খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু
খুলনা প্রতিনিধি: খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নগরীর বয়রায় বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।
খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম, জেলা প্রশাসক হুরে জান্নাত, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব অমিতাভ পরাগ তালুকদার।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইমেলার বিকল্প নেই। বই মানুষের পরম বন্ধু। বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারলে জ্ঞানভিত্তিক ও শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হবে।
এর আগে বইমেলা উপলক্ষে নগরীর নিউমার্কেট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আয়োজকেরা জানান, ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা এবং সরকারি ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় মোট ৯০টি স্টল রয়েছে। এর মধ্যে ৭১টি ঢাকার প্রকাশনা প্রতিষ্ঠানের। মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ, শিশু-কিশোরদের আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন থাকছে। পাশাপাশি তিনটি সেমিনার এবং বই ক্রেতাদের জন্য প্রতিদিন কুপনের মাধ্যমে পুরস্কার দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।









