দ্রুততম সময়ের মধ্যে ভবদহ জলাবদ্ধতা সমস্যার সমাধান করতে চায় সরকার: কৃষিমন্ত্রী
যশোর সংবাদদাতা: দ্রুততম সময়ের মধ্যে ভবদহ এলাকার জলাবদ্ধতা সমস্যার সমাধান করতে চায় সরকার। এ জন্য বিশেষজ্ঞ ও স্থানীয় মানুষের মতামত নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে জোয়ারাধার (টিআরএম) পদ্ধতি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
শনিবার (২৮ নভেম্বর) সকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বৃহত্তর ‘যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ভবদহের মানুষকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি পেতে যুগের পর যুগ অপেক্ষা করতে হোক, সরকার তা চায় না। আগামী এক থেকে দুই বছরের মধ্যে পুরো অঞ্চলকে চাষাবাদের আওতায় আনা হবে স্বল্পমেয়াদি পদক্ষেপের মূল লক্ষ্য। ভবদহ এলাকার মাটি ফসল উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। তাই দ্রুত কৃষিকাজের পরিবেশ ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে।
সভায় পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ভবদহ জলাবদ্ধতা নিরসনে ৮১ কিলোমিটার নদী খননের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ভবদহকে ভৈরব নদের সঙ্গে সংযুক্ত করা আমডাঙ্গা খাল খনন ও প্রশস্তকরণের কাজও এগিয়ে চলছে। পদ্মা ব্যারাজ বাস্তবায়িত হলে এ অঞ্চলের নদীগুলোতে উজানের পানিপ্রবাহ বাড়বে এবং পলি জমে নদী ভরাট হওয়ার প্রবণতা কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ভবদহের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করা প্রয়োজন। এ জন্য সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদি সমন্বিত উদ্যোগ নিয়েছে।
সভাপতির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ভবদহ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ করছে। পর্যালোচনা সভায় অংশগ্রহণকারীদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ পাওয়া গেছে। তিনি এ সমস্যার স্থায়ী সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।
সভায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, যশোর-৫ ও যশোর-৬ আসনের সংসদ সদস্য, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকনসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। অংশগ্রহণকারীরা জলাবদ্ধতা নিরসনে অন্যান্য ব্যবস্থার পাশাপাশি টিআরএম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে বিকেলে কৃষি ও মৎস্য এবং প্রাণিসম্পদ মন্ত্রী, পানিসম্পদ মন্ত্রী, আইনমন্ত্রী ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী যশোরের অভয়নগর উপজেলার ভবদহের জলাবদ্ধতা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।









