দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় শিশু পাচার ও যৌন শোষণ প্রতিরোধে থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকর করার লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দেবহাটা মডেল মসজিদের সম্মেলনকক্ষে রাইটস যশোরের আয়োজনে এবং দ্য ফ্রিডম ফান্ডের কারিগরি ও আর্থিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন। বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুসফিয়াতুন নাহার এবং দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম।
রাইটস যশোরের প্রকল্প কর্মকর্তা মো. আতিকুর রহমান সভায় বক্তব্য দেন। বিষয়ভিত্তিক উপস্থাপনা ও সার্বিক সমন্বয় করেন প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির সোশ্যাল মোবিলাইজার মাধবী রানী।
সভায় বক্তারা শিশু পাচার ও যৌন শোষণ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে পুলিশের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা র্যাপিড রেসপন্স স্কোয়াডের দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশুদের শনাক্তকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং পাচার ও শোষণের শিকার শিশুদের প্রয়োজনীয় সেবা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন।
বক্তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।












