শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ‘অরা’ সচেতনতা দিবস আজ: আধ্যাত্মিক বিশ্বাস ও বৈজ্ঞানিক বাস্তবতা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:০২ অপরাহ্ণ
আন্তর্জাতিক ‘অরা’ সচেতনতা দিবস আজ: আধ্যাত্মিক বিশ্বাস ও বৈজ্ঞানিক বাস্তবতা

সাকিবুর রহমান বাবলা

নভেম্বর মাসের চতুর্থ শনিবার পালিত হয় আন্তর্জাতিক ‘অরা’ সচেতনতা দিবস। সে অনুযায়ী ২০২৬ সালে আজ ২৮ নভেম্বর দিবসটি পালিত হচ্ছে। মানবদেহ ও অন্যান্য জীবন্ত সত্তাকে ঘিরে থাকা কথিত সূক্ষ্ম শক্তিক্ষেত্র বা ‘অরা’ সম্পর্কে সচেতনতা সৃষ্টি, এর আধ্যাত্মিক বিশ্বাস এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা তুলে ধরাই দিবসটির উদ্দেশ্য। ২০০২ সালে মার্কিন লেখক ও লাইফ কোচ সিনথিয়া সু লারসন দিবসটি চালু করেন। তবে এটি মূলত নিউ এজ আধ্যাত্মিক গোষ্ঠী ও বিকল্প চিকিৎসাচর্চাকারীদের মধ্যে অনানুষ্ঠানিকভাবে পালিত হয়।

‘অরা’ শব্দটির উৎপত্তি গ্রিক ও লাতিন ভাষা থেকে। এর অর্থ বাতাস, শ্বাস কিংবা মৃদু আবহ। আধ্যাত্মিক দর্শনে অরা বলতে মানুষ, প্রাণী ও উদ্ভিদের শরীরকে ঘিরে থাকা অদৃশ্য আলোকছটা বা শক্তির বলয়কে বোঝানো হয়। ধর্মীয় চিত্রকলায় সাধু-দেবতাদের মাথার পেছনে আঁকা আলোর বলয় এর প্রতীকী প্রকাশ। হিন্দু ও বৌদ্ধ দর্শনে এটি প্রাণ ও সাতটি চক্রের সঙ্গে, চীনা দর্শনে ‘চি’ এবং জাপানি সংস্কৃতিতে ‘কি’ বা জীবনশক্তির সঙ্গে সম্পর্কিত।

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, অরার বিভিন্ন রং মানুষের আবেগ ও ব্যক্তিত্বের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে। যেমন লাল সাহস ও উদ্যম, কমলা সৃজনশীলতা, হলুদ আত্মবিশ্বাস ও আনন্দ, সবুজ প্রকৃতিপ্রেম, নীল শান্তি, বেগুনি আধ্যাত্মিক চেতনা এবং সাদা পবিত্রতার প্রতীক। তবে এসব ব্যাখ্যা আধ্যাত্মিক বিশ্বাসের অংশ; চিকিৎসাবিজ্ঞানে এগুলো স্বীকৃত নয়।

বিজ্ঞানের দৃষ্টিতে অতিপ্রাকৃত মানবশক্তিক্ষেত্র হিসেবে অরার নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। তবে মানবদেহ থেকে কিছু বাস্তব ভৌত শক্তি নির্গত হয়। বিপাকীয় প্রক্রিয়ায় শরীর থেকে অবলোহিত তাপীয় বিকিরণ বের হয়, যা থার্মাল ক্যামেরায় শনাক্ত করা যায়। হৃদ্‌যন্ত্র ও মস্তিষ্কের কার্যক্রমে দুর্বল বৈদ্যুতিক ও চৌম্বকীয় ক্ষেত্র সৃষ্টি হয়, যা ইসিজি ও ইইজি যন্ত্রে পরিমাপ করা সম্ভব। ২০০৯ সালে জাপানের তোহোকু ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেরা মানবদেহের অতি-দুর্বল আলোকনির্গমন বা বায়োফোটন শনাক্ত করেন। এটি কোষের বিপাকীয় প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত, আধ্যাত্মিক আলো নয়।

