রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় আকভান: বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, কাল ভারী বৃষ্টির আভাস

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
ঘূর্ণিঝড় আকভান: বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, কাল ভারী বৃষ্টির আভাস

শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় আকভানের। ঝড়ের কেন্দ্রের কাছাকাছি বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর বিক্ষুব্ধ হয়ে ওঠায় দেশের চার সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তবে ঘূর্ণিঝড়টির গতিপথ এখন ভারতের দিকে। আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ এটি ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামীকাল ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

বুধবার (১৮ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রবল ঘূর্ণিঝড় আকভান উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। বুধবার দুপুর ১২টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৩৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ১৭৫ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ১৩৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সকালে বাতাসের এ গতিবেগ ছিল ঘণ্টায় ৮৮ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং উপকূলের কাছাকাছি সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আগামীকাল ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

Ads small one

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

রাজধানী গুলশান থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৯ নভেম্বর) রাতে গুলশান-২ এর ১১৩ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছে।

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তারও আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ
ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের নীতিগত ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আত্মনিয়ন্ত্রণাধিকার ও রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে বাংলাদেশ।

সোমবার (৩০ নভেম্বর) ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে রবিবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের অব্যাহত লঙ্ঘন দিবসটির তাৎপর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনি জনগণের ওপর অব্যাহত হামলা, ইসরায়েলি বসতির লাগামহীন সম্প্রসারণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশে বিধিনিষেধ একটি টেকসই ও অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামতের প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন, যেখানে যুদ্ধের কৌশল হিসেবে বেসামরিক নাগরিকদের অনাহারে রাখার নিষেধাজ্ঞাসহ আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে দখলদার বাহিনীর বাধ্যবাধকতাগুলো পুনর্ব্যক্ত করা হয়েছে।

জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ এবং দখলদারিত্বের অবসানের আহ্বান পুনর্ব্যক্ত করে তারেক রহমান জাতিসংঘের সাধারণ বিতর্কে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে পূর্বে রেকর্ড করা বক্তব্য পেশ করার সুযোগ দিয়ে গৃহীত প্রস্তাবটিকে স্বাগত জানান।

এছাড়া বেসামরিক নাগরিকদের সুরক্ষা, বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিতকরণ এবং প্রারম্ভিক পুনরুদ্ধার ও পুনর্গঠনে সহায়তার সুস্পষ্ট ম্যান্ডেটসহ গাজায় জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন প্রতিষ্ঠার প্রতিও তিনি সমর্থন ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, সংহতির এই দিনে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি বাস্তবসম্মত ও ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে, যাতে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিগুলোকে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করা যায় এবং তারা নিজ স্বাধীন মাতৃভূমিতে শান্তি, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচারের সাথে বসবাস করতে পারে।

কুশখালি ইউনিয়ন তাঁতীদলের ২২ সদস্যের আংশিক কমিটি অনুমোদন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ণ
কুশখালি ইউনিয়ন তাঁতীদলের ২২ সদস্যের আংশিক কমিটি অনুমোদন

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি ইউনিয়ন তাঁতীদলের ২২ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলা তাঁতীদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ আবু তুহিন ও সদস্য সচিব মো. নাহিদ হাসান টিপু স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সভাপতি হিসেবে মো. আশরাফুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মো. মমিনুর রহমান, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ, সাংগঠনিক সম্পাদক মো. সাকিব হোসেন, দপ্তর সম্পাদক মো. জামাল গাজী ও প্রচার সম্পাদক মো. তরিকুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া কমিটিতে আরও ১৫ জন সদস্য রয়েছেন। সাতক্ষীরা সদর উপজেলা তাঁতীদলের সদস্য সচিব মো. নাহিদ হাসান টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।