রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ইমেজ কনসালট্যান্ট দিবস: আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব গঠনের প্রত্যয়

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:২১ অপরাহ্ণ
আন্তর্জাতিক ইমেজ কনসালট্যান্ট দিবস: আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব গঠনের প্রত্যয়

সাকিবুর রহমান বাবলা

ব্যক্তির পরিচয় শুধু নাম, পদবি কিংবা অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। পোশাক-পরিচ্ছদ, আচরণ, শিষ্টাচার, কথাবার্তা ও যোগাযোগের ধরন মিলেই অন্যের কাছে তার সামগ্রিক ভাবমূর্তি তৈরি হয়। একইভাবে কোনো প্রতিষ্ঠানের পরিচিতি ও গ্রহণযোগ্যতা নির্ভর করে কর্মীদের পেশাদারিত্ব, গ্রাহকসেবার মান এবং প্রাতিষ্ঠানিক মূল্যবোধের প্রকাশের ওপর। ব্যক্তি ও প্রতিষ্ঠানের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইমেজ কনসালট্যান্টরা। তাঁদের পেশাগত অবদান, দক্ষতা ও গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর ২৩ নভেম্বর পালিত হয় আন্তর্জাতিক ইমেজ কনসালট্যান্ট দিবস।

দিবসটির সূচনা ২০১২ সালের ২৩ নভেম্বর মেক্সিকোতে। অ্যাসোসিয়েশন অব ইমেজ কনসালট্যান্টস ইন্টারন্যাশনালের দুই সদস্য মানোলো ট্রুজিলো ও হিলদেবার্তো মার্টিনেজ প্রথম এটি পালনের উদ্যোগ নেন। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে সংগঠনটির পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিক ভোটের মাধ্যমে দিনটিকে স্বীকৃতি দেয়। একই বছরের ১৯ মে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অনুষ্ঠিত সংগঠনটির বৈশ্বিক সম্মেলনে ঘোষণাপত্র পাঠের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এরপর ২৩ নভেম্বর প্রথমবার আন্তর্জাতিকভাবে দিবসটি পালিত হয়। পরবর্তী সময়ে এটি ম্যাকগ্র হিলের ‘চেইসিজ ক্যালেন্ডার অব ইভেন্টস’-এ অন্তর্ভুক্ত হয়।

ইমেজ কনসালট্যান্ট বলতে কেবল ফ্যাশন বা পোশাকের পরামর্শদাতাকে বোঝায় না। একজন দক্ষ ইমেজ কনসালট্যান্ট ব্যক্তির পেশা, ব্যক্তিত্ব, জীবনযাপন ও লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বাহ্যিক উপস্থাপনা, আচরণ এবং যোগাযোগের দক্ষতা উন্নয়নে পরামর্শ দেন। তাঁদের কাজের মূল ভিত্তি তিনটি—বাহ্যিক উপস্থাপনা, আচরণ ও যোগাযোগ। পরিপাটি পোশাক ও পরিচ্ছন্নতা, সামাজিক ও পেশাগত শিষ্টাচার, শারীরিক ভাষা, স্পষ্ট বাচনভঙ্গি, উপস্থাপনা এবং আন্তঃব্যক্তিক যোগাযোগের সমন্বয়ই ইমেজ কনসালটিংয়ের মূল দর্শন। মেক্সিকোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে প্রাতিষ্ঠানিক ডিগ্রিও দেওয়া হয়।

এ পেশায় দক্ষ হতে পোশাকের রং ও ধরন নির্বাচন, কালার অ্যানালাইসিস, ওয়ারড্রোব ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, সামাজিক ও কর্পোরেট শিষ্টাচার, শারীরিক ভাষা এবং বিভিন্ন সংস্কৃতির প্রতি সংবেদনশীলতার জ্ঞান প্রয়োজন। পাশাপাশি স্পষ্ট উচ্চারণ, কণ্ঠস্বরের নিয়ন্ত্রণ, জনসমক্ষে বক্তব্য উপস্থাপন, ডিজিটাল মাধ্যমে পেশাদার উপস্থিতি, পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও সহমর্মিতার দক্ষতাও গুরুত্বপূর্ণ। লিংকডইনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক পেশাগত পরিচিতি বজায় রাখার বিষয়টিও তাঁদের পরামর্শের অন্তর্ভুক্ত।

একজন ইমেজ কনসালট্যান্ট প্রথমে ক্লায়েন্টের বর্তমান অবস্থান, পেশা ও ভবিষ্যৎ লক্ষ্য বিশ্লেষণ করে কাঙ্ক্ষিত পরিচিতির সঙ্গে বিদ্যমান ভাবমূর্তির পার্থক্য নির্ধারণ করেন। এরপর ব্যক্তির স্বকীয়তা অক্ষুণ্ন রেখে পোশাক, আচরণ ও যোগাযোগের উন্নয়ন ঘটান। আত্মবিশ্বাস তৈরি, ব্যক্তিগত ব্র্যান্ডিং, প্রথম সাক্ষাতে ইতিবাচক ধারণা সৃষ্টি এবং কর্মক্ষেত্রে গ্রহণযোগ্যতা বাড়ানো এ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ। অনুশীলন, ব্যবহারিক প্রশিক্ষণ ও নিয়মিত মূল্যায়নের মাধ্যমে পরিবর্তনগুলো অভ্যাসে পরিণত করাও তাঁদের কাজের অংশ।

