শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

বিশ্বপ্রাণের তুর্যবাদক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
বিশ্বপ্রাণের তুর্যবাদক

 

আমিনুল ইসলাম
যখন মামুলি আনন্দের অভ্যাসে
আমাদের জীবন হয়ে ওঠে
নিস্তরঙ্গ জলাশয়,
বেড়ে ওঠে শ্যাওলা, জমে ওঠে বালি,
নজরুল, তখন তুমি আসো হয়ে
দুরন্ত কালবোশেখির ঝড়,
আমরা নব আনন্দে গেয়ে উঠি:
‘তোরা সব জয়ধ্বনি কর!
তোরা সব জয়ধ্বনি কর!
ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখির ঝড়!

যখন জাতপাত ও ধর্মের দ্বন্দ্বে-
মূঢ় আমরা উন্মত্ত
বিজ্ঞান ও বৈশ্বায়নের আলো ঘোচাতে পারে না
বিভাজিত মনের জটিল অন্ধকার,
এশিয়ায়,
ইউরোপে,
আফ্রিকায়-
রক্তে রেঙে ওঠে সম্প্রীতির আল্পনা আঁকা
ঐতিহাসিক জনপদ,
হে মহান প্রাণের রাষ্ট্রদূত,
হে বিশ্বমানব,
তখন তুমি শোনাও অভেদ মানবতার অমেয়বাণী:
‘গাহি সাম্যের গান
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান,
যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-ক্রীশ্চান।’
যখন নিত্যনতুন বৈষম্যের কারাগারে
বন্দী হয়ে পড়ে নারী,
অভিচারী রঙের জাগলারি গুলিয়ে দেয়
তার আত্মার ঠিকানা,
সে নিজেও ভুলতে বসে-সে কে,
আর কীইবা তার স্বপ্ন,
তখন তুমি তাকে আবারো শোনাও
আত্ম-জাগরণের বাণী:
‘বিশ্বের যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’
‘জাগো নারী জাগো বহ্নিশিখা’-
তোমার এই অগ্মিমন্ত্র কণ্ঠে নিয়ে
পুনরায় স্বরূপে জেগে ওঠে নারী।

নতুন দাসত্বে জড়িয়ে যখন আমরা
শক্তিসমুদ্রে থেকেও শক্তিহীন হয়ে পড়ি,
যখন আমাদের প্রভু অনেক,
আত্মবিশ্বাস হারিয়ে আমরা আমজনতা
আত্মপরিচয়হারা, তখন-
‘‘বলো বীর, চির উন্নত মম শির
শির নেহারি আমারি নত শির ঐ শিখর হিমাদ্রীর!’
-বলে জাগিয়ে দাও আমাদের;
প্রত্যাবৃত্ত আত্মবিশ্বাসে
আমরা সমস্বরে বলে উঠি
‘‘আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ।’

সেই কবে বিস্তারিত হাতে
তুমি গানের প্রাণে বেঁধে দিয়েছো-
পল্লীবালার চুড়ির নিক্কণ,
উম্মে কুলসুমের কণ্ঠের জোয়ার,
আটলান্টিকের ঢেউ,
পারসিয়ান বুলবুলির রাতের কান্না,
এবং সরস্বতী-ভোরের অনুদ্ধত হাসি;

মুষ্টিমেয়তার বৃত্ত ভেঙে এবং
গোষ্ঠীতন্ত্রের ভ্রুকুটি উপেক্ষা করে
সেইদিন থেকে-
গান হয়ে উঠেছে সবার,
কবিতা হয়ে উঠেছে সকলের।

Ads small one

প্রথমবার মিললো ‘ডার্ক ম্যাজিক মাশরুম’

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ণ
প্রথমবার মিললো ‘ডার্ক ম্যাজিক মাশরুম’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিশ্বের প্রথম ডার্ক ম্যাজিক মাশরুম বা ভেষজ ছত্রাকের সন্ধান পাওয়া গেছে, যা একই সঙ্গে হ্যালুসিনেশন এবং মৃত্যুর কারণ হতে পারে। বৈজ্ঞানিক জার্নাল কারেন্ট বায়োলজি-তে প্রকাশিত গবেষণায় মাইকোলজিস্টরা জানিয়েছেন, গ্যালেরিনা ইন্ডিকা নামের এই প্রজাতিটি বিশ্বজুড়ে প্রথম যার মধ্যে সাইকেডেলিক বা মানসিক আবেশ সৃষ্টিকারী এবং বিষাক্ত উভয় উপাদানই রয়েছে।

