নিজস্ব প্রতিনিধি: কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্পর্কে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে ‘আধুনিক বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার ভূমিকা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়। সরকারের এ্যাসেট প্রকল্প এবং সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে জেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সিনিয়র শিক্ষকেরা অংশ নেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “স্মার্ট ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। আর এর জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার কোনো বিকল্প নেই। মাধ্যমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের এই শিক্ষায় উদ্বুদ্ধ করতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ফেরদৌস আরেফীন বলেন, বর্তমান বৈশ্বিক বাজারে প্রথাগত শিক্ষার চেয়ে কর্মমুখী শিক্ষার গুরুত্ব অনেক বেশি। শিক্ষার্থীদের শুধু জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতায় না নামিয়ে, তাদের বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ করার আহ্বান জানান তিনি।
সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীর মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলোতে কারিগরি শিক্ষার প্রচার ও সচেতনতা বৃদ্ধিতে নানামুখী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, শিক্ষকেরা যদি শিক্ষার্থীদের সঠিক সময়ে সঠিক দিকনির্দেশনা দেন, তবে কারিগরি শিক্ষার প্রতি সমাজ ও অভিভাবকদের দৃষ্টিভঙ্গিতে দ্রুত ইতিবাচক পরিবর্তন আসবে।
সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ এমদাদুল ইসলাম, শিক্ষক নেতা মোঃ মিজানুর রহমান, আব্দুল জব্বার, মোমিনুল ইসলাম শামীম, মোহাম্মদ আব্দুল্লাহ, নাসরিন খান লিপি, মমিনুর রহমান মুকুল, হাসানুর রহমান, আব্দুস ছালাম, সুপার মাওলানা মহসীনুল ইসলাম, মাওলানা আজাদুল ইসলাম, মাওলানা আবু সাইদসহ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও তাদের প্রতিনিধিগণ।
অনুষ্ঠানে এ্যাসেট প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোঃ জাহিদুল ইসলাম। তিনি জানান, দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে আধুনিক ও আন্তর্জাতিক মানের কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করতেই এই প্রকল্প দেশজুড়ে কাজ করে যাচ্ছে।
সেমিনারে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি. এম. আজিজুর রহমান। তিনি সমাপনী বক্তব্যে সেমিনারে অংশ নেওয়ার জন্য সকল বিদ্যালয় প্রধান ও সিনিয়র শিক্ষকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, পলিটেকনিক ইনস্টিটিউটগুলো আধুনিক প্রযুক্তির ল্যাব ও সুযোগ-সুবিধা নিয়ে প্রস্তুত রয়েছে, এখন প্রয়োজন তৃণমূল পর্যায় থেকে শিক্ষার্থীদের আগ্রহ তৈরি করা।
সেমিনারে মুক্ত আলোচনায় অংশ নিয়ে শিক্ষকেরা কারিগরি শিক্ষাকে আরও আকর্ষণীয় করার জন্য বিভিন্ন পরামর্শ দেন এবং এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।