প্রাতিষ্ঠানিক পর্যায়েও এ পেশার গুরুত্ব বাড়ছে। ব্যাংক, হাসপাতাল, তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, ডিজিটাল সেবা কেন্দ্র কিংবা সেবামূলক সংস্থার প্রয়োজন অনুযায়ী পোশাকবিধি, পরিচ্ছন্নতা, গ্রাহকসেবা, ইমেইল ও অনলাইন সভার শিষ্টাচার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ব্যবস্থাপক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য নেতৃত্বের উপস্থিতি, সিদ্ধান্ত উপস্থাপন, জনসমক্ষে বক্তব্য এবং দল পরিচালনার বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়। ফলে কর্মীরা প্রতিষ্ঠানের ইতিবাচক প্রতিনিধি হয়ে উঠতে পারেন।

রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এ দায়িত্ব আরও সংবেদনশীল। কূটনীতিক, রাষ্ট্রদূত ও উচ্চপদস্থ কর্মকর্তাদের পোশাক নির্বাচন, রাষ্ট্রীয় প্রটোকল, আসনবিন্যাস, অভিবাদন, আন্তঃসাংস্কৃতিক আচরণ এবং গণমাধ্যমে বক্তব্য প্রদানের ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করতে হয়। আন্তর্জাতিক অনুষ্ঠানে বিভিন্ন মাত্রার আনুষ্ঠানিক পোশাকবিধি, দাপ্তরিক পোশাক কিংবা নিজ দেশের জাতীয় ও ঐতিহ্যবাহী পোশাক ব্যবহারের ক্ষেত্রেও নিয়ম ও রীতি রয়েছে। পোশাকের রঙের সংযত ব্যবহার এবং কূটনৈতিক ভাষার প্রয়োগ গুরুত্বপূর্ণ। বিদেশ সফরের আগে সংস্কৃতি, উপহার বিনিময় ও ভোজসভার শিষ্টাচার সম্পর্কে ব্রিফিং এবং সংকটকালে ভাবমূর্তি পুনরুদ্ধারেও ইমেজ, প্রটোকল ও যোগাযোগ বিশেষজ্ঞরা সহায়তা করেন।

তবে সুন্দর ভাবমূর্তি মানে অন্যকে অনুকরণ করা কিংবা কেবল বাহ্যিক চাকচিক্য প্রদর্শন নয়; বরং নিজের স্বকীয়তা, সততা, যোগ্যতা ও আত্মবিশ্বাসকে যথাযথভাবে প্রকাশ করা। পরিচ্ছন্ন পোশাক, সময়ানুবর্তিতা, নম্রতা, মনোযোগ দিয়ে অন্যের কথা শোনা, দায়িত্বশীল আচরণ এবং স্পষ্ট যোগাযোগ—এসব অভ্যাস ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি সামাজিক ও পেশাগত সম্পর্ককে শক্তিশালী করে। ডিজিটাল যুগে আমাদের উপস্থাপনার ছবি ও ভিডিও দীর্ঘদিন সংরক্ষিত থাকে এবং ভবিষ্যতে ব্যক্তিগত পরিচিতির অংশ হয়ে উঠতে পারে। তাই ইতিবাচক অভ্যাস ও মার্জিত উপস্থাপনা গড়ে তুলতে ইমেজ কনসালট্যান্টের ভূমিকা গুরুত্বপূর্ণ।

বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে বাংলাদেশের কর্পোরেট, সেবা ও জনসেবামূলক প্রতিষ্ঠানগুলোতে পেশাদার আচরণ ও শিষ্টাচারের গুরুত্ব বেড়েছে। কর্মক্ষেত্রে কেবল যোগ্যতা বা দক্ষতা থাকলেই হয় না; মার্জিত পোশাক, স্পষ্ট বাচনভঙ্গি এবং ইতিবাচক শারীরিক ভাষা প্রতিষ্ঠানের সুনাম বাড়ায় ও গ্রাহকের আস্থা তৈরি করে। বিশেষ করে তরুণদের ক্যারিয়ার গঠনে আত্মবিশ্বাসী উপস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্মক্ষেত্রে মানসম্মত পরিবেশ তৈরি এবং কাজের উৎকর্ষ বাড়াতে সঠিক ইমেজ ম্যানেজমেন্ট ও শিষ্টাচারের চর্চা জরুরি। এসব অভ্যাস ব্যক্তি ও প্রতিষ্ঠানের সামগ্রিক ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়তা করে।