এর আগে কিছু মাশরুমে শুধু সাইলোসাইবিন (ম্যাজিক মাশরুমের উপাদান) এবং অন্যগুলোতে অ্যামাটক্সিনের মতো বিষাক্ত উপাদান পাওয়া গেলেও একসঙ্গে দুটির উপস্থিতি এই প্রথম মিললো। গবেষণার সহ-লেখক অ্যান্ড্রু কুনিখ বলেন, আমরা জানতাম যে এটি সম্ভব, তবে আরও নিবিড় বিশ্লেষণ না করা পর্যন্ত আমরা খুব বেশি উচ্ছ্বসিত হতে চাইনি।

অন্যান্য সাধারণ বাদামী মাশরুমের মতো দেখতে হওয়ায় এগুলোর মধ্যে পার্থক্য করা কঠিন বলে জানান ফ্লোরিডার স্টেট মাইকোলজিস্ট ও গবেষক ম্যাথিউ স্মিথ। তিনি আরও বলেন, মানুষের জীবন বাঁচাতে এমন আবিষ্কার অত্যন্ত জরুরি। প্রজাতিগুলো সম্পর্কে জানা এবং সেগুলো কোনও সমস্যা তৈরি করতে পারে কি না, তা চিহ্নিত করাই তার কাজের অংশ।

ইউনিভার্সিটি অব ইউটার মাইকোলজিস্ট এবং গবেষণার আরেক সহ-লেখক ব্রিন ডেন্টিঙ্গার জানান, এই ছত্রাকে উভয় উপাদানের উপস্থিতির কারণ সম্ভবত হরাইজন্টাল জিন ট্রান্সফার। বিষয়টিকে তিনি এভাবে ব্যাখ্যা করেন, যেন আমরা হাত মেলালাম এবং আমার ডিএনএর কিছু অংশ আপনার জিনোমে মিশে গেলো।

সূত্র: উইয়ন নিউজ

৪ হাজার কোটির ‘রামায়ণ’ কি ফ্লপ হচ্ছে?

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ণ
৪ হাজার কোটির ‘রামায়ণ’ কি ফ্লপ হচ্ছে?

মুক্তির মাত্র আট দিনের মাথায় বিশ্বজুড়ে বক্স অফিসে এক হাজার কোটি রুপির মাইলফলক পেরিয়ে গেছে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল সিনেমা ‘রামায়ণ: পার্ট ১’। নীতিশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর এবং রাবণের চরিত্রে অভিনয় করেছেন যশ। কিন্তু আকাশচুম্বী বাজেট, দুর্বল চিত্রনাট্য এবং আন্তর্জাতিক বাজারে প্রত্যাশা পূরণ করতে না পারায় ছবিটিকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক, এত আয়ের পরও কি আদতে সফল হলো ‘রামায়ণ’?

বিশাল বাজেটের বড় চ্যালেঞ্জ

এনডিটিভি প্রফিটের প্রতিবেদন অনুযায়ী, দুই পর্বের ‘রামায়ণ’-এর সম্মিলিত বাজেট প্রায় ৪ হাজার কোটি রুপি। প্রথম পর্বের উৎপাদন ব্যয় আনুমানিক ২ হাজার কোটি রুপি ধরা হলে শুধু প্রেক্ষাগৃহ থেকে এই অর্থ তুলে আনতে বিশ্বজুড়ে প্রায় ৫ হাজার কোটি রুপি আয় করতে হবে। ১২ নভেম্বর পর্যন্ত ছবিটি বিশ্বব্যাপী ১ হাজার ৩৩ দশমিক ৫৫ কোটি রুপি আয় করলেও প্রযোজকের হাতে প্রেক্ষাগৃহ থেকে আসা লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে মাত্র ৪০০ থেকে ৪৫০ কোটি রুপি। স্ট্রিমিং ও স্যাটেলাইট স্বত্ব থেকে আয় যুক্ত হলেও বিশাল এই বাজেটের কারণে ছবিটির চূড়ান্ত মুনাফা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

