মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

হজের টাকা সরাসরি সৌদি আরবের ব্যাংক হিসাবে পাঠানোর নির্দেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:০৯ অপরাহ্ণ
হজের টাকা সরাসরি সৌদি আরবের ব্যাংক হিসাবে পাঠানোর নির্দেশ

আগামী ২০২৭ সালের হজ মৌসুমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীদের সৌদি আরবে স্থানীয় খরচ মেটাতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে হজের আবাসন, মিনা-আরাফায় তাঁবু বুকিং, পরিবহন ও অন্যান্য সেবার খরচ আন্তর্জাতিক ব্যাংক হিসাব নম্বর (আইবিএএন) ব্যবহার করে সৌদি আরবে পাঠাতে হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর প্রধান কার্যালয়ে পাঠিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিবন্ধিত সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের সৌদি আরব পর্বের ব্যয়ের অর্থ সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় ও রমনা করপোরেট শাখায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্ধারিত ব্যাংক হিসাবের মাধ্যমে পাঠাতে হবে।

অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনার হজ এজেন্সিগুলো উন্নত প্যাকেজের হোটেল ভাড়া, মাশায়ের (মিনা-আরাফা-মুজদালিফা) ব্যবস্থাপনা এবং পরিবহনসংক্রান্ত চুক্তির অর্থ সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে সরাসরি সৌদি আরবে সেবাদানকারী প্রতিষ্ঠানের আইবিএএন হিসাবে পাঠাবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরবে আবাসন, মিনা-আরাফায় তাঁবু বুকিং এবং সার্ভিস কোম্পানিগুলোর সঙ্গে প্রয়োজনীয় চুক্তি সম্পন্ন করতে হবে। এসব কার্যক্রমের ব্যয় যথাসময়ে পাঠানো জরুরি।

আইবিএএন বা ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর হলো— আন্তর্জাতিকভাবে ব্যাংক হিসাব শনাক্ত করার একটি স্বীকৃত পদ্ধতি। বিভিন্ন দেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট ব্যাংক হিসাব সঠিকভাবে শনাক্ত করতে এটি ব্যবহার করা হয়। হজের আবাসন ও অন্যান্য সেবা বাবদ অর্থ পরিশোধেও সৌদি আরবের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এ নম্বর ব্যবহার বাধ্যতামূলক।

এদিকে, সৌদি সরকার ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য প্রাথমিকভাবে ৭৮ হাজার ৫০০ জনের কোটা বরাদ্দ দিয়েছে। তবে বেসরকারি হজ এজেন্সিগুলোর চাহিদার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত কোটা চেয়ে আবেদন করেছে বাংলাদেশ সরকার। কোটা বাড়ানো হলে আগামী বছর বাংলাদেশ থেকে প্রায় ৯৬ হাজার মানুষ হজ পালনের সুযোগ পেতে পারেন।

প্রকাশিত হজ প্যাকেজ অনুযায়ী, সৌদি আরব পর্বে জনপ্রতি সর্বোচ্চ ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৭০ হাজার ৯০ টাকা। আর সর্বনিম্ন ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ৬২ হাজার ৯১১ টাকা।

নতুন নির্দেশনার ফলে হজের বিভিন্ন সেবা বাবদ অর্থ পাঠানোর প্রক্রিয়া আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে আরও সমন্বিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরবে আবাসন ও অন্যান্য সেবা নিশ্চিত করার ক্ষেত্রে অর্থ পরিশোধের প্রক্রিয়ায় শৃঙ্খলা আসবে।

Ads small one

টিকিট থাকার পরও বোর্ডিং না পেয়ে যাত্রীর মৃত্যু, এয়ারলাইনকে ২৬ লাখ রুপি জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
টিকিট থাকার পরও বোর্ডিং না পেয়ে যাত্রীর মৃত্যু, এয়ারলাইনকে ২৬ লাখ রুপি জরিমানা

বিজনেস ক্লাসের টিকিট থাকা সত্ত্বেও ওভারবুকিংয়ের দোহাই দিয়ে বোর্ডিং না দেওয়ায় চিকিৎসাবঞ্চিত এক যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে দায়ের করা মামলায় এয়ারলাইনের চরম গাফিলতি ও সেবার ত্রুটি প্রমাণ হওয়ায় নিহতের স্ত্রীকে ২৬ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে দক্ষিণ দিল্লি ক্রেতা সুরক্ষা কমিশন।

