বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী প্রয়োজন: কলারোয়ায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ১:২৩ অপরাহ্ণ
ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী প্রয়োজন: কলারোয়ায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা
সংবাদদাতা: পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তুলতে এখন থেকেই সবাইকে গাছ লাগানোর আন্দোলনে সম্পৃক্ত হতে হবে।
ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের উদ্যোগে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার সকালে উপজেলা ব্যাপী ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফুজ্জামান মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক ও ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের ট্রাস্টি আলমগীর কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটির ভিসি ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া পৌরসভার সাবেক মেয়র ও সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুল ইসলাম, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সিজিএম আসাদুজ্জামান মিলন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ ফারুক হোসেন, সাবেক ছাত্রনেতা আতিকুজ্জামান রিপন, মিডিয়া ব‍্যক্তিত্ব তানজিদ আহমেদ শাওন,  বিআরডিবি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ‍্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার নিত‍্যনান্দ পাল, আইনজীবী শিহাব মাসুদ সাচ্চু, শিক্ষক শাহাজাহান আলী শাহীন, যুবনেতা আব্দুল মজিদ, মোস্তাফিজুর রহমান মোস্তাক, বাবলু, রিগ‍্যান, রাজস্ব কর্মকর্তা আশরাফুজ্জামান বিগ‍্যান ও ডাক্তার হাবিবুর রহমান হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে নর্দান ইউনিভার্সিটির ভিসি ড. মিজানুর রহমান বলেন, আজ যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হলো এর সুফল সুদূরপ্রসারী। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে। শুধু সরকার নয়, সমাজের প্রতিটি মানুষকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। বর্তমান সময়ে তাপমাত্রা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ ও বায়ুদূষণ আমাদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং মানবজীবনকে নিরাপদ রাখে।
কলারোয়া পৌরসভার সাবেক মেয়র ও সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুল ইসলাম বলেন, “বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম। তাই পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। শুধু আনুষ্ঠানিকভাবে গাছ লাগালেই হবে না, সেগুলো পরিচর্যার দায়িত্বও নিতে হবে। প্রতিটি পরিবার যদি বছরে অন্তত কয়েকটি গাছ লাগায়, তাহলে পরিবেশের বড় পরিবর্তন সম্ভব। তরুণ সমাজকে পরিবেশ রক্ষার আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। আমাদের সন্তানদের সুস্থ ভবিষ্যতের জন্য আজ থেকেই কার্যকর উদ্যোগ নিতে হবে।
ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফুজ্জামান মামুন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতিতে জনসচেতনতা সৃষ্টি ও পরিবেশ রক্ষায় সামাজিক উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সংগঠন শুধু বৃক্ষরোপণ করে না,  জলবায়ু ন্যায্যতা ও পরিবেশ সচেতনতা নিয়ে কাজ করছে। আজকের এই কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় ৫ হাজার গাছের চারা রোপণ করা হবে। আমরা চাই নতুন প্রজন্ম পরিবেশবান্ধব চিন্তাধারা নিয়ে বড় হোক এবং প্রকৃতি রক্ষায় এগিয়ে আসুক।
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম বলেন, কৃষি ও পরিবেশ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। গাছপালা কমে যাওয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং কৃষি উৎপাদনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলদ, বনজ ও ঔষধি গাছ বেশি করে লাগাতে হবে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি করবে। গাছ মানুষের বন্ধু, এটি মাটি রক্ষা করে, বৃষ্টিপাত বাড়াতে সহায়তা করে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখে। পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে।
আল আরাফাহ ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সিজিএম আসাদুজ্জামান মিলন বলেন, পরিবেশ রক্ষা এখন শুধু সামাজিক দায়বদ্ধতা নয়, এটি মানবতার জন্য অপরিহার্য দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী আজ নানা সংকটের মুখোমুখি। তাই বৃক্ষরোপণের মতো ইতিবাচক উদ্যোগকে আরও বিস্তৃত করতে হবে। করপোরেট প্রতিষ্ঠানগুলোকেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণমূলক কর্মকাণ্ডে অংশ নিতে হবে। তরুণদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি করা গেলে আগামী দিনে একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। আজকের এই আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

