রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩
রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

অনিয়মের অভিযোগে আশাশুনির গোয়ালডাঙ্গায় বাঁধ রক্ষার কাজ বন্ধ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ণ
অনিয়মের অভিযোগে আশাশুনির গোয়ালডাঙ্গায় বাঁধ রক্ষার কাজ বন্ধ

বিএম আলাউদ্দীন, আশাশুনি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ রক্ষা কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। অনিয়ম হাতেনাতে ধরা পড়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাময়িকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে বাজার সংলগ্ন মরিচ্চাপ নদী পুনঃখনন করা হয়েছিল। তবে খননের পর থেকেই নদীর তীব্র স্রোতে বাঁধে ভাঙন শুরু হয়। ভাঙন ভয়াবহ আকার ধারণ করায় গোয়ালডাঙ্গা বাজারের অসংখ্য দোকানপাট, ঘরবাড়ি ও সরকারি-বেসরকারি স্থাপনা এখন বিলীনের ঝুঁকিতে রয়েছে। এলাকার অন্যতম বড় এই বাণিজ্যিক কেন্দ্রটি রক্ষায় জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কারের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড।

বাঁধ রক্ষার কাজটির কার্যাদেশ পায় খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আমিন অ্যান্ড কোং’। নকশা অনুযায়ী, নির্দিষ্ট স্থানে পাইলিং করে তার ভেতরে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং করার কথা। কিন্তু স্থানীয়রা অভিযোগ করেন, কিছু অংশে পাইলিং করা হলেও প্রায় ১০০ থেকে ১৫০ ফুট এলাকায় পাইলিং ছাড়াই জিও ব্যাগ ফেলা হচ্ছিল।

শনিবার স্থানীয় সাংবাদিক ও ব্যবসায়ীরা ঘটনাস্থল পরিদর্শন করে এই অনিয়ম দেখতে পান। তারা তাৎক্ষণিক বিষয়টি প্রশাসন ও পাউবো কর্মকর্তাদের অবহিত করেন।

”পাইলিংয়ের ভেতরেই ব্যাগ ফেলার কথা ছিল। পাইলিং ছাড়া কেন কাজ হচ্ছেÑএমন প্রশ্নে সাইট ইনচার্জ মো. ঈসা সদুত্তর দিতে পারেননি। ঠিকাদারকেও ফোনে পাওয়া যায়নি।”

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের এসডিই রাশিদুল ইসলাম জানান, নিয়ম অনুযায়ী পাইলিংয়ের ভেতরে কাজ করার স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল। নিয়মের ব্যত্যয় ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু জানান, অনিয়মের অভিযোগ পাওয়ায় আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমি নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।” ইউএনও-র নির্দেশের পর স্থানীয় নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা কাজ বন্ধ করে দেন এবং শ্রমিকদের নকশা বহির্ভূত কাজ না করতে সতর্ক করে দেওয়া হয়।

 

 

 

Ads small one

পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা অনেক আগে থেকেই মাঠে ময়দানে কাজ শুরু করেছেন। তবে একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়া অন্য কোন রাজনৈতিক দল থেকে এখনো দলীয় প্রার্থী ঘোষণা করেনি।

 

ইতোমধ্যে উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, মেয়র এবং ৯ টি ইউনিয়ন পরিষদের দলীয় চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করে স্থানীয় সরকার নির্বাচনের আগাম প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দল থেকে নাম ঘোষণার পর নির্বাচনী তৎপরতা বেড়েছে প্রার্থীদের মধ্যে। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে কাজ শুরু করেছেন প্রার্থীরা। তারা একদিকে যেমন নিজ এলাকার দলীয় নেতাকর্মীদের সাথে সংযোগ বাড়িয়েছেন অন্যদিকে সরাসরি সাধারণ মানুষের কাছে গিয়ে নিবিড় সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছেন।

জাতীয় সংসদ নির্বাচনের পর সবার নজর এবার স্থানীয় সরকার নির্বাচনের দিকে। সাধারণ মানুষ যেমন একটি সুন্দর নির্বাচনের অপেক্ষায় রয়েছে, তেমনি রাজনৈতিক দলগুলো ও নিচ্ছেন ভিন্ন ভিন্ন পরিকল্পনা ও প্রস্তুতি। জেলার গুরুত্বপূর্ণ উপজেলা পাইকগাছা ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখনো তাদের কোন প্রার্থী ঘোষণা করেনি।

 

তবে দলটির সম্ভাব্য প্রার্থীরা মাঠে ময়দানে কাজ করছেন। নির্বাচন কবে হবে সেটি এখনো নির্ধারণ না হলেও বসে নেই বাংলাদেশ জামায়াতে ইসলামী। স্থানীয় সরকারের ৩ টি নির্বাচনের আগাম প্রস্তুতি নিয়েছে দলটি। দলটির পক্ষ থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের সকল চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

