কলারোয়ায় সমবায় সমিতির বিরুদ্ধে ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
সংবাদদাতা: কলারোয়ায় ‘বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড’-এর বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। বৃহস্পতিবার বিকেলে কলারোয়া বাজারে সমিতির কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, সমিতির ব্যবস্থাপক কামরুজ্জামান প্রায় পাঁচ হাজার গ্রাহকের আমানত নিয়ে আত্মগোপনে রয়েছেন। সঞ্চিত টাকা ফেরত না পেয়ে অনেক পরিবার বর্তমানে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে। মানবন্ধনে বক্তারা বলেন, চিকিৎসা, সন্তানদের পড়াশোনা ও ভবিষ্যতের কথা ভেবে তারা তিল তিল করে এই টাকা জমিয়েছিলেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে টাকা ফেরতের ব্যবস্থা না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।











