হামজা-ফারহান দলে যোগ দিলেই বাংলাদেশের খেলার চেহারা পাল্টে যাবে- সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠের লড়াইয়ে সেটাই দেখা গেলো। প্রবাসীদের নিয়ে গড়া লঙ্কান দলকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। হামজা, শমিত, ফারহান ও রাকিবের নৈপুণ্যে ৪-০ গোলের বড় জয় পেয়েছে টমাস ডুলির দল। তাতে টানা দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠেছে স্বাগতিকরা।
অন্যদিকে বড় ব্যবধানে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে শ্রীলঙ্কাকে। গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ রানার্সআপ হয়েছে ভুটান। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত। বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল।
বুধবার জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। তার ফলও মিলেছে দ্রুত। শমিত সোমের গোলে এগিয়ে যাওয়ার পর বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা চৌধুরী।
শমিত-হামজার গোলে শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে বাংলাদেশশমিত-হামজার গোলে শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে বাংলাদেশ
তিন পরিবর্তন নিয়ে একাদশ সাজান কোচ টমাস ডুলি। জামাল ভূঁইয়া, ফয়সাল আহমেদ ফাহিম ও বিশ্বনাথ ঘোষের জায়গায় খেলেছেন হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও মোহাম্মদ ইব্রাহিম। প্রথমবারের মতো অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া হামজা খেলেছেন নম্বর টেন পজিশনে। শুরু থেকেই শ্রীলঙ্কার ওপর চাপ তৈরি করে খেলতে থাকে স্বাগতিকরা।
৫ মিনিটে প্রথম সুযোগ তৈরি করে বাংলাদেশ। রাকিবকে ফাউল করায় বক্সের কয়েক গজ বাইরে ফ্রি-কিক পায় লাল-সবুজের দল। হামজার জোরালো শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
তবে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ৮ মিনিটেই এগিয়ে যায় তারা। হামজার ক্রস থেকে গোলরক্ষক বল পাঞ্চ করে বিপদমুক্ত করার চেষ্টা করেন। বক্সের প্রান্তে থাকা শমিত সোমের প্রথম শট এক ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হলেও ফিরতি বল পেয়ে যান তিনি। দ্বিতীয় প্রচেষ্টায় জোরালো শটে বল জালে জড়ান নিউইয়র্ক কসমসে খেলা এই ফুটবলার। তাতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন বাংলাদেশের সমর্থকরা।
১৬ মিনিটে আবারও আক্রমণে যায় বাংলাদেশ। শমিতের কাটব্যাক থেকে হামজার জোরালো শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।
২৫ মিনিটে দুর্দান্ত একটি গোলের সুযোগ তৈরি করেন হামজা। সতীর্থের লং পাস হেড করে তাঁর দিকে বাড়িয়ে দেন রাকিব। আগুয়ান গোলরক্ষক বলের নাগাল পাওয়ার আগেই প্রথম স্পর্শে বল নিজের নিয়ন্ত্রণে নেন হামজা। এরপর তাঁর দারুণ ব্যাকহিল ক্রসবারের নিচের অংশে লাগলেও জালে জড়ায়নি।
৪০ মিনিটে ডিলন ডি সিলভার ক্রসে পা ছোঁয়াতে পারেননি কেউ। পরের মিনিটে রাকিবের শট ডান দিকে ঝাঁপিয়ে আটকে দেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা।
৪৪ মিনিটে আবারও গোল উৎসবে মাতে বাংলাদেশ। ইব্রাহিমের লং পাস পেয়ে বক্সের ভেতরে একজন ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে জাল কাঁপান হামজা। গোলরক্ষকের গায়ে লেগে বল জালে জড়ালে ব্যবধান ২-০ করে বাংলাদেশ।
বিরতির পরও বাংলাদেশের খেলায় ছন্দপতন হয়নি। আগের মতোই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দল। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল পায় স্বাগতিকরা।
একক প্রচেষ্টায় অসাধারণ গোল করে ৫৩ মিনিটে ব্যবধান বাড়ান ফারহান। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে ড্রিবলিংয়ে তিন ডিফেন্ডারকে কাটিয়ে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে ডান পায়ের নিখুঁত শটে বল জালে পাঠান ইংল্যান্ডপ্রবাসী এই ফরোয়ার্ড। ঢাকার মাঠে দর্শনীয় এমন গোল অনেক দিন পর দেখলেন দর্শকরা।
৬৬ মিনিটে একসঙ্গে তিন পরিবর্তন আনেন কোচ। মোহাম্মদ ইব্রাহিম, ফারহান আলী ও তারিক কাজী মাঠ ছাড়েন। তাদের জায়গায় নামেন হৃদয়, সুকি ইতোফুসা ও ফয়সাল আহমেদ ফাহিম। সেই পরিবর্তনের পরই ৭০ মিনিটে ডান দিক দিয়ে বক্সে ঢুকে লক্ষ্যে শট নিয়েছিলেন ইতোফুসা শুকি। দুর্ভাগ্য সেটি পা বাড়িয়ে আটকে দেন গোলরক্ষক।
কিছুক্ষণ পর ফাহিমও একইভাবে বক্সে ঢুকে পোস্ট লক্ষ্য করে শট নেন। কিন্তু এবারও সুজন পেরেরাকে পরাস্ত করতে পারেননি তিনি।
এরপর সাদ উদ্দিন ও কাজেম শাহকে তুলে নেন কোচ। তাদের জায়গায় মাঠে নামেন জামাল ভূঁইয়া ও রহমত মিয়া। ৮৫ মিনিটে শুকি ইতোফুসার জোরালো শটও প্রতিহত করেন গোলরক্ষক। তবে দুই মিনিট পর আরেকটি গোল পেয়ে যায় বাংলাদেশ। একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সে ঢুকে গোলরক্ষকের পাশ দিয়ে দুর্দান্ত ফ্লিকে জালে বল পাঠান রাকিব হোসেন। শেষ পর্যন্ত ৪-০ গোলের দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।