খুলনায় ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার চুরির চেষ্টায় দুজনের আট মাসের কারাদন্ড
খুলনা সংবাদদাতা: খুলনায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার চুরির চেষ্টার সময় আটক দুই ব্যক্তিকে আট মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন আদালত।
সোমবার (১৬ নভেম্বর) খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের তৃতীয় আদালত সংক্ষিপ্ত বিচারিক পদ্ধতিতে এ রায় দেন। দ-প্রাপ্তরা হলেন রমজান শেখ (২৩) ও গোলাম রসুল (২৬)।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খুলনা বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগারটি খুলনা বিভাগীয় সিএসডি গুদামের সীমানাপ্রাচীরের ভেতরে একটি টিনশেড গ্যারেজে রাখা ছিল। ১৫ নভেম্বর সাতক্ষীরা জেলায় খাদ্য নমুনা পরীক্ষার কর্মসূচি থাকায় ১৪ নভেম্বর রাতে গাড়িচালক ভ্যানটি খুলনা সার্কিট হাউসে নেওয়ার জন্য গ্যারেজে যান। এ সময় তিনি গ্যারেজের ভেতরে মানুষের কথাবার্তার শব্দ শুনতে পান।
বিষয়টি নিরাপদ খাদ্য কর্মকর্তাকে জানানোর পর সিএসডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ব্যবস্থাপককে অবহিত করা হয়। পরে গাড়িচালক, নিরাপত্তাপ্রহরী ও সিএসডির কর্মচারীদের সহায়তায় রমজান শেখ ও গোলাম রসুলকে আটক করা হয়।
প্রাথমিক পর্যবেক্ষণে ভ্রাম্যমাণ পরীক্ষাগারের বিভিন্ন নিরাপত্তা লক, জেনারেটরের কেবল, সার্কিট ব্রেকার ও মনিটরের লক বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া গাড়ির দুটি গ্লাস, ওপরের ভেন্টিলেশন ও সাউন্ড বক্স খুলে একত্রে রাখা ছিল।
পরে আটক দুজনকে খালিশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ১৪ নভেম্বর রাতে থানায় মামলা হয়। ১৫ নভেম্বর তাঁদের আদালতে পাঠানো হলে বিচারিক কার্যক্রম শেষে আদালত আট মাসের বিনাশ্রম কারাদ- দেন। একই সঙ্গে জব্দ করা মালামাল নিরাপদ খাদ্য কর্মকর্তার হেফাজতে দেওয়ার নির্দেশ দেন।
খুলনা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খাতুন স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।









