প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
ন্যাশনাল ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান এবার প্রধানমন্ত্রী হিসেবে জন্মদিন পালন করছেন। তবে জন্মদিন উপলক্ষে কোনো আনুষ্ঠানিক আয়োজন বা উদযাপন না করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তিনি।
দলীয় সূত্র জানায়, নিজের জন্মদিন ঘিরে কোনো উৎসব বা আনুষ্ঠানিকতা চান না তারেক রহমান। এ বিষয়ে দলীয় নেতাদেরও তাঁর মনোভাব জানানো হয়েছে। তবে বিএনপি চেয়ারম্যানের জন্মদিন ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা রয়েছে।
দিনটি উপলক্ষে বিভিন্ন পর্যায়ে সামাজিক ও ধর্মীয় কর্মসূচি হাতে নিয়েছেন দলীয় নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছে। কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ২০ টাকা প্রতীকী মূল্যে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের মাধ্যমে বই উৎসবের আয়োজন করা হয়েছে।
এ ছাড়া বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজধানীর মগবাজারের জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলু রোড মাদ্রাসায় কোরআন খতম, দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদানের কর্মসূচি নিয়েছে। দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও সামাজিক কর্মসূচি ও দোয়া মাহফিল আয়োজন করছেন।
১৯৮৮ সালে ২২ বছর বয়সে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় রাজনীতিতে যুক্ত হন তারেক রহমান। তবে এর আগে থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে মা খালেদা জিয়ার সঙ্গে দেশব্যাপী নির্বাচনী প্রচারণায় অংশ নেন। ২০০১ সালের নির্বাচনেও মায়ের পাশাপাশি প্রচারণা চালান তিনি।
২০০২ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান তারেক রহমান। এরপর দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ বাড়ান। বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিভিন্ন তৃণমূল সভায় অংশ নিয়ে সংগঠক ও সক্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন।
ওয়ান-ইলেভেনের রাজনৈতিক পটপরিবর্তনের সময় কারাবরণ ও নির্যাতনের শিকার হন তারেক রহমান। পরে চিকিৎসার জন্য লন্ডনে যান। সেখান থেকে দলের সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হন। ২০০৯ সালে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল ও ২০১৬ সালে ষষ্ঠ জাতীয় কাউন্সিলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থানের পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি। তাঁর প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক সমাগম ঘটে। পূর্বাচলে আয়োজিত সংবর্ধনায় তিনি ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
তারেক রহমানের নেতৃত্বে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়। ১৭ ফেব্রুয়ারি তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। বর্তমানে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ২০২৬ সালের এপ্রিলে টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায়ও তাঁর নাম অন্তর্ভুক্ত হয়।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁর বিভিন্ন উদ্যোগ, সাদামাটা জীবনযাপন ও কর্মতৎপরতা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক আলোচনা রয়েছে। তাঁদের মতে, তাঁর কর্মকাণ্ড দেশের রাজনীতিতে নতুন ধারার সূচনা করছে।









