পাটকেলঘাটায় ৩ দিনেও ১ কেজি ধান কিনতে পারেনি খাদ্য গুদাম
এম এম জামান মনি, পাটকেলঘাটা: তালা উপজেলার পাটকেলঘাটা খাদ্য গুদামে চলতি ইরি-বোরো মৌসুমে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান উদ্বোধনের পর তিন দিন পার হলেও এক কেজি ধানও কেনা সম্ভব হয়নি। প্রচারণার অভাব এবং অনলাইনের জটিলতার কারণে কৃষকেরা ধান বিক্রি করতে আসছেন না বলে জানা গেছে।
খাদ্য গুদাম সূত্র জানায়, চলতি অর্থবছরে উপজেলার ১২টি ইউনিয়নের প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরকারের নির্ধারিত বিধি মোতাবেক মোট ১ হাজার ৯৮৮ টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি মোটা ধানের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা।
খলিশখালী ইউনিয়নের কৃষক প্রলয় মন্ডল ও সাবেক ইউপি সদস্য পঙ্কজ কুমার জানান, সরকার যে গুদামে ধান কিনছে, তা এলাকার সাধারণ কৃষকেরা এখনো জানেনই না। প্রচারণার ঘাটতির কারণে অনেক কৃষক খোলা বাজারেই ধান বিক্রি করে দিচ্ছেন। স্বচ্ছতা বজায় রাখতে এবার অনলাইনের মাধ্যমে আবেদন বাধ্যতামূলক করা হয়েছে। তবে ২০ মে পর্যন্ত কৃষকেরা অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। আবেদন প্রক্রিয়া শেষ না হওয়ায় কৃষকেরা গুদামে ধান নিয়ে আসতে পারছেন না। খাদ্য গুদাম কর্তৃপক্ষ জানিয়েছে, লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকের কাছ থেকেই কেবল ধান কেনা হবে। তবে শর্ত হলো, ধান অবশ্যই সম্পূর্ণ শুকনা ও পরিষ্কার (চকচকে) হতে হবে।
পাটকেলঘাটা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, “গত ১৭ মে আনুষ্ঠানিকভাবে চাল ক্রয় কার্যক্রম উদ্বোধন করা হলেও ধানের ক্ষেত্রে প্রান্তিক কৃষকদের কাছ থেকে এখনো সাড়া পাওয়া যায়নি। ২০ মে পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হবে। আবেদন যাচাই-বাছাই শেষে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে দ্রুত ধান কেনা শুরু হবে।”












