রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

রাসায়নিক যুদ্ধের সকল শিকারদের স্মরণ দিবস: সুরক্ষিত হোক মানবসভ্যতা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ
রাসায়নিক যুদ্ধের সকল শিকারদের স্মরণ দিবস: সুরক্ষিত হোক মানবসভ্যতা

সাকিবুর রহমান বাবলা

রাসায়নিক যুদ্ধ মানবসভ্যতার ইতিহাসে নিষ্ঠুরতা, অমানবিকতা ও ধ্বংসযজ্ঞের এক কলঙ্কিত অধ্যায়। যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত বিষাক্ত রাসায়নিক পদার্থের প্রভাব তাৎক্ষণিক প্রাণহানির মধ্যেই সীমাবদ্ধ থাকে না; দীর্ঘমেয়াদে মানুষের স্বাস্থ্য, পরিবেশ, জীববৈচিত্র্য ও ভবিষ্যৎ প্রজন্মের ওপরও ভয়াবহ প্রভাব ফেলে। রাসায়নিক যুদ্ধের নিহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের স্মরণ এবং বিশ্ব থেকে রাসায়নিক অস্ত্রের হুমকি নির্মূলের অঙ্গীকার নিয়ে প্রতিবছর ৩০ নভেম্বর পালিত হয় ‘রাসায়নিক যুদ্ধের সকল শিকারদের স্মরণ দিবস’। জাতিসংঘ ও রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার উদ্যোগে দিবসটি আন্তর্জাতিকভাবে বিশেষ গুরুত্ব লাভ করেছে।

দিবসটির সূচনা হয় ২০০৫ সালে। রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ কনভেনশনের সদস্য রাষ্ট্রগুলোর সম্মেলনে প্রথম এ স্মরণ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিকভাবে ২৯ এপ্রিল দিবসটি পালনের সিদ্ধান্ত থাকলেও ২০১৫ সালে সম্মেলনের ২০তম অধিবেশনে তা পরিবর্তন করে ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়। ২৯ এপ্রিলকে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ৩০ নভেম্বর অথবা প্রয়োজন অনুযায়ী সদস্য রাষ্ট্রগুলোর সম্মেলনের নিয়মিত অধিবেশনের প্রথম দিনে দিবসটি পালন করা হয়। ২০২৬ সালে নেদারল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠিত ৩১তম অধিবেশন উপলক্ষে ২৫ নভেম্বর পুষ্পস্তবক অর্পণ ও তিন মিনিট নীরবতা পালনের মাধ্যমে স্মরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

রাসায়নিক অস্ত্রের ব্যবহার নতুন কোনো ঘটনা নয়। প্রাচীনকাল থেকে আধুনিক যুদ্ধ পর্যন্ত বিভিন্ন সময়ে বিষাক্ত পদার্থকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। ২০২৫ সালে প্রকাশিত একটি বৈজ্ঞানিক পর্যালোচনায় খ্রিষ্টপূর্ব প্রায় ১০ হাজার অব্দ থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত বিশ্বের ৪৯টি দেশে রাসায়নিক যুদ্ধের ১২১টি নথিভুক্ত ঘটনার তথ্য উঠে এসেছে। গবেষণায় অন্তত ২৯ লাখ ৩০ হাজার ৭৬৯ জন নিহত এবং ২১ লাখ ১০ হাজার ৩৬০ জন আহত হওয়ার হিসাব পাওয়া গেছে। অর্থাৎ নথিভুক্ত হতাহতের সংখ্যা ৫০ লাখের বেশি। তবে ঐতিহাসিক তথ্যের সীমাবদ্ধতা ও রাসায়নিক অস্ত্রের সংজ্ঞাগত পার্থক্যের কারণে প্রকৃত ক্ষয়ক্ষতি আরও বেশি হতে পারে।