অরা প্রমাণের দাবি যাচাইয়ে কিরলিয়ান ফটোগ্রাফিও আলোচিত। ১৯৩৯ সালে সেমিয়ন কিরলিয়ান উচ্চ ভোল্টেজের সাহায্যে আঙুল ও বিভিন্ন বস্তুর চারপাশে আলোরছটার ছবি ধারণ করেন। অনেকে একে অরার ছবি বললেও বিজ্ঞানীরা এর ব্যাখ্যা দিয়েছেন করোনা ডিসচার্জ হিসেবে। বস্তুর আর্দ্রতা, ঘাম, বায়ুচাপ ও বৈদ্যুতিক আয়ননের কারণে এ ধরনের আলোকছটা তৈরি হতে পারে। এমনকি নির্জীব ভেজা পাথর বা ধাতব মুদ্রাতেও একই ঘটনা দেখা যায়।

মানুষের অরা দেখার অনুভূতির পেছনে স্নায়ুবিজ্ঞানেরও কিছু ব্যাখ্যা রয়েছে। সিনেস্থেসিয়া নামের স্নায়বিক বৈশিষ্ট্যের কারণে কেউ কেউ আবেগ, কণ্ঠস্বর বা ব্যক্তিত্বের সঙ্গে রঙের অনুভূতি যুক্ত করতে পারেন। আবার দীর্ঘক্ষণ কোনো কিছুর দিকে তাকিয়ে থাকলে চোখের রেটিনার ক্লান্তিজনিত আফটারইমেজ থেকেও আলোর বলয় দেখার অনুভূতি হতে পারে।

এখানে চিকিৎসাবিজ্ঞানে ব্যবহৃত ‘অরা’ শব্দটির সঙ্গে আধ্যাত্মিক অরার পার্থক্য বোঝা জরুরি। মাইগ্রেন ও মৃগীরোগে অরা একটি স্বীকৃত স্নায়বিক উপসর্গ। মাইগ্রেনে আক্রান্ত কিছু মানুষের মাথাব্যথার আগে দৃষ্টিতে ঝলকানি, আঁকাবাঁকা রেখা, অন্ধকার বিন্দু কিংবা শরীরে ঝিঁঝিঁ ধরার মতো অনুভূতি হতে পারে। সাধারণত এসব উপসর্গ ধীরে ধীরে শুরু হয় এবং এক ঘণ্টার কম স্থায়ী থাকে।

অন্যদিকে মৃগীরোগের ক্ষেত্রে অরা কখনো ফোকাল অ্যাওয়্যার সিজারের অংশ হতে পারে। এতে রোগী সচেতন থাকলেও অদ্ভুত গন্ধ বা স্বাদ, হঠাৎ ভয়, পরিচিত পরিবেশকে অপরিচিত মনে হওয়া কিংবা শরীরের কোনো অংশে অস্বাভাবিক অনুভূতি হতে পারে। মাইগ্রেনের অরা সাধারণত ধীরে বাড়ে, আর মৃগীরোগের অরা অনেক সময় হঠাৎ শুরু হয়। নতুন ধরনের দৃষ্টিবিভ্রম, সাময়িক বাক্‌সমস্যা বা শরীরে অবশভাব দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সমসাময়িক ইন্টারনেট সংস্কৃতিতে ‘অরা’ শব্দটির আরেকটি অর্থ তৈরি হয়েছে। এখন এটি অনেক ক্ষেত্রে ব্যক্তিত্বের আকর্ষণ, আত্মবিশ্বাস ও উপস্থিতির প্রভাব বোঝাতে ব্যবহৃত হয়। বিশেষ করে জেনারেশন জেড ও আলফার মধ্যে ‘অরা পয়েন্টস’ ধারণাটি জনপ্রিয়। আত্মবিশ্বাসী আচরণে কাল্পনিক পয়েন্ট যোগ করা কিংবা বিব্রতকর ঘটনায় পয়েন্ট কমানোর মাধ্যমে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসের অংশ হয়ে উঠেছে। এ থেকে ‘অরা ফার্মিং’ ও ‘অরা ম্যাক্সিং’-এর মতো পরিভাষারও বিস্তার ঘটেছে।

