দেবহাটায় চন্ডিপুরে মাদক ও মোবাইল গেমিং প্রতিরোধে সমাবেশ
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মাদক, মোবাইল গেমিংয়ের অপব্যবহার প্রতিরোধ এবং হাম (মিজলস) টিকাদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা বাড়াতে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামের সার্বিক সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, উপজেলা শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী এবং উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকার।
এছাড়াও বক্তব্য রাখেন দেবহাটা কলেজের সাবেক অধ্যক্ষ আনিসুজ্জামান কালাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, সাবেক শিক্ষক মুজিবর রহমান, নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম, অভিভাবক সদস্য ফারুক হোসেন ও অভিভাবক রুবিনা পারভিনসহ অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুল সময়ের বাইরে সন্তানদের পড়াশোনার প্রতি নজর রাখা, মাদক ও খারাপ সঙ্গ থেকে দূরে রাখা এবং মোবাইল গেমিংয়ের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন থাকা জরুরি।
এসময় শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ হিসেবে উল্লেখ করে তাদের মাঝে আত্মবিশ্বাস গড়ে তোলা, নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং সর্বদা সত্যবাদী হওয়ার আহ্বান জানানো হয়।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং এলাকার সচেতন মহল উপস্থিত ছিলেন।






