শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম ও সিআরএম বুথ উদ্বোধন
সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: গ্রাহকসেবা আরও আধুনিক, দ্রুত ও সহজলভ্য করার লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসির শ্যামনগর শাখায় এটিএম ও সিআরএম বুথ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথটির উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার্স অফিস, খুলনার মহাব্যবস্থাপক জাহিদুল ইসলাম মোল্যা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ধারাবাহিকতায় সোনালী ব্যাংক পিএলসি গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ও নিরাপদ ব্যাংকিংসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। এটিএম ও সিআরএম বুথ চালুর ফলে শ্যামনগর এলাকার গ্রাহকেরা এখন থেকে ২৪ ঘণ্টা টাকা উত্তোলন ও জমাসহ বিভিন্ন ব্যাংকিংসেবা গ্রহণ করতে পারবেন।
সোনালী ব্যাংক পিএলসির শ্যামনগর শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার প্রশান্ত ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিস, সাতক্ষীরার ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ আমির খসরু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিস, সাতক্ষীরার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শেখ সালাহউদ্দীন ও মো. রবিউল ইসলাম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার আশুতোষ দাশ এবং জেনারেল ম্যানেজার্স অফিস, খুলনার সিনিয়র অফিসার মো. সাইফুদ্দীন আজমতসহ শ্যামনগর শাখার কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং ব্যাংকের সাফল্য কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ছবির ক্যাপশন: শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম ও সিআরএম বুথ উদ্বোধন করছেন খুলনার জেনারেল ম্যানেজার্স অফিসের মহাব্যবস্থাপক জাহিদুল ইসলাম মোল্যা।