প্রথম বিশ্বযুদ্ধে ক্লোরিন, ফসজিন ও মাস্টার্ড গ্যাসের ব্যাপক ব্যবহার ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করে। বিভিন্ন হিসাব অনুযায়ী, এ যুদ্ধে রাসায়নিক অস্ত্রের কারণে প্রায় ১৩ লাখ মানুষ আহত এবং ৯০ হাজার থেকে এক লাখ মানুষ নিহত হন। ইতালি-ইথিওপিয়া যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীনে জাপানের রাসায়নিক হামলা, ইরান-ইরাক যুদ্ধ, হালাবজা হত্যাকাণ্ড এবং সিরিয়ার গৃহযুদ্ধেও রাসায়নিক অস্ত্র ব্যবহারের ভয়াবহ নজির রয়েছে। ভিয়েতনাম যুদ্ধে ব্যবহৃত এজেন্ট অরেঞ্জের কারণে দীর্ঘমেয়াদি স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতিও বিশেষভাবে আলোচিত। এসব ঘটনার শিক্ষা হলো, রাসায়নিক অস্ত্রের ক্ষতি যুদ্ধের সমাপ্তির সঙ্গে শেষ হয় না; বরং বহু বছর ধরে এর মানবিক মূল্য বহন করতে হয়। ১৯৯১ সালে ইরাকে জাতিসংঘের বিশেষ কমিশনের পরিদর্শকদের মাস্টার্ড এজেন্টবাহী ১৫৫ মিলিমিটার গোলার নমুনা সংগ্রহের ঘটনাও রাসায়নিক অস্ত্রের ভয়াবহ ইতিহাসের সাক্ষ্য বহন করে।

এই ভয়াবহ বাস্তবতা থেকেই আন্তর্জাতিকভাবে রাসায়নিক নিরস্ত্রীকরণের প্রচেষ্টা জোরদার হয়। ১৯৯৩ সালে গৃহীত রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ কনভেনশন ১৯৯৭ সালের ২৯ এপ্রিল কার্যকর হয়। এর মূল অঙ্গীকার হলো রাসায়নিক অস্ত্রের উন্নয়ন, উৎপাদন, মজুত ও ব্যবহার নিষিদ্ধ করা এবং বিদ্যমান মজুত ধ্বংস করা। এ চুক্তি বাস্তবায়নের দায়িত্বে প্রতিষ্ঠিত হয় রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা। সংস্থাটির কাজের মধ্যে রয়েছে আন্তর্জাতিক পরিদর্শন, চুক্তি বাস্তবায়ন যাচাই, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা এবং রাসায়নিক দুর্ঘটনা মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি। নিরস্ত্রীকরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে সংস্থাটি নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

রাসায়নিক অস্ত্র নির্মূলে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার যাচাই অনুযায়ী, সদস্য রাষ্ট্রগুলোর ঘোষিত ৭২ হাজার ৩০৪ মেট্রিক টন রাসায়নিক অস্ত্রের মজুত ২০২৩ সালের ৭ জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। তবে পুরোনো, পরিত্যক্ত ও অঘোষিত অস্ত্রের ঝুঁকি এবং নতুন করে রাসায়নিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা এখনো রয়ে গেছে। ২০১৮ সালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের ‘আমাদের অভিন্ন ভবিষ্যৎ সুরক্ষা: নিরস্ত্রীকরণ কর্মসূচি’ উদ্যোগেও রাসায়নিক অস্ত্রবিরোধী আন্তর্জাতিক নীতি ও ঐকমত্য পুনঃপ্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়। ২০১৩ সালের তৃতীয় পর্যালোচনা সম্মেলনেও সদস্য রাষ্ট্রগুলো বৈশ্বিক রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞার প্রতি দ্ব্যর্থহীন অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

