সুস্থ সমাজ ও টেকসই উন্নয়নে স্বাস্থ্যসম্মত টয়লেটের গুরুত্ব
প্রকাশ ঘোষ বিধান
সবার জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট বা উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা সুস্থ সমাজ ও টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত টয়লেট শুধু ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখে না, জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশদূষণ রোধ এবং মানুষের সামাজিক মর্যাদা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রতি বছর ১৯ নভেম্বর পালিত হয় বিশ্ব টয়লেট দিবস। বিশ্বব্যাপী স্যানিটেশন সংকট মোকাবিলা এবং সবার জন্য নিরাপদ টয়লেট নিশ্চিত করতে সচেতনতা তৈরিই এ দিবসের মূল উদ্দেশ্য। ২০০১ সালের ১৯ নভেম্বর সিঙ্গাপুরভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশন প্রথম দিবসটি পালন করে। পরে ২০১৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯ নভেম্বরকে আনুষ্ঠানিক আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
খোলা জায়গায় মলত্যাগ ও অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহারের ফলে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, আমাশয় ও হেপাটাইটিস-এ-এর মতো পানিবাহিত রোগ ছড়ায়। স্বাস্থ্যসম্মত টয়লেট মানববর্জ্য নিরাপদে সংরক্ষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে এসব রোগের জীবাণু ছড়িয়ে পড়া রোধ করে। অন্যদিকে, অস্বাস্থ্যকর টয়লেটের বর্জ্য বৃষ্টির পানির সঙ্গে মিশে নদী-নালা, পুকুর ও ভূগর্ভস্থ পানির উৎস দূষিত করতে পারে। উন্নত স্যানিটেশন ব্যবস্থা পরিবেশকে দূষণ ও দুর্গন্ধমুক্ত রাখতে সহায়তা করে।
বিশ্বজুড়ে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম কারণ ডায়রিয়া। নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা গেলে শিশুদের পানিবাহিত রোগ, অপুষ্টি ও অকালমৃত্যুর ঝুঁকি কমানো সম্ভব। নারী ও কিশোরীদের সুরক্ষা এবং ক্ষমতায়নের ক্ষেত্রেও নিরাপদ টয়লেট, পানি, সাবান ও মাসিক স্বাস্থ্যবিধির সুযোগ নিশ্চিত করা জরুরি।
বিশ্বের প্রায় ৩ দশমিক ৪ বিলিয়ন মানুষ এখনো নিরাপদভাবে পরিচালিত স্যানিটেশন সুবিধার বাইরে রয়েছে। প্রায় ৩৫ কোটি ৪০ লাখ মানুষ এখনো খোলা জায়গায় মলত্যাগ করতে বাধ্য হয়। অপরিকল্পিত স্যানিটেশন ও খোলা স্থানে মলত্যাগের কারণে পানি ও খাবার দূষিত হয়, ছড়ায় ডায়রিয়া ও কলেরার মতো রোগ। নিরাপদ স্যানিটেশন ও বিশুদ্ধ পানি নিশ্চিত করা গেলে বিশ্বজুড়ে প্রতিবছর বহু মানুষের জীবন রক্ষা করা সম্ভব।
বাড়ি ও কর্মস্থলে নিরাপদ টয়লেটের অভাবে নারী ও কিশোরীদের নানা ধরনের নিরাপত্তাহীনতার মুখে পড়তে হয়। বিশেষ করে অন্ধকার বা নির্জন স্থানে শৌচকর্ম করতে গেলে তাদের ঝুঁকি বাড়ে। শিক্ষা ও কর্মপ্রতিষ্ঠানে নারী-পুরুষের জন্য পৃথক, পরিচ্ছন্ন ও নিরাপদ টয়লেট থাকলে মাসিককালীন স্বাস্থ্যবিধি বজায় রাখাও সহজ হয়। বিদ্যালয়ে মেয়েদের জন্য উপযোগী টয়লেটের ব্যবস্থা ছাত্রীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে।
পরিবার ও সমাজের প্রতিটি স্তরে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার এবং শৌচকর্মের পর সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শুধু টয়লেট নির্মাণ করলেই দায়িত্ব শেষ হয় না; নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সেপটিক ট্যাংক পূর্ণ হলে নিরাপদ পদ্ধতিতে বর্জ্য অপসারণের ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। স্কুল, কলেজ, বাজার, বাসস্ট্যান্ড ও কর্মক্ষেত্রে নারী, পুরুষ ও প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী পরিচ্ছন্ন গণশৌচাগার নির্মাণ জরুরি।
স্বাস্থ্যসম্মত স্যানিটেশন মানুষের কর্মক্ষমতা ও উৎপাদনশীলতা বাড়ায়। মানুষ সুস্থ থাকলে অসুস্থতার কারণে কর্মদিবস নষ্ট হয় না, চিকিৎসার পেছনেও বাড়তি অর্থ ব্যয় কমে। এতে পরিবারের সঞ্চয় বাড়ে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ে। পাশাপাশি বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের উপযোগী টয়লেট নিশ্চিত করা সবার সমান সুযোগ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজন।
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি-৬) অন্যতম প্রধান লক্ষ্য হলো সবার জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করা। টেকসই উন্নয়ন অর্জনে এ লক্ষ্য বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আধুনিক স্যানিটেশন প্রযুক্তির মাধ্যমে মানববর্জ্য প্রক্রিয়াজাত করে নিরাপদ জৈব সার ও বায়োগ্যাস উৎপাদন করা সম্ভব। এর ফলে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি পরিবেশবান্ধব অর্থনীতির বিকাশেও অবদান রাখা যায়।
সুস্থ সমাজ গঠন, পরিবেশ সুরক্ষা ও মানুষের মর্যাদা নিশ্চিত করতে স্বাস্থ্যসম্মত টয়লেটের বিকল্প নেই। তাই ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে সবার জন্য নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতে হবে।
লেখক: সাংবাদিক ও কলামিস্ট









