শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
সংবাদদাতা: সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার এবং তাঁর সংসদ সদস্য পদসংক্রান্ত বিষয়ে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশন বরাবর লিখিত পত্র পাঠানোর কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহমান।
গত বুধবার (১১ নভেম্বর) ‘সচেতন নাগরিক সমাজ, শ্যামনগর’-এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীকে জড়িয়ে দেওয়া বিভিন্ন বক্তব্য ও অভিযোগের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে মাওলানা আবদুর রহমান বলেন, গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামীর সাংগঠনিক দায়িত্ব ও সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বর্তমানে জামায়াতের কেউ নন। একজন ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ বা তাঁর ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় পুরো সংগঠনের ওপর চাপানো যুক্তিসংগত নয়।
সংসদ সদস্য পদ ও আসন শূন্য করার বিষয়ে তিনি বলেন, এ-সংক্রান্ত সাংবিধানিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশন বরাবর লিখিত পত্র পাঠানো হয়েছে। ফলে এ বিষয়ে দল কোনো উদ্যোগ নেয়নি—এমন অভিযোগ সঠিক নয়। তবে সংসদ সদস্য পদ বহাল রাখা বা শূন্য ঘোষণার সিদ্ধান্ত সংশ্লিষ্ট সাংবিধানিক কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত।
গাজী নজরুল ইসলামকে ঘিরে চলমান মামলা প্রসঙ্গে লিখিত বক্তব্যে বলা হয়, জামায়াতে ইসলামী আইনের শাসন, ন্যায়বিচার ও বিচার বিভাগের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল। আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের আগে কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করা উচিত নয়। বিচারাধীন বিষয়ে আদালতের ওপর প্রভাব বিস্তার কিংবা আদালতের এখতিয়ার খর্ব করার পক্ষে দলটি নয়। আইন নিজস্ব গতিতে চলবে এবং আদালতের সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে।
সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে জামায়াতে ইসলামী নিজেদের রাজনৈতিক স্বার্থে শ্যামনগরের মানুষের স্বার্থ উপেক্ষা করছে—এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে উপজেলা জামায়াতের আমির বলেন, শ্যামনগর কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তি নয়। এ এলাকার মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করা রাজনৈতিক সংগঠনগুলোর দায়িত্ব। সুন্দরবনের জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপত্তা, নদীভাঙন, বেড়িবাঁধ, সুপেয় পানি, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানসহ এলাকার সমস্যাগুলো জামায়াতের কাছেও গুরুত্বপূর্ণ।
সচেতন নাগরিক সমাজের ঘোষিত গণস্বাক্ষর কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে নাগরিকদের মতপ্রকাশ ও দাবি জানানোর অধিকার রয়েছে। জামায়াত এ অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। তবে কোনো কর্মসূচিতে অসত্য তথ্য, ব্যক্তিগত আক্রমণ কিংবা কোনো সংগঠনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করার প্রবণতা থাকা উচিত নয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ১১ নভেম্বরের সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন দলটি সংসদ সদস্য পদসংক্রান্ত বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি এবং নিজেদের রাজনৈতিক স্বার্থে শ্যামনগরের মানুষের অধিকার উপেক্ষা করছে। এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে দলটি বলেছে, সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ, স্পিকার ও নির্বাচন কমিশন বরাবর পত্র পাঠানো এবং বিচারাধীন বিষয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার বিষয়গুলো বিবেচনায় না নিয়ে একতরফা অভিযোগ তোলা বস্তুনিষ্ঠ নয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নেতা অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মইনুদ্দিন মাহমুদ, এস এম ফজলুল হক, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মহসিন আলম, মাওলানা আমিনুর, সহকারী অধ্যাপক আব্দুল হামিদ, সাইদী হাসান, ইমাম হাসানসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা।









