রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে শামীমকে পিটিয়ে হত্যা: জামায়াত নেতা সাদিকুল গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ণ
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে শামীমকে পিটিয়ে হত্যা: জামায়াত নেতা সাদিকুল গ্রেপ্তার

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে মব সৃষ্টি করে ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় কুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুলের ধর্মীয় শিক্ষক সাদিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে পারুলিয়া ইউনিয়ন পরিষদের কাছের কদবেলতলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাদিকুল ইসলাম (৩৪) দেবহাটা উপজেলার কুলিয়া মাঝেরপাড়া গ্রামের আব্দুল মজিদ সানার ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা দেবহাটা থানার উপপরিদর্শক আহম্মদ আলী জানান, শামীম হত্যা মামলার সন্দেহভাজন আসামি সাদিকুলকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শেষে রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।

মামলার বাদী আব্দুল জলিল অভিযোগ করেন, তার ভাইকে মারধর এবং মারধরের জন্য লোকজনকে আহ্বান করেছিলেন সাদিকুল। এর প্রমাণ ভিডিও ফুটেজে রয়েছে বলেও তিনি দাবি করেন।
এদিকে আদালত সূত্রে জানা গেছে, এ মামলার এজাহারভুক্ত পাঁচ আসামি কামরুল ইসলাম, মোবারক আলী, মিজানুর রহমান, আজাহারুল ইসলাম ও মাসুদ হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। জামিনের মেয়াদ শেষে তাঁদের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিবেশী আবুল কাশেমের মেয়ে মোসলেমা, ছেলে হোসেন আলী ও একই এলাকার মাসুদের মুঠোফোনে ধারণ করা কথোপকথনের সূত্র ধরে ওয়াহেদুজ্জামান শামীমের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। গত ১২ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় জামায়াত কার্যালয়ের সামনে থেকে একদল লোক তার বাড়িতে হামলা চালায়। পরদিন কুলিয়ার ডা. এমএ সবুরের ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় এবং পরে পারুলিয়া থেকে মিছিল নিয়ে সখীপুর হাসপাতালে গিয়ে হামলা চালানো হয়। হাসপাতালের পেছনের দরজা ভেঙে পুলিশ, আনসার ও কর্তব্যরত চিকিৎসকের উপস্থিতিতে তাকে মারধর করা হয়। পরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় শামীমের ভাই আব্দুল জলিল বাদী হয়ে ১৫ অক্টোবর ফজলুল হক আমিনি, যুবদল নেতা সাদিকুল ইসলাম ভদু, মোক্তার খান ও আসাদুল মোল্লাসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করে দেবহাটা থানায় হত্যা মামলা করেন। এ মামলায় ১৫ অক্টোবর রাতে মোক্তার খান, ১৬ অক্টোবর সকালে আসাদুল মোল্লা এবং ১৭ অক্টোবর ফজলুল হক আমিনিকে গ্রেপ্তার করা হয়। পরদিন ফজলুল হক আমিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে সাদিকুল ইসলাম ভদুকেও গ্রেপ্তার করা হলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

 

 

Ads small one

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

রাজধানী গুলশান থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৯ নভেম্বর) রাতে গুলশান-২ এর ১১৩ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছে।

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তারও আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ
ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের নীতিগত ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আত্মনিয়ন্ত্রণাধিকার ও রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে বাংলাদেশ।

সোমবার (৩০ নভেম্বর) ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে রবিবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের অব্যাহত লঙ্ঘন দিবসটির তাৎপর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনি জনগণের ওপর অব্যাহত হামলা, ইসরায়েলি বসতির লাগামহীন সম্প্রসারণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশে বিধিনিষেধ একটি টেকসই ও অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামতের প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন, যেখানে যুদ্ধের কৌশল হিসেবে বেসামরিক নাগরিকদের অনাহারে রাখার নিষেধাজ্ঞাসহ আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে দখলদার বাহিনীর বাধ্যবাধকতাগুলো পুনর্ব্যক্ত করা হয়েছে।

জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ এবং দখলদারিত্বের অবসানের আহ্বান পুনর্ব্যক্ত করে তারেক রহমান জাতিসংঘের সাধারণ বিতর্কে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে পূর্বে রেকর্ড করা বক্তব্য পেশ করার সুযোগ দিয়ে গৃহীত প্রস্তাবটিকে স্বাগত জানান।

এছাড়া বেসামরিক নাগরিকদের সুরক্ষা, বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিতকরণ এবং প্রারম্ভিক পুনরুদ্ধার ও পুনর্গঠনে সহায়তার সুস্পষ্ট ম্যান্ডেটসহ গাজায় জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন প্রতিষ্ঠার প্রতিও তিনি সমর্থন ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, সংহতির এই দিনে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি বাস্তবসম্মত ও ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে, যাতে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিগুলোকে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করা যায় এবং তারা নিজ স্বাধীন মাতৃভূমিতে শান্তি, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচারের সাথে বসবাস করতে পারে।

কুশখালি ইউনিয়ন তাঁতীদলের ২২ সদস্যের আংশিক কমিটি অনুমোদন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ণ
কুশখালি ইউনিয়ন তাঁতীদলের ২২ সদস্যের আংশিক কমিটি অনুমোদন

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি ইউনিয়ন তাঁতীদলের ২২ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলা তাঁতীদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ আবু তুহিন ও সদস্য সচিব মো. নাহিদ হাসান টিপু স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সভাপতি হিসেবে মো. আশরাফুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মো. মমিনুর রহমান, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ, সাংগঠনিক সম্পাদক মো. সাকিব হোসেন, দপ্তর সম্পাদক মো. জামাল গাজী ও প্রচার সম্পাদক মো. তরিকুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া কমিটিতে আরও ১৫ জন সদস্য রয়েছেন। সাতক্ষীরা সদর উপজেলা তাঁতীদলের সদস্য সচিব মো. নাহিদ হাসান টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।