আন্তর্জাতিক ইমেজ কনসালট্যান্ট দিবসের মূল বার্তা হলো মানুষের প্রকৃত ব্যক্তিত্ব ও অন্তর্নিহিত গুণাবলির সঙ্গে বাহ্যিক উপস্থাপনার সমন্বয় ঘটানো। গ্রহণযোগ্য ভাবমূর্তি একদিনে তৈরি হয় না; এটি গড়ে ওঠে সততা, দক্ষতা, আচরণ ও ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে। তাই ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় পর্যায়ে পেশাদারিত্ব এবং ইতিবাচক পরিচিতি প্রতিষ্ঠায় ইমেজ কনসালট্যান্টদের ভূমিকার যথাযথ মূল্যায়ন এবং এ পেশায় প্রশিক্ষণ, সনদায়ন ও নৈতিক মানদণ্ড নিশ্চিত করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি।

Ads small one

তালায় মোবারকপুর রাধাকৃষ্ণ মন্দিরে মাসব্যাপী দামোদর ব্রতের সমাপনী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ
তালায় মোবারকপুর রাধাকৃষ্ণ মন্দিরে মাসব্যাপী দামোদর ব্রতের সমাপনী

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার ব্রিজ মোড়ের মোবারকপুর রাধাকৃষ্ণ মন্দিরে মাসব্যাপী দামোদর ব্রত (কার্তিক ব্রত) উপলক্ষে সমাপনী অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) মন্দির কমিটির সাধারণ সম্পাদক হৃদয় সাধুর সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা করেন কেশবপুরের বালিয়াডাঙ্গা গ্রামের শ্রী অনন্ত প্রভু ও সাতক্ষীরা থেকে আগত শ্রী দ্বিবাকর ভট্টাচার্য।

অনুষ্ঠানে আকস্মিকভাবে উপস্থিত হন তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক এস এম নজরুল ইসলাম। তিনি ভক্তদের উদ্দেশে বক্তব্য দেন এবং সবার আশীর্বাদ কামনা করেন।

এ সময় মন্দিরের ক্যাশিয়ার তুলশি সাধুসহ জগন্নাথ সাধু, বরুণ সাধু, বাপন সাধু, নারায়ণ সাধু, স্বপন সাধু, অরবিন্দ সাধু, কার্তিক সাধু ও অপূর্ব সাধু উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, মাসব্যাপী ব্রত উপলক্ষে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মন্দিরে ভাগবত আলোচনা ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সমাপনী দিনে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভাগবত আলোচনা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় হাজারো ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারি ও যন্ত্রাংশ উদ্ধার, আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারি ও যন্ত্রাংশ উদ্ধার, আটক ১

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দোকান মালিক শেখ মহাসিন কবির (৪০) কে আটক করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে বাগআঁচড়া বাজারের ফুলতলা পট্টিতে অবস্থিত মেসার্স মহাসিন সাইকেল স্টোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর গ্রামের শেখ মিজানুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোকানে চোরাই ব্যাটারি বিক্রির তথ্য পেয়ে এসআই মোস্তাকের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ৫৯টি লিথিয়াম ব্যাটারি, ১৭টি সার্কিট বোর্ড, ১৫টি খোলা সার্কিট, স্টিলের শিট দিয়ে তৈরি ১৪টি বক্স এবং চারটি লিথিয়াম ব্যাটারির বক্স উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৩ হাজার ২০০ টাকা।

এদিকে, একই দিন কলারোয়ার কিসমত ইলিশপুর গ্রামে আটক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে আরও ১৩টি লিথিয়াম ব্যাটারি উদ্ধার করা হয় বলে কলারোয়া থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন।

শার্শা থানার ওসি শামিনুল হক জানান, উদ্ধার করা মালামালসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে গোপন বৈঠক আখ্যা দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে গোপন বৈঠক আখ্যা দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ

বিএম আলাউদ্দীন, আশাশুনি: আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী সভাকে ‘আওয়ামী লীগের গোপন বৈঠক’ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা পূজা উদযাপন পরিষদ।

রোববার (২২ নভেম্বর) দুপুরে আশাশুনি প্রেসক্লাবে পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোমের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক রণজিৎ কুমার বৈদ্য।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৪ নভেম্বর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সদর দুর্গামন্দির প্রাঙ্গণে শুভ বিজয়া পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিদুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ ও সম্পাদক বিশ্বনাথ ঘোষ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, জামায়াতের নায়েবে আমির নুরুল আবছার মর্ত্তজা ও যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তিনি দাবি করেন, অনুষ্ঠানের পরদিন সাতক্ষীরা, খুলনা ও যশোর থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকায় যথাযথ সংবাদ প্রকাশিত হয়। কিন্তু ঘটনার পাঁচ দিন পর কয়েকটি অনলাইন মাধ্যমে পুনর্মিলনী সভাটিকে আওয়ামী লীগের বৈঠক আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করা হয়, যা উদ্দেশ্যপ্রণোদিত।

রণজিৎ কুমার বৈদ্য বলেন, পূজা আয়োজনে সহযোগিতাকারীদের আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানোই ছিল পুনর্মিলনী সভার মূল উদ্দেশ্য। প্রকাশিত সংবাদে পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে দাবি করে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি বলেন, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করে তথ্য যাচাইয়ের মাধ্যমে সংবাদ পরিবেশন করা জরুরি।