উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগের আহ্বান
এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলা ও উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে স্থানীয় মানুষের জ্ঞান, অভিজ্ঞতা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরিতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা (এলএপি) বিষয়ক মিডিয়া ব্রিফিংয়ে এ আহ্বান জানানো হয়।
শ্যামনগর উপজেলার ছয়টি ইউনিয়নের মানুষের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে জলবায়ু সংকট মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা, টিকে থাকার কৌশল, প্রয়োজন ও করণীয় চিহ্নিত করে ইউনিয়নভিত্তিক পরিকল্পনা প্রণয়ন করা হয়। এসব পরিকল্পনার সুপারিশ ও মতামত সমন্বয় করে উপজেলা পর্যায়ে একটি সমন্বিত অভিযোজন পরিকল্পনা তৈরি করা হয়েছে। ব্রিফিংয়ে পরিকল্পনার বিভিন্ন দিক, স্থানীয় মানুষের প্রত্যাশা ও সুপারিশ তুলে ধরা হয়। পাশাপাশি এসব উদ্যোগ বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়।
ব্রিফিংয়ে বলা হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট, কৃষি উৎপাদন হ্রাস, খাদ্য ও পুষ্টি নিরাপত্তাহীনতা, জনস্বাস্থ্য ঝুঁকি, জীববৈচিত্র্যের ক্ষতি, নদীভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো সংকট বাড়ছে। এসব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাস্তবসম্মত ও কার্যকর অভিযোজন উদ্যোগ গ্রহণ জরুরি।
উপকূলীয় অঞ্চলের সংকট ও সম্ভাবনা বিবেচনায় সুপেয় পানি ও পানি ব্যবস্থাপনা, কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব, খাদ্য-পুষ্টি নিরাপত্তা, জনস্বাস্থ্য, নারী ও শিশুর অধিকার, প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ, জীবন-জীবিকা ও কর্মসংস্থান, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি ও পরিবেশে রাসায়নিক ঝুঁকি হ্রাস এবং যুব নেতৃত্ব ও সামাজিক সমতার বিষয়গুলো পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়ার সুপারিশ করা হয়।
পরিকল্পনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন, কৃষি অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগ, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও ও স্থানীয় সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
ব্রিফিংয়ে বক্তারা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় চিহ্নিত সমস্যা ও করণীয় কোনো একক ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা সরকারের পক্ষে সমাধান করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন পারস্পরিক সহযোগিতা, অংশীদারিত্ব, সমন্বিত পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়ন।
স্থানীয় জনগোষ্ঠীর জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত উদ্যোগে উপকূলীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকি মোকাবিলা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং মানুষের জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।












