্টিয়া আঞ্চলিক বিপণন প্রতিনিধি। তিনি দীর্ঘদিন ধরে কুষ্টিয়া শহরে থানাপাড়াতে একটি ভবনের তিনতলাতে পরিবার নিয়ে থাকছেন। ওই ছাত্রী কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ে। তার আগামী এসএসসি পরীক্ষার নির্বাচনী পরীক্ষা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ছাত্রী স্কুলে নির্বাচনী পরীক্ষা শেষে দুপুরে বাসায় ফেরেন। বেলা ১টা ১১ মিনিটের দিকে বাসার নিচে দাঁড়িয়ে কলবেল বাজিয়ে দাঁড়িয়ে থাকে। এর কয়েক সেকেন্ডের মধ্যে এক কিশোর কাছে গিয়ে তাকে পেছন থেকে উপর্যুপরি আঘাত করতে করতে থাকে। ওই ছাত্রী হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করে। এ সময় চিৎকার করতে থাকে মেয়েটি। একটু পরই মেয়েটি সড়কে বাসার সামনে লুটিয়ে পড়ে।

ওই বাসার সামনের একটি বাসায় থাকেন শাহাদাত হোসাইন। তিনি জানান, ঘটনার সময় তার বোন বারান্দায় ছিলেন। ওই ছাত্রীকে ছুরিকাঘাত করা দেখে চিৎকার দেন তার বোন। তিনি তখন দৌড়ে বাইরে গিয়ে দেখতে পান এক ছেলে মেয়েটিকে কয়েকটি ছুরিকাঘাত করছে। কখনও চুল ধরে আঘাত করছে। মেয়েটি স্কুলড্রেস পরা অবস্থায় ছিল। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে আঘাত করে ছুরি ফেলে ছেলেটি দৌড়ে পালিয়ে যায়। এরপর মেয়েটির মা দৌড়ে নিচে নেমে আসে। তিনিও মেয়ের রক্তাক্ত অবস্থা দেখে অচেতন মতো হয়ে পড়েন। এরপর একটি রিকশা ডেকে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনার পর পুলিশ শহরে কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু করেছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্ত কিশোরকে ধরতেও অভিযান চলছে।

আহত স্কুলছাত্রীর বাবা বলেন, তিনি পেশাগত কাজে বাইরে ছিলেন। হঠাৎ মেয়ের মায়ের ফোন পান। এরপর দ্রুত হাসপাতালে যান। এ ঘটনা কেন, কী কারণে ঘটেছে, তা কিছুই বুঝতে পারছেন না। তার মেয়েও আগে কখনও কিছু বলেনি। তাকে কেউ কখনও উত্ত্যক্ত করতো কি না, সে ব্যাপারে কিছুই জানা নেই তার।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ‌‘ঘটনাস্থলে ভবনের সিসিটিভি ক্যামেরার একাধিক ফুটেজে ছুরিকাঘাত করা কিশোরকে শনাক্ত করা গেছে। তাকে ধরতে অভিযান চলছে। আঘাতে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে। অভিযুক্ত কিশোর শহরের একটি স্কুলের দশম শ্রেণিতে পড়ে।’

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ ইকবাল বলেন, ‘ধারালো ছুরি দিয়ে মেয়েটির হাতে দুটিসহ তিনটি গভীর আঘাত ছিল। এ ছাড়া আরও আঘাতের চিহ্ন দেখা গেছে। সব কটি আঘাতের জায়গাতে সেলাই দেওয়া হয়েছে। আপাতত শঙ্কামুক্ত। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

 

Ads small one

অ্যান্ড্রয়েড ফোনে গুগল মেসেজেসের যে পাঁচ সেটিংস বন্ধ রাখা ভালো

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
অ্যান্ড্রয়েড ফোনে গুগল মেসেজেসের যে পাঁচ সেটিংস বন্ধ রাখা ভালো

বর্তমানে অধিকাংশ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে মেসেজ আদান-প্রদানের প্রাথমিক অ্যাপ হিসেবে গুগল মেসেজেস ব্যবহৃত হচ্ছে। এসএমএসের পাশাপাশি অ্যাপটিতে রয়েছে ইন্টারনেটভিত্তিক বার্তা আদান-প্রদানের বিভিন্ন সুবিধা। তবে এর কিছু ডিফল্ট সেটিংস ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা ও স্বাচ্ছন্দ্যে প্রভাব ফেলতে পারে। তবে কয়েকটি সেটিংস পরিবর্তন করে এসব সুবিধার ব্যবহার নিয়ন্ত্রণের পাশাপাশি অ্যাপটিকে নিজের প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নেওয়া সম্ভব।