আদালতের গত ২৯ অক্টোবরের রায়ে এয়ারলাইনটিকে টিকিটের নব্বই হাজার রুপি ফেরত দেওয়ার পাশাপাশি মামলা পরিচালনার খরচ হিসেবে আরও ৩০ হাজার রুপি পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালের জুলাইয়ে। ইসরায়েলে কর্মরত ৪৯ বছর বয়সী এক নার্স মেরুদণ্ডের গুরুতর অসুস্থতা নিয়ে জরুরি অস্ত্রোপচারের উদ্দেশ্যে তেলে আবিব থেকে মুম্বাই হয়ে নিজের শহর ম্যাঙ্গালুরে যাচ্ছিলেন। ৮ জুলাই নির্ধারিত অস্ত্রোপচারের জন্য তিনি ও তাঁর এক আত্মীয় মুম্বাই পৌঁছান। তবে পূর্বেই হুইলচেয়ার সহায়তার আবেদন এবং চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির কথা এয়ারলাইন কর্মীদের জানানো হলেও ওভারবুকিংয়ের কথা বলে তাঁদের ম্যাঙ্গালুরগামী সংযোগকারী ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। এয়ারলাইনের পক্ষ থেকে জানানো হয়, তাঁদের পরদিনের (৯ জুলাই) ফ্লাইটে পাঠানো হবে। বাধ্য হয়ে রাতে মুম্বাইয়ের একটি হোটেলে অবস্থান করার পর ৯ জুলাই সকালে বিমানবন্দরে গিয়ে হুইলচেয়ার আনার আগেই ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়েন এবং সকাল পৌনে ৯টায় মারা যান।

মনিকা এ শ্রীবাস্তব ও কিরণ কৌশলের সমন্বয়ে গঠিত কমিশন রায়ে উল্লেখ করে, অন্য কানেক্টিং ফ্লাইটের ২৮ জন যাত্রীকে জায়গা দিতে গিয়ে কনফার্মড টিকিট এবং সময়ের মধ্যে কাউন্টারে আসা হুইলচেয়ারমুখী শারীরিক প্রতিবন্ধী যাত্রীকে প্রাধান্য না দেওয়া এয়ারলাইনের মারাত্মক অবহেলা। মেডিকেল ইনফরমেশন ফর্ম (মেডিফ) জমা না দেওয়ার পক্ষে এয়ারলাইনের যুক্তি খারিজ করে কমিশন বলে, বোর্ডিং দেওয়া হলে হয়তো কোনও আনুষ্ঠানিকতা ছাড়াই তিনি বেঁচে যেতেন। এয়ারলাইনের এই অমানবিক সিদ্ধান্তের কারণেই সময়মতো চিকিৎসা না পেয়ে তার মৃত্যু হয়েছে বলে রায়ে জানানো হয়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

দেবহাটায় অজয় বিশ্বাসের মৃত্যু: এলাকায় শোকের ছায়া

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ
দেবহাটায় অজয় বিশ্বাসের মৃত্যু: এলাকায় শোকের ছায়া

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলার উত্তর সখিপুর গ্রামের মৃত ধ্রুব বিশ্বাসের ছেলে অজয় বিশ্বাস (৩৫) মারা গেছেন। সোমবার (৯ নভেম্বর) সকাল ৮টার দিকে অসুস্থতাজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর দিন বিকেল ৪টায় ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

অজয় বিশ্বাসের মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোখলেছুর রহমান (মুকুল), উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান (কামরুল), সমাজসেবক ও ব্যবসায়ী পঙ্কোজ তরফদার এবং ব্যবসায়ী আখতার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তাঁরা প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দেবহাটায় ইছামতী নদীর বেড়িবাঁধে ৪০০ গাছ রোপণের উদ্যোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ
দেবহাটায় ইছামতী নদীর বেড়িবাঁধে ৪০০ গাছ রোপণের উদ্যোগ

Oplus_131072

কে এম রেজাউল করিম, দেবহাটা: দেবহাটা উপজেলা পরিষদের অর্থায়নে ইছামতী নদীর বেড়িবাঁধের পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন প্রকল্পের আওতায় টাউনশ্রীপুর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার মণ্ডল, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা, বন সংরক্ষণ কর্মকর্তা মোজাম্মেল হোসেন, ইউনিয়ন জামায়াতের প্রশাসনিক সম্পাদক ফয়েজুল ইসলাম ও টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার মিজানুর রহমান প্রমুখ।

ইউএনও মিলন সাহা বলেন, বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে উপজেলা প্রশাসন কাজ করছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বৃক্ষ বিতরণ ও রোপণ করা হচ্ছে। ইছামতী নদীর বেড়িবাঁধে এ কার্যক্রম অব্যাহত থাকবে। সংশ্লিষ্টরা জানান, ওই এলাকায় নিম, কুল, বাইনসহ বিভিন্ন প্রজাতির ৪০০ গাছ রোপণ করা হবে।