মুক্তির দিনের হতাশা ও দুর্বল আবেগ

হিন্দুস্তান টাইমসের তথ্যমতে, প্রথম দিনে বিশ্বব্যাপী ১৬০ কোটি রুপি আয়ের পূর্বাভাস থাকলেও ছবিটি আয় করে প্রায় ১২৭ কোটি রুপি। পরবর্তী সময়ে গতি বাড়লেও নির্মাণের মান নিয়ে সমালোচনা কমেনি। এনডিটিভি ইন্ডিয়ার পর্যালোচনায় বলা হয়েছে, ছবিটির প্রোডাকশন ডিজাইন ও মহাকাব্যের কম পরিচিত অধ্যায়গুলোর উপস্থাপনা প্রশংসনীয় হলেও এর চিত্রনাট্য দুর্বল, আবহসংগীত অতিরিক্ত উচ্চশব্দের এবং আবেগের গভীরতার অভাব রয়েছে। রামের চরিত্রে রণবীর কাপুরের মানিয়ে নিতে সময় লাগলেও রাবণ চরিত্রে যশের অভিনয় ছবির অন্যতম শক্তিশালী দিক হিসেবে উঠে এসেছে।

ভিএফএক্স বনাম গল্প ও আন্তর্জাতিক বাজার

নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওস এবং অস্কারজয়ী ভিএফএক্স প্রতিষ্ঠান ডিএনইজি-র যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটিতে হলিউড মানের ভিজ্যুয়াল ইফেক্টস ব্যবহার করা হয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, কেবল দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল ইফেক্টস দর্শকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে না, যদি গল্পের আবেগ ও নৈতিক দিকটি দুর্বল হয়।

এ ছাড়া ছবিটিকে একটি বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যও পুরোপুরি সফল হয়নি।

দ্য ইকোনমিক টাইমসের মতে, প্রথম ছয় দিনে ভারতে ৪০৩ দশমিক ৯ কোটি রুপি আয় করলেও বিদেশের বাজারে আয় হয়েছে মাত্র ২৬০ কোটি রুপি।

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক গিরিশ ওয়াংখেড়ে দ্য ইকোনমিক টাইমসকে বলেন, পশ্চিমা দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপনের যে প্রতিশ্রুতি ছবিটি দিয়েছিল, তা প্রত্যাশা পূরণ করতে পারেনি।

আগের নির্মাণের সঙ্গে তুলনা ও চূড়ান্ত হিসাব

রামানন্দ সাগরের জনপ্রিয় টিভি ধারাবাহিক, ১৯৯৩ সালের ইন্দো-জাপানি অ্যানিমেশন ছবি কিংবা ২০২৩ সালে সমালোচিত ‘আদিপুরুষ’ আগের এসব নির্মাণের কারণে দর্শকদের প্রত্যাশার চাপ ছিল অনেক বেশি। সব মিলিয়ে ‘রামায়ণ: পার্ট ১’-কে সরাসরি ফ্লপ বলা না গেলেও বিশাল বিনিয়োগের তুলনায় এর আর্থিক সাফল্য ও বৈশ্বিক প্রভাব এখনও পরীক্ষার মুখে রয়েছে।

উদ্বিগ্ন নন প্রযোজক

বিপুল এই লগ্নির পরও লাভ-ক্ষতি নিয়ে মোটেও উদ্বিগ্ন নন প্রযোজক নমিত মালহোত্রা। সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্কে হারুন রশিদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রথম পর্ব প্রত্যাশিত অঙ্ক তুলতে না পারলেও দ্বিতীয় পর্ব সেই ঘাটতি পুষিয়ে দেবে।

টাওয়ার অব লন্ডন বা তাজমহলের দাম যেমন সংখ্যায় মাপা যায় না, তেমনি ‘রামায়ণ’-কে তিনি ‘জীবনে একবারই আসে এমন সুযোগ’ এবং ‘ঐশ্বরিক হস্তক্ষেপ’ হিসেবে দেখছেন। তার মতে, প্রতিটি ডলার ও সেন্টের হিসাব কষা বেশ ‘অশোভন’।

প্রথম পর্ব লক্ষ্যমাত্রা পূরণ না করলে কী হবে, এমন প্রশ্নে নমিত বলেন, আমরা এখনও চলচ্চিত্র যাত্রার মাঝপথে আছি। সবে প্রথম পর্ব বানিয়েছি। দ্বিতীয় পর্বটি প্রথমটির চেয়েও বড় সিনেমা হতে যাচ্ছে, তাই আমি দুটি সিনেমার শেষেই বাণিজ্যিক ফলাফল বিচার করতে চাই। এটিই বুদ্ধিমানের কাজ, কারণ এই সিনেমাটি যদি ভালোবাসা পায় কিন্তু সব অঙ্ক মেলাতে না পারে, আমরা জানি যে দ্বিতীয় পর্ব এসে সেটি সামলে নেবে।

