লিনেট ফাইন আর্টস একাডেমি ও আজমল স্মৃতি সংসদের আয়োজনে আজ পালিত হবে রবীন্দ্র জয়ন্তী
সুরে ও ছন্দে কবিপ্রণাম
নিজস্ব প্রতিনিধি: ‘ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর’Ñকবির এই চিরন্তন আহ্বানে আজ শুক্রবার (১৫ মে) সাতক্ষীরার নাজমুল সরণির ম্যানগ্রোভ সভাঘরে বসবে সুর ও বাণীর মেলা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মতিথি উপলক্ষে এক বর্ণাঢ্য রবীন্দ্র জয়ন্তীর আয়োজন করেছে লিনেট ফাইন আর্টস একাডেমি ও আজমল স্মৃতি সংসদ।
আজ শুক্রবার (১৫ মে) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের ‘ম্যানগ্রোভ সভাঘর’-এ এই নান্দনিক অনুষ্ঠানের সূচনা হবে। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের জীবন ও কর্মের ওপর আলোচনার পাশাপাশি থাকবে তাঁর কালজয়ী গান ও কবিতার বিশেষ পরিবেশনা।
আয়োজক সংগঠন আজমল স্মৃতি সংসদ সূত্রে জানা গেছে, এবারের আয়োজনটি সাজানো হয়েছে কবিগুরুর প্রকৃতির প্রতি গভীর অনুরাগকে কেন্দ্র করে। সাতক্ষীরার স্থানীয় শিল্পী ও সংস্কৃতিমনা মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
লিনেট ফাইন আর্টস একাডেমির পক্ষ থেকে আবু আফফান রোজবাবু জানান, নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক দর্শন পৌঁছে দেওয়াই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। অনুষ্ঠানে জেলার বিশিষ্ট সাহিত্যিক ও রবীন্দ্র-অনুরাগীরা উপস্থিত থাকবেন।
বৈশাখের এই শেষ প্রহরে রবির করের মতোই উজ্জ্বল হয়ে উঠুক কবির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসাÑএমন প্রত্যাশা নিয়েই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজকবৃন্দ সকল রবীন্দ্র-অনুরাগীকে এই বিশেষ দিনে সাদর আমন্ত্রণ জানিয়েছেন।