Ads small one

রোববার সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১০:২১ অপরাহ্ণ
রোববার সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

তালা প্রতিনিধি: আগামী ৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো সফরসূচি অনুযায়ী, এদিন তিনি তালা উপজেলার ইসলামকাটিতে অবস্থিত মিনি স্টেডিয়াম পরিদর্শন, পাটকেলঘাটা বলফিল্ড মাঠে পথসভায় যোগদান এবং সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় ঢাকার পল্লবীতে নিজ বাসভবন থেকে সড়কপথে সাতক্ষীরার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রতিমন্ত্রী। দুপুর ২টায় তিনি তালার ইসলামকাটিতে অবস্থিত মিনি স্টেডিয়াম পরিদর্শন করবেন। একই সময়ে পাটকেলঘাটা বলফিল্ড মাঠে অনুষ্ঠিত পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

বেলা ৩টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী। সন্ধ্যা ৬টায় সাতক্ষীরা ত্যাগ করে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। রাত সাড়ে ১১টায় ঢাকার পল্লবীতে নিজ বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে।

প্রতিমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও সিনিয়র সহকারী সচিব মো. তাছবীর হোসেন স্বাক্ষরিত মন্ত্রণালয়ের পাঠানো নথিতে উল্লেখ করা হয়েছে, এটি একটি সরকারি সফর। জনসংযোগ কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাসহ দাপ্তরিক কর্মকর্তা-কর্মচারীরা সড়কপথে তাঁর সফরসঙ্গী হবেন।

এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের তালায় সফরকে সফল করতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। তিনি প্রতিমন্ত্রীর সফর উপলক্ষে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি সর্বাত্মক সহযোগিতা এবং উপস্থিতির আহ্বান জানান।

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, ডা. আবুল কালাম বাবলা, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান, সাংবাদিক মনিরুল ইসলাম মিনিসহ সংস্থার অন্যান্য সদস্য ও স্থানীয় ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ।

 

সভায় জেলা প্রশাসক কাপের ফাইনাল ম্যাচটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন করতে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ বলেন, জেলা প্রশাসক কাপ সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের একটি অন্যতম বড় উৎসব। আমরা অত্যন্ত সুশৃঙ্খল ও জাঁকজমকপূর্ণভাবে ফাইনাল খেলাটি আয়োজন করতে চাই।

 

এজন্য প্রশাসন, ক্রীড়া সংস্থা এবং ক্রীড়ামোদী জনতাসহ সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। আশা করি, সবার প্রচেষ্টায় আমরা একটি সফল টুর্নামেন্ট উপহার দিতে পারব। এছাড়া সাতক্ষীরার ক্রীড়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে এই টুর্নামেন্ট বড় ভূমিকা রাখছে। খেলা দেখতে আসা দর্শক এবং আমন্ত্রিত অতিথিদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া।

 

স্টেডিয়াম ও আশপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা বলয় তৈরি করা যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সভায় উপস্থিত অন্যান্য বক্তারা টুর্নামেন্টের প্রচার-প্রসার এবং জেলার ক্রীড়া মান উন্নয়নে বিভিন্ন গঠনমূলক পরামর্শ তুলে ধরেন।

 

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

পত্রদূত ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির পাঠ কক্ষে জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় প্রস্তুতি সভায় ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রউফ, সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সদস্য হাবিবুর রহমান হাবিব, তাজকিন আহমেদ চিশতী, শেখ মাসুম বিল্লাহ শাহিন, শাহ মো. কামরুজ্জামান কামু, অ্যাডভোকেট নুরুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি মো. আব্দুস সামাদ প্রমুখ।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা বিএনপির প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সফিকুল আলম বাবু, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, আলিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. রেজাউল ইসলাম, জেলা তাঁতী দলের সভাপতি হাসান শাহরিয়ার রিপন, সুমন রহমানসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।