বুধহাটায় জগদ্ধাত্রী পূজা শুরু, ২০ নভেম্বর প্রতিমা বিসর্জন
সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা শুরু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) ষষ্ঠীপূজার মধ্য দিয়ে বুধহাটা দ্বাদশ শিবকালী মন্দিরে পাঁচ দিনব্যাপী এ পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। আগামী শুক্রবার (২০ নভেম্বর) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে আয়োজন।
জগদ্ধাত্রী দেবী ত্রিনয়না, চতুর্ভূজা ও সিংহবাহিনী। তাঁর চার হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ। গলায় নাগযজ্ঞোপবীত এবং গাত্রবর্ণ উদীয়মান সূর্যের মতো। সিংহবাহিনী দেবীর বাহনের পায়ের নিচে রয়েছে হস্তিরূপী অসুর। কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়।
পুরাণ অনুসারে, মহিষাসুর বধের পর দেবতাদের মধ্যে অহংকার জন্মেছিল। তাঁরা নিজেদের সম্মিলিত শক্তিকেই অসুর বধের কারণ মনে করেছিলেন। দেবতাদের সেই অহংকার দূর করতে দেবী জগদ্ধাত্রীর আবির্ভাব ঘটে বলে কথিত আছে। দেবী দেবতাদের সামনে একটি তৃণখণ্ড রেখে তাঁদের শক্তির পরীক্ষা নেন। অগ্নি, বায়ু কিংবা বরুণ—কেউই নিজেদের শক্তিতে সেই তৃণখণ্ডের পরিবর্তন ঘটাতে পারেননি। এর মধ্য দিয়ে দেবী বোঝান, বিশ্বজগতের সব শক্তির উৎস মহাশক্তি।
পূজার সূচি অনুযায়ী, ১৭ নভেম্বর মঙ্গলবার সপ্তমী ও মহাষ্টমীর পূজা অনুষ্ঠিত হবে। ১৮ নভেম্বর বুধবার (১ অগ্রহায়ণ) নবমী তিথিতে সকাল থেকে রাত পর্যন্ত চলবে বিশেষ আরাধনা। ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিশিষ্ট ভাগবত আলোচক বিল্বমঙ্গল দেবনাথের পরিচালনায় ভাগবত আলোচনা অনুষ্ঠিত হবে। ২০ নভেম্বর শুক্রবার দশমীপূজা শেষে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।
বুধহাটা দ্বাদশ শিব ও কালীমন্দির যুব সংঘের সাধারণ সম্পাদক তাপস পাল বলেন, সব প্রস্তুতি সম্পন্ন করে যথাযথ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজার আয়োজন করা হয়েছে। প্রতিদিনই ভক্ত ও দর্শনার্থীদের সমাগম ঘটবে বলে আশা করছেন তাঁরা। শুক্রবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার সমাপ্তি হবে।
যুব সংঘের কোষাধ্যক্ষ বাসুদেব কর্মকার বলেন, প্রতিবছরের মতো এবারও ভক্তি ও নিষ্ঠার সঙ্গে জগদ্ধাত্রী পূজার আয়োজন করা হয়েছে। পূজাকে ঘিরে মন্দির প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সব অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আয়োজকেরা কাজ করছেন। তিনি পূজার সার্বিক সফলতায় ভক্ত ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
পূজায় পৌরোহিত্য করছেন ভোলানাথ চক্রবর্তী। ধর্মীয় আচার-অনুষ্ঠান, ভাগবত আলোচনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে বুধহাটা দ্বাদশ শিবকালী মন্দির প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হবে।












