রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের জন্ম-ইতিহাসের সঙ্গে সশস্ত্রবাহিনী অঙ্গাঙ্গিভাবে জড়িত: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
বাংলাদেশের জন্ম-ইতিহাসের সঙ্গে সশস্ত্রবাহিনী অঙ্গাঙ্গিভাবে জড়িত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২১ নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল দিন। বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সম্মিলিত প্রতিরোধ ও পাল্টা আক্রমণ দেশের স্বাধীনতা অর্জনের সংগ্রামে নতুন মাত্রা যোগ করেছিল। দেশের মানুষের পাশে দাঁড়ানোর এই দায়িত্বশীলতা সশস্ত্র বাহিনীকে জনগণের আস্থার প্রতীকে পরিণত করেছে।

শনিবার (২১ নভেম্বর) ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেন। এই সমন্বিত অভিযানে মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্য এবং দেশপ্রেমিক সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেন। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের লড়াই নতুন গতি ও মাত্রা লাভ করে। সশস্ত্র বাহিনীর ইতিহাসে দিনটির বিশেষ গুরুত্ব বিবেচনায় প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়।

তিনি মুক্তিযুদ্ধের সময় তৎকালীন মেজর ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সামরিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, স্বাধীনতার ঘোষক হিসেবে তার ভূমিকার পাশাপাশি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা হিসেবে তার সম্পৃক্ততা বাংলাদেশের জন্ম ও সশস্ত্র বাহিনীর ইতিহাসে একটি অনন্য, গৌরবময় ও ঐতিহাসিক ঘটনা।

সশস্ত্র বাহিনীর অবদান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নির্ভীক সাহসিকতা, শৌর্য এবং সংকল্পবদ্ধ শৃঙ্খলার মধ্য দিয়ে গড়ে ওঠা এই বাহিনী জাতির একটি গর্বিত প্রতিষ্ঠান। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাদের অসীম সাহসিকতা বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বল অধ্যায় হয়ে রয়েছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যরা নিরলসভাবে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাহিনীর সদস্যদের অংশগ্রহণ বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী ও প্রশংসনীয় করেছে। সততা, দক্ষতা ও কর্মক্ষমতার মাধ্যমে তারা বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছেন। শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে অন্যতম শীর্ষ অবস্থানে বাংলাদেশের স্বীকৃতি পুরো জাতির জন্য গৌরবের। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দেশের অভ্যন্তরীণ সংকট ও দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর ভূমিকার কথাও বাণীতে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকের সময়ে বাহিনীর সদস্যরা বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছেন। দেশের মানুষের পাশে দাঁড়ানোর এই দায়িত্বশীলতা সশস্ত্র বাহিনীকে জনগণের আস্থার প্রতীকে পরিণত করেছে।

সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নের ধারাবাহিকতা উল্লেখ করে তারেক রহমান বলেন, সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাহিনীকে একটি সুশৃঙ্খল, ক্ষিপ্র ও সদা তৎপর আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলেছিলেন। তার উদ্যোগে সশস্ত্র বাহিনীকে সুশিক্ষিত ও পেশাদার প্রতিষ্ঠানে পরিণত করার কাজ এগিয়ে যায়। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শাসনামলেও বাহিনীর আধুনিকায়ন অব্যাহত ছিল।

তিনি বলেন, উন্নত বিশ্বের সশস্ত্র বাহিনীর সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের বাহিনীকে প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বিস্তারিত পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই আধুনিকায়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ বলে বাণীতে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্য-বীর্যের প্রতীক হচ্ছে তার সশস্ত্র বাহিনী। বিভিন্ন সময়ে বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি এই বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়েছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সশস্ত্র বাহিনী তার সাফল্যের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।

মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানেও সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা স্মরণ করেন তারেক রহমান। তিনি বলেন, ওই গণঅভ্যুত্থানে বাহিনীর ভূমিকা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ছিল। একই সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের সততা, পেশাদারত্ব, দক্ষতা ও কর্মক্ষমতা আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছে।

বাণীর শেষাংশে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীরশ্রেষ্ঠদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তিনি বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ এবং বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এ ছাড়া দেশমাতৃকার স্বার্থে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সব বীর সদস্যের প্রতিও তিনি গভীর সম্মান ও শ্রদ্ধা নিবেদন করেন।

‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সব সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন তিনি।

Ads small one

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

রাজধানী গুলশান থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৯ নভেম্বর) রাতে গুলশান-২ এর ১১৩ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছে।

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তারও আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ
ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের নীতিগত ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আত্মনিয়ন্ত্রণাধিকার ও রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে বাংলাদেশ।

সোমবার (৩০ নভেম্বর) ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে রবিবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের অব্যাহত লঙ্ঘন দিবসটির তাৎপর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনি জনগণের ওপর অব্যাহত হামলা, ইসরায়েলি বসতির লাগামহীন সম্প্রসারণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশে বিধিনিষেধ একটি টেকসই ও অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামতের প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন, যেখানে যুদ্ধের কৌশল হিসেবে বেসামরিক নাগরিকদের অনাহারে রাখার নিষেধাজ্ঞাসহ আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে দখলদার বাহিনীর বাধ্যবাধকতাগুলো পুনর্ব্যক্ত করা হয়েছে।

জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ এবং দখলদারিত্বের অবসানের আহ্বান পুনর্ব্যক্ত করে তারেক রহমান জাতিসংঘের সাধারণ বিতর্কে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে পূর্বে রেকর্ড করা বক্তব্য পেশ করার সুযোগ দিয়ে গৃহীত প্রস্তাবটিকে স্বাগত জানান।

এছাড়া বেসামরিক নাগরিকদের সুরক্ষা, বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিতকরণ এবং প্রারম্ভিক পুনরুদ্ধার ও পুনর্গঠনে সহায়তার সুস্পষ্ট ম্যান্ডেটসহ গাজায় জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন প্রতিষ্ঠার প্রতিও তিনি সমর্থন ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, সংহতির এই দিনে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি বাস্তবসম্মত ও ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে, যাতে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিগুলোকে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করা যায় এবং তারা নিজ স্বাধীন মাতৃভূমিতে শান্তি, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচারের সাথে বসবাস করতে পারে।

কুশখালি ইউনিয়ন তাঁতীদলের ২২ সদস্যের আংশিক কমিটি অনুমোদন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ণ
কুশখালি ইউনিয়ন তাঁতীদলের ২২ সদস্যের আংশিক কমিটি অনুমোদন

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি ইউনিয়ন তাঁতীদলের ২২ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলা তাঁতীদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ আবু তুহিন ও সদস্য সচিব মো. নাহিদ হাসান টিপু স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সভাপতি হিসেবে মো. আশরাফুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মো. মমিনুর রহমান, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ, সাংগঠনিক সম্পাদক মো. সাকিব হোসেন, দপ্তর সম্পাদক মো. জামাল গাজী ও প্রচার সম্পাদক মো. তরিকুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া কমিটিতে আরও ১৫ জন সদস্য রয়েছেন। সাতক্ষীরা সদর উপজেলা তাঁতীদলের সদস্য সচিব মো. নাহিদ হাসান টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।