২৫ বছর আগে মৃত বোনকে ‘জীবিত’ দেখিয়ে জমি নামজারি
পত্রদূত ডেস্ক: ২৫ বছর আগে মারা যাওয়া আপন বোনকে জীবিত ও প্রবাসী সাজিয়ে জমি মিউটেশন (নামজারি) করার এক অভিনব জালিয়াতির অভিযোগ উঠেছে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধনের তথ্য গোপন করে সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিস থেকে এই নামজারি করা হয়েছে।
শহরের সুলতানপুর এলাকার বাসিন্দা শেখ সাইদুর রহমান নামের এক ব্যক্তি এই জালিয়াতির প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেনÑবাদীর আপন বোন শাহীন আরা আক্তার, ভগ্নিপতি সৈয়দ শওকত আলী ওরফে মিঠু (সামেকের সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা), ২৫ বছর আগে মৃত বোনের স্বামী মাজেদ সর্দার এবং ২১ জুলাই ২০২৫ তারিখে দায়িত্বে থাকা পৌর ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) বাসারাত হোসেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সুলতানপুর মৌজার ডিপি খতিয়ান নং-৩০১, জেএল-১০০ এর মূল মালিক ছিলেন মৃত শেখ লতিফার রহমান। তাঁর মৃত্যুর পর ওয়ারিশ হিসেবে ছেলে সাইদুর রহমানসহ অন্য অংশীদারেরা জমি ভোগদখলে আছেন। যার খতিযান নং ২৫/২৫৪ (তারিখ: ২৪-০৭-২০২৫।
লিখিত অভিযোগে সাইদুর রহমান উল্লেখ করেন, তাঁর আপন বোন সুলতানা বেগম ২০০১ সালের রমজান মাসে ক্যানসারে আক্রান্ত হয়ে বাবার বাড়িতে মারা যান। কিন্তু অভিযুক্ত ব্যক্তিরা পরস্পর যোগসাজশে ২৫/২৫৩ নম্বর খতিয়ানের (তারিখ: ১৮-০৭-২০২৫) অনলাইন ডিসিআর নং-২৫৮৭৮২১০০০১৭১২) এর ৬ নম্বর ক্রমিকে ২৫ বছর আগে মারা যাওয়া ওই বোনের প্রকৃত ওয়ারিশদের বঞ্চিত করেছেন। একই সঙ্গে ১ থেকে ৫ নম্বর ক্রমিকে উল্লেখিত সব ওয়ারিশের ছবি গোপন করে প্রতারণার আশ্রয় নিয়েছেন।
ভুক্তভোগী সাইদুর রহমান জানান, গত বছরের ২১ জুলাই ২০২৫ তারিখে পৌর ভূমি অফিসে গিয়ে বিষয়টি তৎকালীন ভূমি সহকারী কর্মকর্তা বাসারাত হোসেনকে জানানো হয়। তখন তিনি নিজের দায় এড়িয়ে সাইদুর রহমানকে বলেন, শাহিন আরা আক্তার ও সৈয়দ শওকত আলী একসঙ্গে ভূমি অফিসে এসে এই নামজারি করে নিয়ে গেছেন। যা ভূমি আইনের ২০২৩ সালের ৪ ও ৫ ধারা মোতাবেক একটি ফৌজদারি অপরাধ। বিষয়টি জানার পর সাইদুর রহমান তার সেজো ভাই মোমিনুর রহমান, মেজো ভাইয়ের পুত্র বখতিয়ার রহমানসহ সকলকে অবহিত করেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় বিভিন্নভাবে হেনস্তা হচ্ছেন বলে জানান সাইদুর রহমান। অপরাধের বিষয়টি বিবেচনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাইদুর রহমান ও তার পরিবার।









