চায়ের আড্ডায় সাধারণ মানুষের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহ
কলারোয়া প্রতিনিধি: সারাদিনের কর্মব্যস্ততা শেষে চায়ের দোকানে আড্ডায় মেতেছিলেন দিনমজুর, শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় সেই আড্ডায় যোগ দেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। সাধারণ মানুষের সঙ্গে একই বেঞ্চে বসে চা পান করেন এবং কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।
সন্ধ্যায় কলারোয়া পৌরসভার ইউরেকা পেট্রোল পাম্প মোড় ও ২ নম্বর ওয়ার্ডের তুলসীডাঙ্গা মোড়ের চায়ের দোকানে গিয়ে তিনি সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং তাঁদের কথা শোনেন। হঠাৎ সংসদ সদস্যকে কাছে পেয়ে উপস্থিত লোকজনের মধ্যে আনন্দের সৃষ্টি হয়।
চায়ের দোকানে উপস্থিত ষাটোর্ধ্ব দিনমজুর মশিউর রহমান বলেন, তাঁরা প্রতিদিন কাজ শেষে ওই দোকানে আড্ডা দেন। সেখানে সংসদ সদস্যকে তাঁদের সঙ্গে বসে চা পান করতে দেখে তিনি অবাক হয়েছেন। এভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশলে তিনি সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধি হয়ে উঠবেন বলে মন্তব্য করেন মশিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. ওসমান গনী, জেলা শূরা সদস্য অধ্যাপক রেজাউল ইসলাম, কলারোয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, যুব বিভাগের উপজেলা সভাপতি শামসুল আলম বুলবুল, কর্মপরিষদ সদস্য একেএম কুরবান আলী, পৌর জামায়াতের আমির ও মেয়র প্রার্থী ডা. মো. ইউনুছ আলী বাবুসহ স্থানীয় নেতাকর্মীরা।












