সম্পাদকীয়/উপকূলের আর্তনাদ ও জলবায়ু ন্যায়বিচার: ঋণ নয়, প্রাপ্য ক্ষতিপূরণই কাম্য
তুরস্কের আন্তালিয়ায় চলমান ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) ঘিরে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জনপদ আবারও সরব হয়ে উঠেছে। সাতক্ষীরা ও খুলনার পাইকগাছায় তরুণদের কাফনের কাপড় পরে প্রতীকী প্রতিবাদ, খালি কলস হাতে নারীদের মানববন্ধন এবং কৃষক-জেলেদের পথসভা কেবল কয়েকটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়; বরং এটি জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপন্ন এক বিশাল জনগোষ্ঠীর অস্তিত্ব রক্ষার তীব্র আর্তনাদ। ২০০৭ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের ক্ষত আজও বয়ে বেড়ানো এই উপকূলের মানুষ এখন আর কেবল আশ্বাসের বাণী শুনতে চান না, তাঁরা চান তাঁদের ন্যায্য অধিকার ও জলবায়ু ন্যায়বিচার।
বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের ভূমিকা নগণ্য হলেও জলবায়ু পরিবর্তনের সবচেয়ে নির্মম শিকার আমাদের এই উপকূলীয় অঞ্চল। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন আর তীব্র লবণাক্ততার কারণে সাতক্ষীরা ও খুলনার বিস্তীর্ণ জনপদের মানুষের জীবন-জীবিকা, কৃষিজমি ও বসতভিটা আজ চরম হুমকির মুখে। সুপেয় পানির তীব্র সংকট উপকূলীয় নারীদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে, যার প্রতিফলন দেখা গেছে পাইকগাছার মানববন্ধনে খালি কলস হাতে নারীদের উপস্থিতিতে। অন্যদিকে, সাতক্ষীরার প্রাণসায়ের খালপাড়ে তরুণদের কাফনের কাপড় পরে প্রতীকী মৃতদেহ সেজে প্রতিবাদ জানানো প্রমাণ করে, জলবায়ু সংকট এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, এটি উপকূলবাসীর জন্য জীবন-মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
প্রতিবাদ কর্মসূচিগুলোতে উঠে আসা সবচেয়ে যৌক্তিক ও গুরুত্বপূর্ণ দাবিটি হলোÑজলবায়ু অর্থায়নে ঋণের পরিবর্তে অনুদান। ঐতিহাসিক দায়বদ্ধতা থেকে উন্নত ও শিল্পোন্নত দেশগুলোর উচিত ক্ষতিগ্রস্ত দেশগুলোকে নিঃশর্ত ক্ষতিপূরণ বা অনুদান দেওয়া। কিন্তু দুঃখজনকভাবে জলবায়ু তহবিলের নামে ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, যা ক্ষতিগ্রস্ত দরিদ্র কৃষক ও জেলেদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘায়ের শামিল। তাই কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের নীতিনির্ধারকদের অত্যন্ত জোরালোভাবে এই অবস্থান তুলে ধরতে হবে যে, জলবায়ু অর্থায়ন হতে হবে সম্পূর্ণ অনুদানভিত্তিক এবং তা সরাসরি প্রান্তিক কৃষক, জেলে ও বাস্তুচ্যুত মানুষের কল্যাণে ব্যয় করতে হবে।
আন্তর্জাতিক মহলের কাছে দাবি আদায়ের পাশাপাশি অভ্যন্তরীণ ব্যবস্থাপনায়ও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। উপকূলের মানুষের সুরক্ষায় টেকসই ও মজবুত বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানির স্থায়ী সমাধান এবং লবণাক্ততাসহিষ্ণু কৃষি ব্যবস্থা গড়ে তোলায় রাষ্ট্রীয় বিনিয়োগ বাড়াতে হবে। একই সঙ্গে জলবায়ু তহবিলের অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি সরকারি কৃষক কার্ড ও শস্যবিমা কর্মসূচিতে বর্গাচাষি, নারী কৃষক, ভূমিহীন ও প্রকৃত জেলেদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা প্রয়োজন।
উপকূল বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বিশ্বনেতাদের বুঝতে হবে, উপকূলীয় মানুষের জীবন ও প্রকৃতিকে বিপন্ন রেখে বৈশ্বিক উন্নয়ন অর্থহীন। কাফনের কাপড় পরা তরুণদের এই প্রতিবাদ আর কৃষক-জেলেদের ন্যায্য দাবির প্রতি সম্মান জানিয়ে কপ-৩১ সম্মেলনে কার্যকর ও ন্যায়সংগত সিদ্ধান্ত গৃহীত হবেÑএটাই প্রত্যাশা।