সব মিলিয়ে, আন্তর্জাতিক অরা সচেতনতা দিবসের তাৎপর্য হলো আধ্যাত্মিক বিশ্বাস, সামাজিক সংস্কৃতিতে শব্দটির ব্যবহার এবং চিকিৎসাবিজ্ঞানের বাস্তব ধারণার মধ্যে পার্থক্য বোঝা। মানুষের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও ইতিবাচক আচরণ সামাজিক উপস্থিতিকে আকর্ষণীয় করে তোলে, যা মনোবিজ্ঞানে ক্যারিশমা, শারীরিক ভাষা ও আবেগীয় স্থিতিশীলতার মাধ্যমে ব্যাখ্যা করা যায়। তাই অরাকে ঘিরে অন্ধবিশ্বাসের পরিবর্তে প্রয়োজন মুক্তচিন্তা, বিজ্ঞানমনস্কতা ও সচেতন অনুসন্ধান।

Ads small one

নিজ অর্থায়নে সেতু ও রাস্তা নির্মাণ করলেন ব্যবসায়ী শিবপদ মণ্ডল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
নিজ অর্থায়নে সেতু ও রাস্তা নির্মাণ করলেন ব্যবসায়ী শিবপদ মণ্ডল

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার সোলাদানা ইউনিয়নে এলাকাবাসীর যাতায়াতের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে ২০০ ফুট দীর্ঘ একটি আরসিসি সেতু ও ছয়টি ইটের রাস্তা নির্মাণ করেছেন ব্যবসায়ী ও সমাজসেবক শিবপদ মণ্ডল।

শুক্রবার (২৭ নভেম্বর) খালিয়ারচক গ্রামের বাসিন্দা শিবপদ মণ্ডল নিজে উপস্থিত থেকে ছালুবুনিয়া ও নুনিয়াপাড়া সংযোগ খালিয়ার খালের ওপর নির্মিত সেতুর ঢালাই কাজ সম্পন্ন করেন। এ সেতু নির্মাণের ফলে নুনিয়াপাড়াসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষের উপজেলা সদর, স্কুল-কলেজে যাতায়াত সহজ হবে। আগে এসব এলাকার মানুষকে নৌকা ও ভাসমান ভেলার মাধ্যমে খাল পার হতে হতো।

সেতুর পাশাপাশি তিনি ছালুবুনিয়ায় তিনটি, নুনিয়াপাড়ায় দুটি এবং আমুরকাটায় একটি ইটের রাস্তা নির্মাণ করেছেন। এতে এলাকার শত শত পরিবারের চলাচলের দুর্ভোগ কমবে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা সুকুমার বাছাড়, আশীষ কুমার সরদার, দীপা মণ্ডল ও প্রতিবন্ধী নীল কমল সেতু নির্মাণে যাতায়াত ও শিক্ষার্থীদের চলাচলে সুবিধা হবে বলে জানান। সংরক্ষিত ইউপি সদস্য নাসিমা বেগম বলেন, সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে। এ ধরনের জনকল্যাণমূলক কাজে সবার সহযোগিতা করা উচিত।

মৎস্য ঘের, পোনা ও কাঁকড়া ব্যবসায়ী শিবপদ মণ্ডল পাইকগাছা উপজেলা মতুয়া মহাসংঘের সভাপতি। তাঁর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে নির্মাণকাজে কয়েকজন বাধা দেওয়ার চেষ্টা করছেন বলেও এলাকাবাসীর অভিযোগ।

শিক্ষাসামগ্রী বিতরণ ও যুব ঐক্য পরিষদের সদর উপজেলা-পৌর কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ
শিক্ষাসামগ্রী বিতরণ ও যুব ঐক্য পরিষদের সদর উপজেলা-পৌর কমিটি গঠন

পত্রদূত ডেস্ক: বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সদর উপজেলা ও পৌরসভা কর্মী সমাবেশে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ এবং নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি নাটমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু। উদ্বোধন করেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু। সভাপতিত্ব করেন জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমিত কুমার ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাপ্পা দাস।

