ন্যাশনাল ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও বিএনপির এক স্থানীয় নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান নিয়ে পালিয়ে গেছেন চালক।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ পৌরসভার তুমলিয়া এলাকায় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান এবং পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। তিনি তুমলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, রাতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল টহল ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালন করছিল। মহাসড়কের পাশে গাড়ি থামিয়ে সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদের সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাঁদের ধাক্কা দেয়। এতে চারজন গুরুতর আহত হন।
পুলিশের দাবি, ধাক্কার পর এসআই মিজানুর রহমান কাভার্ডভ্যানের সঙ্গে আটকে গেলে চালক তাঁকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে সড়কের পাশে ফেলে পালিয়ে যান।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত এসআই মিজানুর রহমান ও পিএসআই জাবেদ ওমরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার সকালে মিজানুর রহমানের মৃত্যু হয়। জাবেদ ওমর চিকিৎসাধীন রয়েছেন। আহত কনস্টেবল ফজলে রাব্বিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মাদক-সংশ্লিষ্ট ঘটনায় স্থানীয় কয়েকজনকে আটকের খবর পেয়ে বিএনপি নেতা রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়েছিলেন। ঘটনার পর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে তাৎক্ষণিকভাবে কাভার্ডভ্যান ও চালকের পরিচয় জানা যায়নি।