বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

আড্ডা থেকে যেভাবে সিনেমার গান হয়ে এলো ‘এখানে কেউ নেই’

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
আড্ডা থেকে যেভাবে সিনেমার গান হয়ে এলো ‘এখানে কেউ নেই’

আড্ডা থেকেই শুরু, শেষ পর্যন্ত জায়গা করে নেয় সিনেমায়—এভাবেই তৈরি হয়েছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত চলচ্চিত্র বনলতা সেন-এর গান ‘এখানে কেউ নেই’। এমনটাই জানিয়েছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।

গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। রহস্যময় ভিজ্যুয়াল, আবহসংগীত এবং কাব্যিক উপস্থাপনায় গানটি দর্শকদের দৃষ্টি কাড়ছে।

বাপ্পা মজুমদার জানান, শুরুতে এই চলচ্চিত্রে কোনও গান রাখার পরিকল্পনা ছিল না। তবে এক রাতের আড্ডায় হঠাৎ করেই ‘এখানে কেউ নেই’ গানের ধারণা তৈরি হয় এবং ধীরে ধীরে সেটি পুরো সিনেমার অংশ হয়ে ওঠে।

তিনি বলেন, “আমাদের আড্ডার প্রায় পুরোটা জুড়েই থাকে গান, চলচ্চিত্র, সাহিত্য আর কবিতা। সেই আড্ডার মধ্যেই এই চলচ্চিত্রের ব্যাকগ্রাউন্ড স্কোর (BGM)-এর প্রস্তাব আসে, যা আমি সানন্দে গ্রহণ করি।

মজার বিষয় হলো, শুরুতে এই ছবিতে কোনও গান থাকারই কথা ছিল না। কিন্তু কোনও এক রাতের আড্ডায় হঠাৎ করেই ‘এখানে কেউ নেই’ গানটি চলচ্চিত্রটির অংশ হয়ে ওঠে। বিষয়টি এখনও আমাদের সবাইকে সময়ে সময়ে অবাক করে। এই অসাধারণ স্ক্রিপ্টের অংশ হতে পারার সুযোগ দেওয়ার জন্য নির্মাতা উজ্জ্বলের প্রতি আমি কৃতজ্ঞ।”

গানটির কথা লিখেছেন বাপ্পা মজুমদার ও শাহান কবন্ধ। একই সঙ্গে গানটির সুর, সংগীত আয়োজন এবং কণ্ঠ দিয়েছেন বাপ্পা নিজেই। তার কণ্ঠের আবেগময় উপস্থাপনা গানটিকে আরও গভীরতা দিয়েছে বলে মনে করছেন শ্রোতারা।

গানটি প্রকাশের পর ইউটিউব ও ফেসবুকে দর্শকদের মধ্যে মিশ্র আলোচনা তৈরি হয়েছে। অনেকেই বলছেন, সাম্প্রতিক সময়ে বাংলা চলচ্চিত্রের গানের মধ্যে এটি অন্যতম ভিন্নধর্মী ও রহস্যময় উপস্থাপনা।

চলচ্চিত্রটির ভিজ্যুয়াল নির্মাণও দর্শকদের নজর কেড়েছে। আলো-ছায়ার ব্যবহার, প্রতীকধর্মী দৃশ্য এবং চরিত্রগুলোর অভিব্যক্তিতে তৈরি হয়েছে এক ধরনের কাব্যিক ও রহস্যময় আবহ।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, বনলতা সেন শুধু প্রেমের গল্প নয়; এতে রয়েছে নিঃসঙ্গতা, স্মৃতি এবং সম্পর্কের টানাপোড়েনের ভেতরকার গল্প। সেই আবহেরই প্রথম ইঙ্গিত মিলেছে এই গানে।

এর আগে পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছিল। এবার গান প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়েছে। অনেকেই মনে করছেন, আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া বনলতা সেন হতে পারে বছরের অন্যতম আলোচিত চলচ্চিত্র।

