বেনাপোলে পরীক্ষার্থীকে মারপিট কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার
এম এ রহিম, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে এসএসসি পরীক্ষার্থীদের উত্ত্যাক্ত ও মারধরের ঘটনায় কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করেছে পোর্ট থানা পুলিশ। এ ঘটনায় আহত এক পরীক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (১৩ মে) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটকরা হলেন, ভবেরবেড় গ্রামের সাগর হোসেনের ছেলে তামিম (১৭), ইব্রাহিমের ছেলে শাওন (১৭), কাগমারী গ্রামের হারুনের ছেলে জুয়েল (১৫) এবং কাদেরের ছেলে ইফাদ হোসেন (১৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, বুধবার (১৩ মে) বিকেলে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা শেষে কয়েকজন শিক্ষার্থী পাশের বেনাপোল রেলস্টেশন ওভারব্রিজ এলাকায় ঘুরতে যায়। এ সময় স্থানীয় কয়েকজন কিশোর গ্যাং সদস্য তাদের উত্ত্যক্ত করে। একপর্যায়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পরীক্ষার্থী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরীক্ষা চলাকালীন সময়ে প্রশাসনের ভ্রম্যমান টিেেমর নজরদারী বাড়ানোর দাবী জানান পরীক্ষার্থীদের অভিভাবকেরা।









