সাতক্ষীরা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা
কেশবপুর (যশোর) প্রতিনিধি: পারিবারিক প্রয়োজনের কথা বলে ধার নেওয়া দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নূর আহম্মেদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন যশোর কেশবপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক (বিপুল)। বিজ্ঞ আদালত মামলাটি (নম্বর: সিআর ৩১৯/২৬) আমলে নিয়ে আসামি প্রকৌশলী নূর আহম্মেদের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন। মামলার আরজি সূত্রে জানা গেছে, ২০২৪ সালে বাদী শেখ এবাদত সিদ্দিক কেশবপুর পৌরসভার কাউন্সিলর থাকাকালীন আসামি নূর আহম্মেদ সেখানে প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। সেই সুবাদে উভয়ের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। এর জেরে ২০২৪ সালের ৭ জুলাই পারিবারিক সমস্যার কথা জানিয়ে সাবেক কাউন্সিলরের কাছ থেকে নগদ দুই লাখ টাকা ধার নেন ওই প্রকৌশলী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার কাউন্সিলরদের অপসারণ করলে শেখ এবাদত সিদ্দিক তাঁর পাওনা টাকা ফেরত চান। তখন প্রকৌশলী নূর আহম্মেদ তিন মাসের সময় নিলেও নির্ধারিত সময়ে টাকা ফেরত না দিয়ে নানা টালবাহানা শুরু করেন। সর্বশেষ গত ২ মে কেশবপুর পৌরসভার ফটকের সামনে নূর আহম্মেদের দেখা পেয়ে টাকা চাইলে তিনি তা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং পরবর্তীতে টাকা চাইলে খুন-জখমের হুমকি দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। প্রকৌশলী নূর আহম্মেদ বর্তমানে সাতক্ষীরা পৌরসভায় কর্মরত আছেন। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সাতক্ষীরা পৌরসভার প্রকৌশলী নূর আহম্মেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।