এ ক্ষেত্রে নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, জার্মানি, যুক্তরাজ্য, জাপান ও ইরানের ভূমিকা উল্লেখযোগ্য। রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার সদর দপ্তর নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত। সুইজারল্যান্ডের স্পিজ ল্যাবরেটরি রাসায়নিক নমুনা বিশ্লেষণ ও আন্তর্জাতিক গবেষণায় সহায়তা করে। জার্মানি ও যুক্তরাজ্য মানবিক সহায়তা এবং পুনর্বাসন কার্যক্রমে ভূমিকা রাখে। জাপান চীনে পরিত্যক্ত রাসায়নিক অস্ত্র ধ্বংসে সহযোগিতা করছে। অন্যদিকে, রাসায়নিক হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত ইরান দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পুনর্বাসনের অভিজ্ঞতা অর্জন করেছে। ভিয়েতনামে এজেন্ট অরেঞ্জের ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম যৌথভাবে পরিবেশ পুনরুদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

বাংলাদেশও রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ১৯৯৩ সালের ১৪ জানুয়ারি দেশটি কনভেনশনে স্বাক্ষর করে এবং ১৯৯৭ সালের ২৫ এপ্রিল তা অনুসমর্থন করে। ২০০৬ সালে রাসায়নিক অস্ত্র (নিষিদ্ধকরণ) আইন প্রণয়ন এবং সশস্ত্র বাহিনী বিভাগের অধীনে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠার মাধ্যমে চুক্তি বাস্তবায়নের প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে ওঠে। ২০১৯ সালে বাংলাদেশ রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার সহযোগিতায় হাসপাতালভিত্তিক রাসায়নিক দুর্ঘটনা প্রস্তুতি কর্মসূচি চালু করে। পাশাপাশি চিকিৎসক, ফায়ার সার্ভিস, পুলিশ ও সংশ্লিষ্ট পেশাজীবীদের প্রশিক্ষণ, রাসায়নিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক সহযোগিতায়ও দেশটির সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

রাসায়নিক যুদ্ধের সকল শিকারদের স্মরণ দিবস কেবল অতীতের শোক প্রকাশের দিন নয়; এটি ভবিষ্যৎ মানবসভ্যতাকে নিরাপদ রাখার আন্তর্জাতিক অঙ্গীকারেরও দিন। রাসায়নিক অস্ত্রের অবশিষ্ট ঝুঁকি দূর করা, ভুক্তভোগীদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা, অপরাধের নিরপেক্ষ তদন্ত এবং সব দেশের সম্মিলিত দায়িত্বশীলতা প্রতিষ্ঠা করাই হওয়া উচিত এ দিবসের মূল বার্তা। যুদ্ধ নয়, বিজ্ঞান ও রসায়ন ব্যবহৃত হোক মানবকল্যাণে—এ প্রত্যাশাই হোক বিশ্ববাসীর অঙ্গীকার।

Ads small one

সাতক্ষীরায় আদালতের গেট থেকে আসামিকে অপহরণের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় আদালতের গেট থেকে আসামিকে অপহরণের অভিযোগ

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা আদালতে মামলায় জামিন পেয়ে বের হওয়ার পর এক ব্যক্তিকে আদালতের ফটক থেকে অপহরণ করে মারধর, নগদ টাকা ও সোনার আংটি ছিনিয়ে নেওয়া এবং জোরপূর্বক অলিখিত নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে মামলার বাদী ও তার সহযোগীদের বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার সাতক্ষীরা জজ আদালতের পকেট গেটের সামনে নজরুল ইসলামের হোটেলসংলগ্ন এলাকা থেকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. অহিদুজ্জামান। তিনি যশোরের কেশবপুর উপজেলার মীর্জাপুর গ্রামের আব্দুল ওহাব খানের ছেলে।

অহিদুজ্জামানের দাবি, তিনি ২০০৭ সাল থেকে ২০২৩ সালের ২০ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় ছিলেন। সেখানে ব্যবসায়িক সূত্রে ২০১৭ সালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ওফাপুর গ্রামের কাশেম আলী মোড়লের ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে পরিচয় হয়। জাহাঙ্গীরের কাছ থেকে কেনা পণ্য ত্রুটিপূর্ণ হওয়ায় টাকা পরিশোধ বন্ধ করলে তিনি স্থানীয় থানায় অভিযোগ করেন। এ নিয়ে বিরোধের জেরে অহিদুজ্জামানকে জেল খেটে দেশে ফিরতে হয় বলে তিনি জানান। পরবর্তীতে হুমকি-ধমকির অভিযোগে ২০১৮ সালের ১৮ জানুয়ারি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