রিড রিসিপ্টস বন্ধ রাখুন

গুগল মেসেজেসের আরসিএস চ্যাটে ‘রিড রিসিপ্টস’চালু থাকলে প্রেরক জানতে পারেন, প্রাপক কখন বার্তা পড়েছেন। এ তথ্য অন্যের কাছে প্রকাশ করতে না চাইলে সেটি বন্ধ রাখা যায়। এ জন্য অ্যাপ খুলে ওপরের ডান দিকে প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর মেসেজেস সেটিংস থেকে আরসিএস চ্যাটস নির্বাচন করে সেন্ড রিড রিসিপ্টস অপশনটি বন্ধ করতে হবে। এতে অন্যরা আপনার বার্তা পড়ার তথ্য পাবেন না। তবে অন্যদের পাঠানো বার্তা পড়ার তথ্য দেখার ক্ষেত্রেও তাদের সেটিংস চালু থাকা প্রয়োজন।

বার্তা পাঠানো ও গ্রহণের শব্দ বন্ধ করুন

অ্যাপের ভেতরে বার্তা পাঠানো বা গ্রহণের সময় গুগল মেসেজে যে শব্দ হয়, তা অনেকের কাছেই বিরক্তির মনে হয়। শব্দটি বন্ধ করতে প্রোফাইল ছবিতে ট্যাপ করে ‘মেসেজেস সেটিংস’নির্বাচন করুন। এরপর ‘হিয়ার আউটগোয়িং অ্যান্ড ইনকামিং মেসেজ সাউন্ডস’অপশনটি বন্ধ করে দিন। এতে অ্যাপ খোলা থাকা অবস্থায় বার্তা আদান-প্রদানের শব্দ শোনা যাবে না। তবে ফোনের সাধারণ নোটিফিকেশন সেটিংস আলাদাভাবে নিয়ন্ত্রণ করতে হবে।

বাবল চ্যাট বন্ধ করুন

অন্য অ্যাপ ব্যবহারের সময়ও কোনও চ্যাট ছোট গোলাকার আইকন হিসেবে পর্দায় দেখা যায় চ্যাট বাবল সুবিধাটি চালু থাকলে। এটি বন্ধ করতে মেসেজেস সেটিংস থেকে বাবলস অপশনে যেতে হবে। সেখানে নান নির্বাচন করলে কোনো চ্যাটই আর ভাসমান বাবল হিসেবে পর্দায় দেখা যাবে না। তবে এক্ষেত্রেও সাধারণ মেসেজ নোটিফিকেশন চালু থাকবে।

মেসেজে জেমিনাই ব্যবহারের সুবিধা বন্ধ করুন

গুগল মেসেজেসের ভেতরেই জেমিনাই এআইয়ের সঙ্গে আলাদা চ্যাট করার সুবিধা রয়েছে। তবে আলাদা জেমিনাই অ্যাপ ব্যবহার করলে মেসেজেসের ভেতরে সাধারণত একই সুবিধা রাখার প্রয়োজন হয় না। এ ছাড়া এআই সেবায় ব্যক্তিগত তথ্য ব্যবহারের বিষয়েও কারও কারও আপত্তি থাকতে পারে। সেক্ষেত্রে এটি ব্যবহার করতে না চাইলে প্রোফাইল ছবিতে ট্যাপ করে মেসেজেস সেটিংস নির্বাচন করুন। এরপর জেমিনাই ইন মেসেজেস অপশনে গিয়ে শো জেমিনাই টগলটি বন্ধ করতে হবে। এতে অ্যাপের ভেতরে জেমিনি ব্যবহারের আইকনটি আর দেখা যাবে না।

অপ্রয়োজনীয় রিমাইন্ডার বন্ধ করুন

কোনও বার্তার উত্তর দিতে ভুলে গেলে বা দেরি হলে গুগল মেসেজেসের নাজেস সুবিধাটি উত্তর দেওয়ার কথা মনে করিয়ে দেয়। পাশাপাশি পরিচিত ব্যক্তিদের জন্মদিনের রিমাইন্ডারও দেখায় নাজেস। এসব বন্ধ করতে মেসেজেস সেটিংস থেকে সাজেশনস অ্যান্ড অ্যাকশনস এবং এরপর নাজেস নির্বাচন করতে হবে। সেখানে সাজেস্ট মেসেজ রিমাইন্ডারস ও বার্থডে রিমাইন্ডারস অপশন দুটি আলাদাভাবে বন্ধ করা যাবে। ফলে প্রয়োজন অনুযায়ী শুধু একটি বা উভয় ধরনের রিমাইন্ডারই বন্ধ রাখা সম্ভব।

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

ব্যাট হাতে আহসান আল মুমিনের দুর্দান্ত দেড় শতক। বল হাতে তাফিউল আলম তামিমের বিধ্বংসী বোলিংয়ে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