 

উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মাওলানা কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পৌর মহিলা বিভাগের সেক্রেটারি শাহানারা খাতুন, পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে জামায়াত নেতা এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলুর নাম ঘোষণা করা হয়েছে।

 

১০ টি ইউনিয়নের মধ্যে হরিঢালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুফতি মাওলানা আব্দুল হান্নান, কপিলমুনির চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, দেলুটিতে ইউনিয়ন আমীর গোলাম মোস্তফা, সোলাদানায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ মাওলানা নুরে আলম, লস্করে উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমান, গদাইপুরে ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, রাড়ুলিতে জেলা জামায়াতের ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, চাঁদখালীতে ইউনিয়ন আমীর মাওলানা আসগর হোসাইন ওরফে জাহাঙ্গীর ও গড়ইখালীতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জামায়াত নেতা প্রধান শিক্ষক আনিসুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার।

 

উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমান বলেন একমাত্র লতা ইউনিয়ন বাদে উপজেলা, পৌরসভা এবং ৯ টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা সবাই ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে এলাকায় কাজ করছেন বলে জানিয়েছেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমান।

সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

পত্রদূত রিপোর্ট: “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১০ মে) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নতুন কুঁড়ি স্পোর্টসের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা অর্ণব দত্ত, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।

 

নতুন কুঁড়ি স্পোর্টসের ৮ টি ইভেন্টের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সাতক্ষীরা জেলা ও উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তাসহ বিভিন্ন উপজেলা থেকে আগত অতিথি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ মনিরুজ্জামান।

প্রভাষক মামুন ও আলফাতকে জেলা গণসংহতির অভিনন্দন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ
প্রভাষক মামুন ও আলফাতকে জেলা গণসংহতির অভিনন্দন

গণসংহতি আন্দোলন (জিএসএ) এর জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় সাতক্ষীরার কৃতি সন্তান প্রভাষক মোঃ মামুনুর রহমান ও মোঃ আলফাত হোসেনকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছে গণসংহতি আন্দোলন, সাতক্ষীরা জেলা কমিটি। বিবৃতিদাতারা হলেন সাতক্ষীরা জেলা গণসংহতি আন্দোলনের যুগ্ম আহবায়ক প্রভাষক মোঃ মিজানুর রহমান, সদস্য সচিব রুবেল গাইন, যুগ্ম সদস্য সচিব সাংবাদিক রবিউল ইসলাম, সদস্য প্রভাষক শপ্না রানী সিংহ, শ্রী সুকুমার চক্রবর্তী, প্রভাষক গোলাম মোস্তফা, মাষ্টার ফলজুল হক, মাষ্টার আমিনউদ্দীন, সাংবাদিক আব্দুর রশীদ, মোঃ সুরাত আলী, নাসরিন নাজরানা বেবি, প্রভাষক যামিনী কুমার মন্ডল, জি,এম মাহফুজ, শ্রমিক নেতা আব্দুল্লাহ বিশ^াস, আশরাফ সরদার প্রমুখ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “গণসংহতি আন্দোলন (জিএসএ) গণমানুষের অধিকার আদায়ে দীর্ঘদিন লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে। সাতক্ষীরা দুই কৃতি সন্তান গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় সাতক্ষীরায় দলের কার্যক্রম আরো গতিশীল হবে। প্রভাষক মামুনুর রহমান ও আলফাত হোসেনের অগ্রযাত্রা সাতক্ষীরায় গণসহতি আন্দোলন এবং স্থানীয় রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ৮ ও ৯ মে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিতব্য গণসংহতি আন্দোলনের বিশেষ সাংসঠনিক সম্মেলনে দলীয় নেতাকর্মীদের অকুণ্ঠ সমর্থনে সাতক্ষীরা জেলা কমিটির আহবায়ক প্রভাষক মোঃ মামুনুর রহমান ও যুগ্ম আহবায়ক মোঃ আলফাত হোসেনকে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত করা হয়। উক্ত সম্মেলনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান কৃষকনেতা দেওয়ান আব্দুর রশীদ নিলু এবং নির্বাহী সমন্বয়কারী পদে পুনরায় নির্বাচিত হয়েছেন ডাঃ আবুল হাসান রুবেল। সম্মেলনে ২১ সদস্যের সম্পাদকমন্ডলী ও ২১৫ সদস্যের জাতীয় পরিষদ ঘোষণা করা হয়। প্রেসবিজ্ঞপ্তি