দলিত জনগোষ্ঠীর নাগরিক সেবায় অভিগম্যতা নিয়ে পরামর্শ সভা
তালা প্রতিনিধি: মৌলিক অধিকার ও নাগরিক সেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা নিশ্চিত করার বিষয়ে সাতক্ষীরায় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে সাতক্ষীরা পৌরসভা সম্মেলন কক্ষে নাগরিক উদ্যোগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বিডিইআরএম সাতক্ষীরা জেলা সভাপতি দুলাল দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। নাগরিক উদ্যোগের তালার সহকারী ফিল্ড কো-অর্ডিনেটর জুয়েল সরকারের সঞ্চালনায় সভায় পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী, সুশীল সমাজের প্রতিনিধি এবং নাগরিক উদ্যোগের ফিল্ড কো-অর্ডিনেটর পলাশ হালদার ও ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার পবিত্র ম-ল উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, দেশের বিভিন্ন শহর ও গ্রামাঞ্চলে সুইপার, ডোম, কানপুরী, তেলেগু, ঋষি, কাওরা, বেঁদে, রবিদাস, পৌন্ড্র, চা-শ্রমিক, নিকারী ও শিকারিসহ বিভিন্ন পরিচয়ে প্রায় ৬০ থেকে ৬৫ লাখ দলিত জনগোষ্ঠীর মানুষ বসবাস করছেন। জন্ম ও পেশাগত পরিচয়ের কারণে তাঁরা নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন।
সভায় আরও জানানো হয়, এ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, মানবাধিকার সুরক্ষা এবং বৈষম্য কমাতে নাগরিক উদ্যোগ ২০২৫ সালের জানুয়ারি থেকে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় শিক্ষা, মানবাধিকার এবং নগর স্যানিটেশনকর্মীদের পেশাগত সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি জাতীয় পর্যায়ে নীতিনির্ধারকদের সঙ্গে অ্যাডভোকেসি কার্যক্রম চালানো হচ্ছে।
সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরা হয়। একই সঙ্গে দলিত জনগোষ্ঠীর মৌলিক অধিকার ও নাগরিক সেবা পাওয়ার সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় ও যোগাযোগ জোরদারের বিষয়ে আলোচনা এবং পরামর্শ গ্রহণ করা হয়।









