সুন্দরবন উপকূলে জলবায়ু সংকট ও সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার নিয়ে কর্মশালা
সংবাদদাতা: সাতক্ষীরার সুন্দরবনসংলগ্ন মুন্সিগঞ্জে উপকূলীয় জলবায়ু সংকট, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার বিষয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে এক সংবেদনশীলতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী এ কর্মশালা সিসিটিভি শক্তি প্রকল্পের আওতায় সিসিডিবির প্রকল্প কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে উপকূলীয় অঞ্চলের নারী ও প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এসব বিষয় গণমাধ্যমে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
দেশ টিভির স্টাফ রিপোর্টার ও জ্যেষ্ঠ সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সমন্বয়ে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সিসিডিবি শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নীলিমা রানী। প্রশিক্ষণ প্রদান করেন চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না। কর্মশালায় উপকূলের ৩০ জন নারী ও তরুণ-তরুণী সরাসরি অংশ নিয়ে তাঁদের দৈনন্দিন জীবনসংগ্রাম ও নানা সংকটের কথা তুলে ধরেন।
কর্মশালার সমন্বয়ক শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, উপকূলীয় অঞ্চলের সুপেয় পানির সংকট, লবণাক্ততা বৃদ্ধি এবং বননির্ভর মানুষের নিরাপত্তাহীনতা কেবল পরিসংখ্যান নয়, এগুলো মানুষের বাস্তব জীবনসংগ্রামের চিত্র। মূলধারার গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব বিষয় তুলে ধরতে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। সংবেদনশীল বিষয়গুলো সতর্কতার সঙ্গে উপস্থাপন করে প্রকৃত সংকট ও সমাধানের দিকগুলো তুলে ধরা জরুরি।
সভাপতির বক্তব্যে নীলিমা রানী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলের নারী ও তরুণেরা নানা সংকটের মুখোমুখি হচ্ছেন। তাঁদের জীবনসংগ্রাম ও সম্ভাবনার কথা গণমাধ্যমের নীতি-নৈতিকতা বজায় রেখে জনসমক্ষে তুলে ধরা প্রয়োজন। এ ধরনের কর্মশালা স্থানীয় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনে উৎসাহিত করবে।
প্রশিক্ষক আমিনা বিলকিস ময়না বলেন, উপকূলীয় নারীদের জীবনসংগ্রাম ও টিকে থাকার প্রচেষ্টা গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা জরুরি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কোন তথ্য কীভাবে প্রকাশ করতে হবে এবং কোন স্পর্শকাতর বিষয় এড়িয়ে চলতে হবে, সে বিষয়ে সাংবাদিকদের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।
সাতক্ষীরা শ্যামনগর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য এম কামরুজ্জামান বলেন, জলবায়ু সংকট ও সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহার বিবেচনায় রেখে সংবাদ পরিবেশনে এ ধরনের আয়োজন গণমাধ্যমকর্মীদের দক্ষতা ও সংবেদনশীলতা বাড়াবে।
সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন বলেন, বনদস্যুতা কিংবা ম্যানগ্রোভ বনকেন্দ্রিক জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিয়ে প্রতিবেদন তৈরির সময় স্থানীয় পরিবেশ ও মানুষের সুরক্ষার বিষয়টি বিবেচনায় রাখা জরুরি। দায়িত্বশীল সাংবাদিকতাই প্রান্তিক মানুষের কথা নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিতে পারে।
উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এম এ হালিম বলেন, সুপেয় পানির সংকট ও লবণাক্ততার প্রভাব উপকূলীয় নারীদের স্বাস্থ্যে কী ধরনের সমস্যা তৈরি করছে, তা নিয়ে আরও বেশি কাজ করার সুযোগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ব্যবহার করে এসব আঞ্চলিক সংকট বিশ্বদরবারে তুলে ধরতে হবে।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সিসিডিবি শক্তি প্রকল্পের অ্যাকাউন্টস অফিসার বাপ্পি দাস বৈরাগী, কমিউনিটি অর্গানাইজার মেহেরুন ফেরদৌস ও ধ্রুব বিশ্বাস। কর্মশালায় অংশ নেওয়া ৩০ জন নারী ও তরুণ উপকূলীয় সংকট নিরসনে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের সক্রিয় ও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।