জেন-জিদের প্লেলিস্টে হুমায়ূন আহমেদের যেসব গান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ণ
জেন-জিদের প্লেলিস্টে হুমায়ূন আহমেদের যেসব গান

শুক্রবার (১৩ নভেম্বর) কিংবদন্তি কথাসাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক হুমায়ূন আহমেদের ৭৯ তম জন্মদিন। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন তিনি। ২০১২ সালের ১৯ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হুমায়ূন আহমেদ নাটক-সিনেমা নির্মাণের পাশাপাাশি বেশ কিছু গানও লিখেছেন। এই গানগুলো যুগ পেরিয়ে জেন-জিদের প্লেলিস্টেও রয়েছে। এই গানগুলোতে ফেসবুক রিলস, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন প্রজন্মকে ঠোঁট মেলাতে দেখা যায়।

জেনে নেওয়া যাক, হুমায়ূন আহমেদের কোন গানগুলো জেন-জিদের পছন্দের তালিকায়…

১. একটা ছিল সোনার কন্যা

হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমার গান এটি। তার লেখা এই গানে সুর ও সংগীত পরিচালনা করেছেন মাকসুদ জামিল মিন্টু। এতে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি শিল্পী সুবীর নন্দী। পর্দায় এ গানে দেখা গেছে মেহের আফরোজ শাওন, মাহফুজ আহমেদ ও জাহিদ হাসানকে।

২. ও আমার উড়াল পঙ্খিরে

এটি হুমায়ূন আহমেদের ‘চন্দ্রকথা’ সিনেমার গান। তার লেখা এই গানে সুর ও সংগীত পরিচালনা করেছেন মাকসুদ জামিল মিন্টু। এতে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি শিল্পী সুবীর নন্দী। পর্দায় এ গানে দেখা গেছে মেহের আফরোজ শাওন ও ফেরদৌসকে।

৩. চাঁদনী পসরে কে আমায় স্মরণ করে

এটিও হুমায়ূন আহমেদের ‘চন্দ্রকথা’ সিনেমার গান। তার লেখা এই গানে সুর ও সংগীত পরিচালনা করেছেন মাকসুদ জামিল মিন্টু। এতে কণ্ঠ দিয়েছেন সেলিম চৌধুরী। পর্দায় এ গানে দেখা গেছে আসাদুজ্জামান নুর ও মেহের আফরোজ শাওন ও ফেরদৌসকে।

৪. যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়

এই গানটি হুমায়ূন আহমেদের এক অসাধারণ সৃষ্টি। মেহের আফরোজ শাওনের কণ্ঠে এই গানটি চলচ্চিত্রে নয়, পাওয়া গিয়েছিল নাটকে। এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন এস আই টুটুল।

৫. আমার ভাঙা ঘরে ভাঙা চালা

হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে ব্যবহৃত এই গানটির সুর ও সংগীত মাকসুদ জামিল মিন্টুর। গানটির দুইটি ভার্সন আছে। মূল ছবিতে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন। অ্যালবামে মেহের আফরোজ শাওনের কণ্ঠেও শোনা যায় এই গান। চলচ্চিত্রে গানের সাথে ঠোঁটও মিলিয়েছেন মূল নায়িকা শাওন।

নোয়াখালীর চৌমুহনী সরকারি এস এ কলেজের ছাত্র মো: শাকিব বলেন, ‘হুমায়ূন আহমেদের লেখা গানের কথাগুলো সব সময় নতুন মনে হয়। এটা নির্দিষ্ট কোনও প্রজন্মের জন্য না, আমি মনে করি আগামী প্রজন্মের পছন্দের তালিকাতেও তার লেখা গানগুলো থাকবে।’

প্রেমা নামের টিকটক ব্যবহারকারী একজন বলেন, ‘হুমায়ূন আহমেদের গানগুলোর কথা ও সুর সব সময় মন ছুঁয়ে যায়। এখন নতুন যে গান হচ্ছে সেগুলোর চেয়ে তার গানগুলোর কথা ও সুর অনেক উঁচুমানের বলা চলে। আমি প্রায় সময় তার গান শুনি।’