সোমবার ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৩ রান সংগ্রহ করে তারা। জবাবে ৩০.৫ ওভারে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়া।

বাংলাদেশের ইনিংসের মূল আকর্ষণ ছিলেন আহসান। ১৩৩ বলে ১০টি চার ও ৬টি ছক্কায় ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। রবিউল হাসান আনিক ৪৮ বলে ৪৫ রান করে তাকে দারুণ সঙ্গ দেন। শুরুতে ধাক্কা সামলে তাদের ব্যাটিংয়েই বড় সংগ্রহ পায় বাংলাদেশ।

মালয়েশিয়ার হয়ে নাগিনেশ্বরন সতনাকুমারন, সাইর আশরাফ ও আউলগা গুনাওয়ান দুটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে তাফিউলের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়ার ব্যাটাররা। ডানহাতি এই পেসার ৭.৫ ওভারে মাত্র ১৮ রান দিয়ে শিকার করেন ৭ উইকেট। এর মধ্যে ছিল দুটি মেডেন ওভার।

মালয়েশিয়ার হয়ে কিছুটা প্রতিরোধ গড়েন নাগিনেশ্বরন। ৮১ বলে ৫০ রান করেন তিনি। তবে অন্য প্রান্তে সতীর্থদের কাছ থেকে যথেষ্ট সমর্থন পাননি।

তাফিউলের সঙ্গে বল হাতে দারুণ অবদান রাখেন রুবায় ইসলাম রিজন। দুটি উইকেট নিয়ে মালয়েশিয়ার ইনিংস গুটিয়ে দিতে সহায়তা করেন তিনি।

 

আর্জেন্টিনাকে ছেড়ে জন্মভূমি হাইতির হয়ে খেলবেন কিকি রামোস

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ
আর্জেন্টিনাকে ছেড়ে জন্মভূমি হাইতির হয়ে খেলবেন কিকি রামোস

জন্মভূমি হাইতির টানে আর্জেন্টিনার জার্সি ছেড়ে দিলেন ভেলেজ সার্সফিল্ডের তরুণ ফুটবলার স্টিফেন কিকি রামোস। কাতারে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আর্জেন্টিনার বদলে হাইতির হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে নিজের জন্মভূমিকে প্রতিনিধিত্ব করতেই এই সিদ্ধান্ত ১৭ বছর বয়সী উইঙ্গারের।

২০০৯ সালের ৩ এপ্রিল হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে জন্ম রামোসের। ২০১০ সালের ভয়াবহ ভূমিকম্প থেকে বেঁচে যাওয়ার পর ছোটবেলাতেই তিনি আর্জেন্টিনায় চলে যান। দেশটির একটি পরিবার তাকে দত্তক নেয়। বুয়েনস এইরেসে বেড়ে ওঠা রামোস ফুটবলের হাতেখড়ি পান ভেলেজ সার্সফিল্ডের একাডেমিতে।

প্রতিভাবান এই উইঙ্গার এর আগে আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলের হয়ে কয়েকটি প্রীতি ম্যাচ খেলেছেন। তবে এবার তিনি হাইতির হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। হাইতি ফুটবল ফেডারেশন (এফএফএইচ) সামাজিক যোগাযোগমাধ্যমে তার সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

ফেডারেশন লিখেছে, ‘স্টিফেন অস্কার রামোস, ডাকনাম কিকি। ২০০৯ সালের ৩ এপ্রিল পোর্ট-অ-প্রিন্সে তার জন্ম। ভেলেজ সার্সফিল্ডের এই তরুণ খেলোয়াড় হাইতিকে বেছে নিয়েছেন। ব্রাজিলে অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি!’

গতি, শারীরিক শক্তি ও আক্রমণাত্মক দক্ষতার জন্য পরিচিত রামোসকে হাইতির সম্ভাবনাময় তরুণ ফুটবলারদের একজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। সম্প্রতি ভেলেজ সার্সফিল্ডের সঙ্গে নিজের প্রথম পেশাদার চুক্তিও করেছেন তিনি। তবে এখনো ক্লাবটির মূল দলের হয়ে অভিষেক হয়নি তার।

বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-তে হাইতির প্রতিপক্ষ ফ্রান্স, সৌদি আরব ও উরুগুয়ে। আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।

যুব পর্যায়ে আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচ খেললেও হাইতির হয়ে জাতীয় দলে খেলার পথে বাধা নেই রামোসের। কারণ, প্রীতি ম্যাচে কোনো খেলোয়াড়ের অংশগ্রহণ তাকে স্থায়ীভাবে একটি জাতীয় দলের সঙ্গে আবদ্ধ করে না। ফলে সিনিয়র পর্যায়েও হাইতির প্রতিনিধিত্ব করার যোগ্যতা থাকছে তার।