স্ট্রোক করে হাসপাতালে ভর্তি জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মিলন
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মঞ্জরুল মোর্শেদ মিলন স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি দেবহাটার পুষ্পকাটি গ্রামের মৃত আলম শেখের বড় ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে তাঁকে তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার দুপুরে হাসপাতালের মেডিসিন বিভাগের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, মঞ্জরুল মোর্শেদের শারীরিক অবস্থার আশঙ্কাজনক পর্যায় কেটে গেছে। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর রক্তে ডায়াবেটিস ধরা পড়লেও বর্তমানে হার্টের অবস্থা ভালো আছে। আগামী এক-দুই দিনের মধ্যে তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা যাচ্ছে।
এদিকে আজ দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন এই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডা. অহিদুজ্জামান, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন, আশাশুনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পলাশ আরাফাত, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহম্মাদ আলী এবং জেলা তরুণ দলের সাবেক সাধারণ সম্পাদক তাসকিন আহমেদ শাওনসহ স্থানীয় নেতা-কর্মীরা।









