ঘূর্ণিঝড় আকভানে ইটভাটার ক্ষতি ১০ কোটি টাকা, গলে কাদামাটি লাখ লাখ কাঁচা ইট
এম এম জামান মনি, পাটকেলঘাটা: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কয়েক দিনের বৃষ্টিতে সাতক্ষীরার ১২৩টি ইটভাটায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে লাখ লাখ কাঁচা ইট গলে কাদামাটিতে পরিণত হয়েছে। এতে জেলার ইটভাটা মালিকদের প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছে পরিবেশ অধিদপ্তর।
ইট তৈরির মৌসুম শুরু হতেই এমন বৃষ্টিতে বিপাকে পড়েছেন ভাটার মালিক ও শ্রমিকরা। মাঠে এবং ভাটার চত্বরে শুকানোর জন্য রাখা কাঁচা ইট বৃষ্টির পানিতে ভিজে নরম হয়ে ভেঙে পড়েছে। এতে নতুন করে ইট তৈরি ও উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
তালা উপজেলার মেল্লেকবাড়ি এসএন ইটভাটায় গিয়ে দেখা যায়, বৃষ্টির পানি জমে সাজিয়ে রাখা কাঁচা ইটের স্তর ভেঙে পড়েছে। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ক্ষতিগ্রস্ত ইট। কোথাও কোথাও এখনো জমে আছে বৃষ্টির পানি।
ভাটাসংশ্লিষ্টদের মতে, এই ক্ষতি শুধু কাঁচা ইট নষ্ট হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রমিকদের পরিশ্রম, উৎপাদন খরচ ও পুরো মৌসুমের ব্যবসায়িক হিসাব।
স্থানীয় ইটক্রেতা আসাদুল ইসলাম বলেন, বৃষ্টিতে অনেক কাঁচা ইট গলে নষ্ট হয়েছে। কারিগররাও কয়েক দিন কাজ করতে পারছেন না। মালিকদের এই ক্ষতি শেষ পর্যন্ত পাকা ইটের দাম বাড়িয়ে পুষিয়ে নেওয়া হলে সাধারণ ক্রেতাদের ওপর বাড়তি চাপ পড়বে।
ভাটার মালিক বাবলুর রহমান জানান, তাঁর ভাটায় পাঁচ লাখ কাঁচা ইট বৃষ্টির পানিতে সম্পূর্ণ নষ্ট হয়েছে। কিছু ইট পলিথিন দিয়ে ঢাকার চেষ্টা করেও রক্ষা করা যায়নি। পানির ছিটায় ঢেকে রাখা ইটেও দাগ পড়েছে। এতে তাঁর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। জেলার অন্যান্য ভাটারও একই অবস্থা বলে দাবি করেন তিনি।
জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ও আলিপুর অটো ব্রিকসের মালিক আব্দুস সবুর বলেন, শীতের আগমনীতে তাঁরা কেবল কাঁচা ইট তৈরি শুরু করেছিলেন। তাঁর ভাটায় আট থেকে ১০ লাখ ইট পানিতে গলে কাদামাটিতে পরিণত হয়েছে। প্রতিটি ইটে প্রায় দুই টাকা করে ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সাতক্ষীরার সাত উপজেলা ও দুই পৌরসভায় তালিকাভুক্ত ইটভাটার সংখ্যা ১২৩টি। তবে সব ভাটা এ বছর চালু হয়েছে কি না, সে তথ্য পাওয়া যায়নি।
পরিবেশ কর্মকর্তা সৌমেন মৈত্র জানান, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কয়েক দিনের বৃষ্টিতে ইটভাটাগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। তাঁর প্রাথমিক তথ্য অনুযায়ী, জেলার প্রায় ৮৫টি ভাটার কাঁচা ইট সম্পূর্ণ গলে গেছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে প্রকৃত ক্ষতির পরিমাণ নিরূপণে আরও কয়েক দিন সময় লাগবে।









