উপকূল থেকে রাজধানী: সাতক্ষীরার শাকিলের মানবিক পথচলা
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার দরগাহপুর গ্রামের তরুণ এ কে এম শাকিল। রক্তদান, পথশিশুদের পাঠদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দুর্যোগে ত্রাণ সহায়তা ও স্বেচ্ছাসেবী কার্যক্রম—বিভিন্ন মানবিক উদ্যোগে যুক্ত থেকে তিনি গড়ে তুলেছেন নিজের পরিচয়। সীমিত সামর্থ্য ও পেশাগত ব্যস্ততার মধ্যেও মানুষের জন্য কাজ করে যাওয়াই তাঁর জীবনের অন্যতম লক্ষ্য।
২৮ বছর বয়সী শাকিল, মো. আব্দুল কাদেরের ছেলে। মানবসেবার অনুপ্রেরণা পেয়েছেন বাবার কাছ থেকেই। সংসারে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তাঁর বাবা মানুষের বিপদে এগিয়ে যেতেন। বাবার সেই মানবিক চর্চা শাকিলের জীবনেও প্রভাব ফেলেছে।
২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দিন মুমূর্ষু এক বৃদ্ধার জন্য রক্ত দিতে গিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেরি হয় শাকিলের। ফলে পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হয়নি। নিজের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হলেও একজন মানুষের জীবন বাঁচাতে রক্তদানকেই অগ্রাধিকার দিয়েছিলেন তিনি। সেখান থেকেই মানবসেবায় তাঁর পথচলা আরও দৃঢ় হয়।
২০১৮ সালে সাতক্ষীরা থেকে ঢাকায় এসে মিরপুরের সরকারি বাঙলা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগে ভর্তি হন শাকিল। কলেজের আশপাশের হাসপাতালগুলোতে রক্তের জন্য রোগীর স্বজনদের ছোটাছুটি দেখে নিজ উদ্যোগে স্বল্পমূল্যের একটি স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে গড়ে তোলেন ‘বাঙলা কলেজ ব্লাড ব্যাংক’। পরবর্তীতে এটি ‘৭ কলেজ ব্লাড অর্গানাইজেশন’-এ রূপ নেয়। সংগঠনটি রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদাতা সংগ্রহ, রক্তদান বিষয়ে সচেতনতা সৃষ্টি ও জরুরি রোগীদের রক্তের ব্যবস্থা করে আসছে। ২০২০ সাল থেকে ক্ষুধার্ত মানুষের জন্য ‘রুটি দিবস’ উদ্যোগেও যুক্ত রয়েছে সংগঠনটি।
করোনাকালে নিজ এলাকায় আক্রান্ত রোগীদের সেবা, বিনামূল্যে অক্সিজেন সহায়তা নেটওয়ার্ক গড়ে তোলা এবং কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার কাজ করেন শাকিল। ২০২৪ সালের আগস্টে ট্রাফিক ব্যবস্থাপনায় শূন্যতা তৈরি হলে ৭ থেকে ১৪ আগস্ট টানা আট দিন সড়কে দায়িত্ব পালন করে যান চলাচলে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগেও অংশ নেন। বন্যা ও শীতসহ বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের কাছে ত্রাণ ও সহায়তা পৌঁছে দিতে ছুটে গেছেন বিভিন্ন এলাকায়।
পথশিশু ও সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করাও শাকিলের মানবিক উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ। ২০২০ সালে সোহরাওয়ার্দী উদ্যান ও শাহবাগ এলাকার শিশুদের সঙ্গে কাজ করতে গিয়ে তাদের শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। সেই ভাবনা থেকে ২০২৪ সাল থেকে ‘মজার ইশকুল’, ‘জুম বাংলাদেশ স্কুল’ ও ‘প্রত্যয় শিশু কেন্দ্র’-এর মাধ্যমে পথশিশুদের পাঠদান শুরু করেন। বর্তমানে ঢাকার দুই শতাধিক ছিন্নমূল শিশুর কাছে তিনি পরিচিত ‘শাকিল স্যার’ হিসেবে।
সরকারি বাঙলা কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শাকিল। পেশাগত ব্যস্ততা ও ব্যক্তিগত দায়িত্বের পাশাপাশি প্রতি মাসে নিজের আয়ের অন্তত ২০ শতাংশ মানবিক কাজে ব্যয় করেন বলে জানান তিনি। মাঠপর্যায়ের উদ্যোগের পাশাপাশি বাঁধন, জুম বাংলাদেশ, বেটার হোপ ফাউন্ডেশন, সেবার সূচনা ও বন্ধুত্বের বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন।
মানবসেবার পরিধি আরও বিস্তৃত করতে মৃত্যুর পর চক্ষুদানের অঙ্গীকারও করেছেন শাকিল। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতিতে মরণোত্তর চক্ষুদাতা হিসেবে নিজের নাম নিবন্ধন করেছেন। তাঁর ভাষায়, “ভালো কাজের পেছনে সময় দিতে পারছি, এটা মহান আল্লাহর নেয়ামত। সামর্থ্য ও সুস্থতা থাকা পর্যন্ত মানুষের পাশে থাকতে চাই।”
ব্যক্তিগত অর্জন ও পেশাগত ব্যস্ততার পাশাপাশি মানুষের কল্যাণে সময় দেওয়ার মধ্যেই জীবনের সার্থকতা খুঁজে পান শাকিল। সাতক্ষীরার একটি গ্রাম থেকে রাজধানীতে এসে রক্তদান, শিশুশিক্ষা, দুর্যোগ সহায়তা ও নানা স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে যুক্ত তাঁর এই পথচলা সমাজে সহমর্মিতা ও দায়িত্ববোধের ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠেছে।