সব কিছু ঠিক থাকলে ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বনলতা সেন।

Ads small one

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় দশ লক্ষ টাকার মালামাল জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় দশ লক্ষ টাকার মালামাল জব্দ

পত্রদূত ডেস্ক: বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ ঘোনা, কুশখালি, কালিয়ানী বিওপি ও বাঁকাল চেকপোষ্ট এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, উইনসেরেক্স কাশির সিরাপ এবং ইয়াবা আটক করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, ঘোনা বিওপির আভিযানে সাতক্ষীরা সদরের দাঁতভাঙ্গা হতে ৫ লাখ ৮৬ হাজার ৫০০ টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক করে। কুশখালি বিওপির আভিযানে মক্তোব মোড় হতে ১ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। কালিয়ানী বিওপির আভিযানে এই এলাকাহতে ৮ হাজার টাকার ভারতীয় উইনসেরেক্স কাশির সিরাপ আটক করে।

এছাড়াও, বাঁকাল চেকপোষ্ট এর আভিযানে বাঁশতলা হতে ২ লাখ ১৬ হাজার টাকার মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ৯ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।
বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়।

 

এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

দেবহাটা থানা পুলিশে অভিযানে ধর্ষণ মামলার ১জন আসামী গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
দেবহাটা থানা পুলিশে অভিযানে ধর্ষণ মামলার ১জন আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণ মামলার ১জন আসামী গ্রেফতার হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, (৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার অনুমানিক সকাল ১০ টায় দেবহাটা থানার এসআই আল-আমিন সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে দেবহাটা থানাধীন পলগাদা এলাকা হতে ধর্ষণ মামলা আসামী হাড়দ্দা গ্রামের নূর ইসলামের ছেলে সজিব হোসেন গ্রেপ্তার করেন।

এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীকে ৩ সেপ্টেম্বর যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

শ্যামনগর থানার সামনে জেলা পরিষদের বেদখল হওয়া জমি উদ্ধার করলেন প্রশাসক হাবিব

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
শ্যামনগর থানার সামনে জেলা পরিষদের বেদখল হওয়া জমি উদ্ধার করলেন প্রশাসক হাবিব

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরে শ্যামনগর থানার সামনে জেলা পরিষদের অবৈধভাবে দখল হওয়া জমি উদ্ধার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিন পরিদর্শনে গিয়ে নির্মাণাধীন অবৈধ স্থাপনার কাজ বন্ধ করে জায়গাটি দখলমুক্ত করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। দুপুর ২টায় শ্যামনগর থানা গেটের সামনে পরিচালিত এ উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান। এ সময় জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব জেলা পরিষদের মালিকানাধীন বিভিন্ন স্থাপনা ও সম্পত্তি পরিদর্শন করেন।

পরে তিনি শ্যামনগরের নীলডুমুর ডাকবাংলো, চন্ডিপুর ২২ বিঘা পুকুর, আকাশনীলা ইকোপার্কসহ উপজেলার বিভিন্ন স্থানে জেলা পরিষদের সম্পত্তির অবস্থা সরেজমিনে দেখেন। এসব সম্পত্তি কীভাবে অবৈধ দখলমুক্ত করে সঠিকভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে উপজেলা প্রশাসন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বলেন, “শ্যামনগর উপজেলায় জেলা পরিষদের যেসব সম্পত্তি বিভিন্ন সময়ে দখল হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে উদ্ধার করে সরকারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। এসব সম্পত্তি আইন অনুযায়ী সঠিকভাবে ব্যবহার করা গেলে সরকারের রাজস্ব বৃদ্ধি ও উন্নয়ন কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উদ্ধার অভিযান ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশেক এলাহী মুন্না, জেলা পরিষদের সার্ভেয়ার আল-আমিন, শ্যামনগর থানার ওসি, সাংবাদিক মারুফ হুসাইন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।