শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্রহায়নের বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ
অগ্রহায়নের বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ও বিভিন্ন গ্রামীণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের পরিবার। পাশাপাশি মাঠে থাকা আমন ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

বিশেষ করে ধান পাকার মৌসুমে টানা বৃষ্টিতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। জমিতে পানি জমে থাকায় ধানগাছ হেলে পড়া, পাকা ধানে পচন ধরা এবং কাটা ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

কুশোডাঙ্গা গ্রামের কৃষক আলমগীর হোসেন জানান, সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের পেছনে অনেক টাকা ব্যয় করে আমন ধানের আবাদ করেছেন। এখন ধান ঘরে তোলার সময় বৃষ্টিতে জমিতে পানি জমেছে। এতে উৎপাদন খরচ তুলে আনা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে।

কামারালী গ্রামের কৃষক হযরত আলী বলেন, ধান পাকার সময় এমন বৃষ্টি কৃষকদের জন্য বড় বিপদ। জমিতে পানি জমে থাকায় ধান কাটা ও পরিচর্যার কাজ ব্যাহত হচ্ছে। দ্রুত পানি না নামলে ফলন কমে যাওয়ার পাশাপাশি কাটা ধানও নষ্ট হতে পারে।

এদিকে বৃষ্টির কারণে দিনমজুর ও শ্রমজীবী মানুষের আয়-রোজগার কমে গেছে। কাঁচা রাস্তা ও চলাচলের পথ কর্দমাক্ত হয়ে পড়ায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে।

কলারোয়া বাজারের ভ্যানচালক ফারুক হোসেন বলেন, প্রতিদিন ভ্যান চালিয়ে ৪০০ থেকে ৫০০ টাকা আয় করলেও গত দুই দিনের বৃষ্টিতে ২০০ টাকাও উপার্জন করতে পারেননি। এ অবস্থা আরও কয়েক দিন চললে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।

উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম শুক্রবার সাংবাদিকদের জানান, বৃষ্টিতে আমন ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। যেসব জমিতে পানি জমেছে, সেখান থেকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ধানগাছের অবস্থা পর্যবেক্ষণ এবং রোগবালাই দেখা দিলে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। দ্রুত পানি নিষ্কাশন করা না গেলে কৃষিতে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

Ads small one

মায়ের প্রেমিকের হাতে তরুণ খুন, চার দিন আটকে রাখা হয় মাকে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
মায়ের প্রেমিকের হাতে তরুণ খুন, চার দিন আটকে রাখা হয় মাকে

বেঙ্গালুরুতে মায়ের প্রেমিকের হাতে ১৮ বছর বয়সী এক তরুণ হাতুড়ি ও ছুরির আঘাতে খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, অভিযুক্ত ওই নারীকে ভাড়া করা অ্যাপার্টমেন্টের একটি ঘরে চার দিন আটকে রাখেন। তাকেও খুনের চেষ্টা করেছেন বলে অভিযোগ।

ঘটনাটি ১৬ নভেম্বর রাতে পদ্মনাভনগরের রাঘবেন্দ্র লেআউটের এসআরআরকে তুলসী অ্যাপার্টমেন্টে ঘটে। বাড়িওয়ালা জানান, ২০২৪ সালের অক্টোবর থেকে সেখানে থাকা ওই দম্পতির ঝগড়া নিয়ে গত ছয় মাসে প্রতিবেশীরা বারবার অভিযোগ করেছেন। ১৬ নভেম্বর রাতেও একই অভিযোগে ফোন পান তিনি। এক ঘণ্টা পর নিরাপত্তারক্ষী জানান, বাড়ি নীরব।

১৯ নভেম্বর সাড়া না পেয়ে বাড়িওয়ালা নারীর এক বন্ধুকে ফোন করেন। দুজন পুলিশের কাছে যান। রাত ১১টায় তালা-মিস্ত্রি ডেকে দরজা ভাঙলে মেঝে ও দেয়ালে রক্তের দাগ দেখা যায়। তালাবদ্ধ ঘর থেকে সীমা দাসের চিৎকার শোনা যায়। উদ্ধারের পর তিনি জানান, তার সঙ্গী সুদীপ তাকে ও ছেলে সোহম দাসকে ছুরি ও হাতুড়ি দিয়ে আক্রমণ করেছেন। বাথরুমে সোহমের লাশ পাওয়া যায়।

সীমার অভিযোগ, ১৬ নভেম্বর রাত ৯টা থেকে ১১টার মধ্যে সুদীপ এই হামলা চালান। বানাশংকরী থানা মামলা নিয়েছে।

সূত্র: এনডিটিভি

অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে

অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বর্তমা‌নে তা‌কে রাজধানীর মিন্টু‌ রো‌ডের ডি‌বি কার্যাল‌য়ে রাখা হ‌য়ে‌ছে।

এর আগে বৃহস্পতিবার (১৯ ন‌ভেম্বর) রাত সাড়ে ১০টার পর রাজধানীর আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে তাকে আটক ক‌রে ডি‌বি পু‌লিশ।

ডিএম‌পির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন। ত‌বে কেন তমাল‌কে হেফাজতে নেওয়া হ‌লো, সে বিষয়ে কিছু জানান‌নি তিনি।

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

এ নিয়ে ৬ নভেম্বর থেকে টানা আট দফায় স্বর্ণের দাম কমাল বাজুস। এই সময়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে মোট ২৮ হাজার ৫১৮ টাকা।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের তথ্য জানানো হয়। সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।

বাজুসের মূল্য সমন্বয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে কয়েক দফায় স্বর্ণের দাম কমানো হয়েছে। এর মধ্যে ১৩ নভেম্বর ভরিতে ২ হাজার ১৫৮ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা এবং ১৯ নভেম্বর ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়। সর্বশেষ শুক্রবার কমানো হলো ১০ হাজার ৯৬৪ টাকা।

এর আগে ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ১১ নভেম্বর আরও ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছিল বাজুস। এ ছাড়া ১২ নভেম্বর কমানো হয় ২ হাজার ২১৬ টাকা।

সব মিলিয়ে আট দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ২৮ হাজার ৫১৮ টাকা।