অহিদুজ্জামান জানান, মালয়েশিয়া-সংক্রান্ত বিরোধের জেরে জাহাঙ্গীর আলম তার স্বাক্ষর জাল করে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র তৈরি করেন এবং সাড়ে ৯ লাখ টাকা পাওনা দাবি করে গত বছরের ৪ অক্টোবর সাতক্ষীরার আমলী-৪ আদালতে প্রতারণার মামলা করেন। মামলাটি সিআর-৩৮১/২৫ (কলারোয়া) নম্বরে নথিভুক্ত হয়। আদালত তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগের সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে প্রতিবেদন দাখিল করলে আদালত অহিদুজ্জামানকে ২৬ নভেম্বর হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

অন্যদিকে, স্বাক্ষর জাল করে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র তৈরির অভিযোগে অহিদুজ্জামান গত ২২ নভেম্বর সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম দ্বিতীয় আদালতে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পাল্টা প্রতারণার মামলা করেন। ওই মামলাটিও তদন্তের জন্য কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।

অহিদুজ্জামান বলেন, গত বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে বিচারক মেহেদী হাসান আগামী ৭ জানুয়ারি পর্যন্ত ৫০০ টাকা বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। শুনানির সময় তিনি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ তুলে ধরেন। এ সময় বিচারক উভয় পক্ষকে পরবর্তী ধার্য তারিখে নিজ নিজ পাসপোর্ট আদালতে হাজির করার নির্দেশ দেন।

জামিন শেষে আইনজীবীর সহকারী মো. সবুজ হোসেনকে সঙ্গে নিয়ে আইনজীবী সমিতির পেছনের ভবনের পকেট গেট দিয়ে বের হয়ে নজরুল ইসলামের হোটেলের সামনে পৌঁছালে জাহাঙ্গীর আলমের নির্দেশে কয়েকজন তাকে মারধর করেন বলে অভিযোগ অহিদুজ্জামানের। পরে তাকে জোর করে একটি ইজিবাইকে তুলে সার্কিট হাউস মোড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি গলিতে নিয়ে মারধর করে তার পোশাক ছিঁড়ে ফেলা হয় এবং নগদ পাঁচ হাজার টাকা ও একটি সোনার আংটি নিয়ে নেওয়া হয় বলে তিনি দাবি করেন। এ সময় তিনটি অলিখিত নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে চলে যান। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন।

ঘটনার পর অহিদুজ্জামান জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান পিণ্টুকে বিষয়টি জানান। তাঁর নির্দেশনা অনুযায়ী বিচারককেও তাৎক্ষণিকভাবে অবহিত করা হয় বলে অহিদুজ্জামান জানান। স্বাক্ষর জালিয়াতির মামলা থেকে রেহাই পেতে তাকে অপহরণ করে অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সার্কিট হাউস মোড়ের শিহাব হোসেন নামে এক ব্যক্তি জানান, জাহাঙ্গীর আলম সেখানে নতুন বাড়ি নির্মাণ করেছেন এবং কলারোয়ার যুগিখালি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার প্রচারণা চালাচ্ছেন। তিনি দাবি করেন, জাহাঙ্গীর আলম কিছু টাকার বিনিময়ে তাকে ও এলাকার কয়েকজনকে আদালতের গেটে নিয়ে যান। অভিযোগের সত্যতা বুঝতে পেরে তিনি সেখান থেকে চলে আসেন। তবে অহিদুজ্জামানের টাকা ও আংটি কে নিয়েছে, তা তিনি জানেন না বলে জানান।

সাতক্ষীরা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল আলম বাবু বলেন, আদালতে বিচার চেয়ে মামলা করার পর আদালতের ফটক থেকে বাদীর বিরুদ্ধে আসামিকে অপহরণ, মারধর ও টাকা-আংটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ গুরুতর। এ ধরনের ঘটনা মাঝে মাঝে ঘটছে বলে তাঁদের কাছে খবর আসে। এ বিষয়ে আইনজীবী সমিতিকে কঠোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে রোববার দুপুরে জাহাঙ্গীর আলমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

খুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বর

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:০২ অপরাহ্ণ
খুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বর

খুলনা জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যুকৃত এবং খুলনায় বসবাসরত অন্য জেলা থেকে ইস্যু করা আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের ২০২৭ সালের লাইসেন্স নবায়ন কার্যক্রম আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। খুলনা জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০২৫ অনুযায়ী নির্ধারিত ফি সরকারি কোষাগারে জমা দিয়ে নবায়ন করতে হবে। নবায়নের জন্য মূল লাইসেন্স, ট্রেজারি চালানের মূল কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা জমা দিতে হবে। পাশাপাশি পূর্ববর্তী বছরের গোলাবারুদের হিসাব এবং থানায় দাখিল করা জিডির কপি দিতে হবে। নির্ধারিত কাগজপত্র ও তথ্য অসম্পূর্ণ থাকলে লাইসেন্স নবায়ন করা হবে না।

গণবিজ্ঞপ্তি অনুযায়ী, ১ ডিসেম্বর কয়রা ও পাইকগাছা উপজেলার লাইসেন্সধারীদের পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে, ৬ ডিসেম্বর বটিয়াঘাটা ও দাকোপ, ৭ ডিসেম্বর ডুমুরিয়া ও ফুলতলা, ৮ ডিসেম্বর রূপসা ও তেরখাদা, ৯ ডিসেম্বর খুলনা সদর ও লবণচরা, ১০ ডিসেম্বর সোনাডাঙ্গা ও খালিশপুর, ১৩ ডিসেম্বর দৌলতপুর ও খানজাহান আলী এবং ১৪ ডিসেম্বর আড়ংঘাটা ও হরিণটানা থানা এলাকার লাইসেন্সধারীদের নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ২০ ডিসেম্বর দিঘলিয়া উপজেলার লাইসেন্সধারীরা নবায়ন করতে পারবেন। নির্ধারিত তারিখে নবায়ন করতে না পারা ব্যক্তিরা এবং খুলনায় বসবাসরত অন্য জেলা থেকে লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তিরা ২১, ২২, ২৩, ২৪, ২৭, ২৮, ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখার ২২০ নম্বর কক্ষে নবায়নের সুযোগ পাবেন।

সব ক্ষেত্রে নবায়ন কার্যক্রম সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তথ্যবিবরণী

 

তালায় সিএসও সভা অনুষ্ঠিত, নাগরিক সমাজের সমন্বয় ও সুশাসনে গুরুত্বারোপ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ
তালায় সিএসও সভা অনুষ্ঠিত, নাগরিক সমাজের সমন্বয় ও সুশাসনে গুরুত্বারোপ

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় কবি জসীমউদ্দিন নারী উন্নয়ন সংস্থার আয়োজনে এবং অ্যাকশনএইড বাংলাদেশ সুশীল প্রকল্পের সহযোগিতায় সিএসও সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টায় মদনপুর বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভানেত্রী নার্গিস নাহার।

সভায় বক্তব্য দেন সুভাষিনী ডিগ্রি কলেজের অধ্যাপক খায়রুল ইসলাম, মদনপুর বাজার বণিক সমিতির সভাপতি মাহফুজুর রহমান, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর অঞ্জন দে, উপদেষ্টা আজাদ মাহমুদ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাকিম মোড়ল, ডা. মুতাহার হোসেন ও যুগের যাত্রী সংস্থার পরিচালক মো. ইমদাদুল হক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার সমন্বয়কারী মুহাম্মদ ইমরান হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন সংস্থার সদস্য আবদুল্লাহ সরদার।

সভায় বক্তারা নাগরিক সমাজের সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি, নারী উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং স্থানীয় পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা এসব ক্ষেত্রে সম্মিলিত উদ্যোগ ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সামাজিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।