আল-হিকমাহ মডেল মাদ্রাসায় পুরস্কার বিতরণ
সংবাদদাতা: আল-হিকমাহ মডেল মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের পড়াশোনায় আরও মনোযোগী ও উৎসাহিত করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জিয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য আলমগীর হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে গোলাম আজম ও মাওলানা শামিম হোসেনসহ মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরীক্ষায় ভালো ফলাফল শিক্ষার্থীদের পরিশ্রমের স্বীকৃতি। তবে শুধু ভালো ফলাফলই নয়, একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য নির্ভর করে তার জ্ঞান, শৃঙ্খলা, সততা, দায়িত্ববোধ ও উত্তম চরিত্রের ওপর। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ অর্জনের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের প্রতি সম্মান, বাবা-মায়ের প্রতি দায়িত্বশীলতা এবং ভালো চরিত্র গঠনের ওপর গুরুত্ব দেন। তিনি কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং অন্যদেরও আরও ভালো করার জন্য চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
পরে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক গোলাম আজম।