সদর উপজেলা কমিটিতে দেবদাস সেনকে আহ্বায়ক ও তাপস বিশ্বাসকে সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হয়েছেন প্রদীপ মণ্ডল, মিলন কুমার রায় ও দিবস কর্মকার। পৌর কমিটিতে বাঁধন ঘোষকে আহ্বায়ক, মিলন দাশ ও দিলীপ মণ্ডলকে যুগ্ম আহ্বায়ক, শ্রীমজুমদারকে সদস্য সচিব এবং সঞ্জয় সাধুকে সদস্য করা হয়েছে।

নবগঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের তালিকা জেলা শাখায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে উজ্জ্বল সাধু ও শ্রীদাম দেকে সম্মাননা প্রদান করা হয়।

বক্তারা শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক দায়বদ্ধতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ হিন্দু পরিষদের সাতক্ষীরা জেলা কমিটি পূর্ণঃগঠণ উপলক্ষে সভা 

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
বাংলাদেশ হিন্দু পরিষদের সাতক্ষীরা জেলা কমিটি পূর্ণঃগঠণ উপলক্ষে সভা 

পত্রদূত ডেস্ক: বাংলাদেশ হিন্দু পরিষদের সাতক্ষীরা জেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় সাতক্ষীরা শহরের রথখোলা সৎসঙ্গ মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু পরিষদ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শিক্ষক তপন কুমার ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বিমল কৃষ্ণ সানা। বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, শিক্ষা কর্মকর্তা প্রদীপ কুমার মণ্ডল, হিন্দু যুব পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সদস্যসচিব মনোদ্বীপ কুমার মণ্ডল, কলেজ শিক্ষক মিহির কুমার মণ্ডল, সমীরণ চক্রবর্তী, হিন্দু পরিষদের শ্যামনগর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক বিকাশ ঘোষ, ছাত্র পরিষদের সভাপতি ধীমান সরকার, সাধারণ সম্পাদক প্রকাশ সরকার, যুব নেতা প্রশান্ত পাল ও দেবাশীষ কুমার মালো প্রমুখ। পবিত্র গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

বক্তারা বলেন, ২০১৭ সালে বাংলাদেশ হিন্দু পরিষদ প্রতিষ্ঠিত হলেও সাতক্ষীরা জেলা কমিটির কার্যক্রম শুরু হয় দেরিতে। জেলা কমিটি থাকলেও সাংগঠনিক কার্যক্রম ছিল ধীরগতির। ২০২৪ সালের ৫ আগস্টের পর জেলার বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন, মন্দির ভাঙচুর, মন্দির ও শ্মশানের জমি দখল, ধর্মান্তরকরণ, শিক্ষক ও কর্মচারীদের বিরুদ্ধে মব সৃষ্টি, চুরি, হত্যা এবং নারী নির্যাতনের বিভিন্ন ঘটনা ঘটেছে বলে তারা উল্লেখ করেন।

বক্তারা পুরাতন সাতক্ষীরা মায়ের মন্দিরে চুরি, মাগুরার বীথিকা সাধু হত্যা, তালার জিয়ালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, চম্পাফুলে মাধবী মণ্ডল ও তাঁর পরিবারের ওপর নির্যাতন ও জমি দখল, ঝাউডাঙা জগন্নাথ মন্দিরের জমি দখল, দেবহাটার পাইকপাড়ায় রাধাগোবিন্দ মন্দিরের প্রাচীর ভাঙচুর ও জমি দখলের চেষ্টা, শ্যামনগরের জেলেখালিতে দীপালী মণ্ডলকে অপহরণ এবং তালার নিমতলায় এক সরকারি প্রধান শিক্ষকের বিরুদ্ধে মব সৃষ্টির মতো ঘটনার কথা তুলে ধরেন।

তারা বলেন, জেলায় বিভিন্ন হিন্দু সংগঠন থাকলেও এসব ঘটনায় অনেককে কার্যকর প্রতিবাদে দেখা যায়নি। এতে হিন্দু সম্প্রদায়ের মধ্যে হতাশা ও আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ হিন্দু পরিষদকে আরও শক্তিশালী, সক্রিয় ও কর্মক্ষম করে গড়ে তোলার পাশাপাশি সম্প্রদায়ের মানুষের মধ্যে যোগাযোগ ও ঐক্য বাড়াতে হবে।

সভায় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিতোষ কুমার গাইন।